
চাঁদপুরের হাজীগঞ্জে পানি সেচের শ্যালো ইঞ্জিন দিয়ে স্থানীয়ভাবে তৈরি মুরগি বহনকারী ট্রলির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. কিবরিয়া (৩০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় নারীসহ আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বাকিলা এলাকায় ইউপি সদস্য জাফরের বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কিবরিয়া শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইউনিয়নের রায়শ্রী গ্রামের নুরু মিয়ার ছেলে। আহত নারী রিনা বেগম (২৫) একই উপজেলার পিপলকরা এলাকার আবু সুফিয়ানের স্ত্রী। রিনাসহ অপর যাত্রীরা হাজীগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশায় চাঁদপুর শহরে যাচ্ছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী আহত রিনা বেগম বলেন, ‘আমাদের বহনকারী অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা মুরগির ট্রলি সজোরে ধাক্কা মারে। এতে যাত্রীরা সিএনজি থেকে ছিটকে দুই দিকে পড়ে যাই। এর মধ্যে কিবরিয়া নামের একজন সড়কের ওপরে পড়েছেন। ট্রলির সঙ্গে মারাত্মক সংঘর্ষের কারণে তাঁর শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়।’
স্থানীয় সাবেক ইউপি সদস্য ফারুক হোসেন বলেন, ‘ঘটনার পরপরই আমরা ছুটে এসে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই; তবে তাৎক্ষণিক তাঁদের পরিচয় জানা সম্ভব হয়নি। আহত ব্যক্তিদের মধ্যে সিএনজিচালিত অটোরিকশাচালক রয়েছেন। ট্রলি ও অটোরিকশা আটকে রেখে পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে।’
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জব্বার বলেন, ঘটনাস্থল থেকে অটোরিকশা, ট্রলি ও মৃত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (শুক্রবার) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে