
ভোলার দৌলতখানে সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিলের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। হামলায় ইব্রাহিম খলিলসহ ১৫ সহযোগী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে আটজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় তাঁর বহরে থাকা চারটি মোটরসাইকেল ও চারটি মোবাইল সেট ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেন সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিল।
আজ মঙ্গলবার দুপুরে দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের চরশুভী মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। এ সময় তিনি বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।
এ বি এম ইব্রাহিম খলিল জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার প্রচারণার জন্য দৌলতখানে যান। এ সময় তাঁর সহকারী ও পরিবারের কয়েজন সদস্য সঙ্গে ছিলেন। বেলা দেড়টার দিকে সৈয়দপুর ইউনিয়নের চরশুভী মাদ্রাসার সামনে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় লাঠিসোঁটা হাতে একদল লোক তাঁর ওপর হামলা চালায় এবং গাড়ি ভাঙচুর করে।
সোহেল, শাওন ও কুদ্দুস নামের কয়েকজনের নেতৃত্বে স্থানীয় ছাত্রদল-যুবদল কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন ইব্রাহিম খলিল। এ সময় তাঁর সঙ্গীদের চারটি মোটরসাইকেল ও চারটি মোবাইল সেট ছিনিয়ে নেয়। হামলায় তিনিসহ ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের নিয়ে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে জেলা সদরের হাসপাতালে এসে চিকিৎসা নেন। বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন উল্লেখ করে মামলা করা হবে বলে জানান।
হাসপাতালে মো. ফারুক, পার্থিব, আল আমিন, খোকন, রায়হান, রুবেল, সোহাগ ও আক্তার নামের আটজন চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া ভোলা হাসপাতালের সামনে রাখা ইব্রাহিম খলিলের ব্যক্তিগত গাড়িতে দুটি আঘাতের চিহ্ন দেখা গেছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান আজকের পত্রিকাকে জানান, দুই পক্ষের মধ্যে হাতাহাতির খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। তবে কেউ থানায় অভিযোগ করেননি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি মোটরসাইকেল উদ্ধার করেছে।
ইব্রাহিম খলিলের ওপর হামলার বিষয়ে দৌলতখান উপজেলা যুবদলের সদস্যসচিব আবু হেনা রিয়াজ জানান, সোহেল, শাওন ও কুদ্দুস নামের কেউ ছাত্রদল-যুবদল করেন না। তিনি শুনেছেন, আওয়ামী লীগের কিছু লোকজন জড়ো হলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া দিয়েছে।
উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. সোহান হাওলাদার হামলার সঙ্গে ছাত্রদলের কেউ জড়িত নয় বলে জানিয়েছেন। তিনি শুনেছেন, আওয়ামী লীগের স্লোগান দিলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করেন।
দৌলতখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু বলেন, বিএনপির কোনো নেতা-কর্মী অ্যাডভোকেট ইব্রাহিম খলিলের ওপর হামলা করেনি। এলাকার কিছু লোকজন এ হামলা চালিয়েছে।
ইব্রাহিম খলিল ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহগণমাধ্যম সম্পাদক।
ইব্রাহিম খলিল আজকের পত্রিকা'কে জানান, তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসন থেকে বিএনপির একজন মনোনয়নপ্রত্যাশী।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৩ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে