
চাঁদপুরের কচুয়া উপজেলায় আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় আকতার হোসেন নামের এক কর্মচারী মারা গেছেন। আজ বুধবার (১৮ মার্চ) ভোরে উপজেলার জগতপুর বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুনে ২৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানমালিকেরা।
জানা গেছে, আগুনে ইউসুফ আলীর সেনেটারি দোকান, নুর মোহাম্মদের ফানির্চারের দুটি দোকান, জুয়েল রানার অটোরিকশা পার্টসের দোকান পুড়েছে। আগুনে মারা যাওয়া আকতার হোসেন শাহ আলমের সিএনজিচালিত অটোরিকশা গ্যারেজের কর্মচারী। ঘটনার সময় জুয়েলের অটোরিকশা পার্টসের দোকানে থাকায় পুড়ে মারা গেছেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ ভোরে বাজারের জুয়েল রানার অটোরিকশা পার্টসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়। পরে শাহরাস্তি ফায়ার সার্ভিসের ইউনিটকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। শাহ আলমের গ্যারেজের কর্মচারী আকতার হোসেন জুয়েলের অটোপার্টসের দোকানে রাতে ছিলেন। আগুন লাগার পর দোকানের বাইরে থেকে তালা মারার কারণে বের হতে না পেরে পুড়ে মারা যান তিনি। এ ঘটনায় জুয়েলকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য কচুয়া থানায় নিয়ে গেছে পুলিশ।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাঁদের দোকানের মালামাল ও নগদ টাকা পুড়ে যাওয়ায় প্রায় ২৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাঁরা এখন নিঃস্ব হয়ে পড়েছেন।
শাহরাস্তি ফায়ার স্টেশন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের পর সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে আকতার নামের একজন নিহত হওয়ার ঘটনায় অটোরিকশা পার্টসের দোকানের মালিক জুয়েল রানাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে