
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল রোববার (২৫ জানুয়ারি) রাতে বোরহানগঞ্জ বাজারে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা আকবর হাওলাদার অভিযোগ তুলে বলেন, পক্ষিয়া ইউনিয়নের দলীয় কার্যালয়ে বিএনপির নেতা-কর্মীরা অবস্থান করছিলেন। এ সময় ওই ইউনিয়নের জামায়াত একটি মিছিল বের করে। মিছিলকারীরা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাকিল হাওলাদারকে তুলে নিয়ে মারধর করেন। খবর পেয়ে বিএনপির অন্তর মাতব্বর, লিমন মাতব্বর, রাজু উদ্ধার করতে গেলে তাঁরাও হামলার শিকার হন।
আকবর হাওলাদার আরও বলেন, পরে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির সেলিম ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাতব্বর ঘটনাস্থলে গেলে তাঁদেরও লাঞ্ছিত করা হয়। বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাতব্বরসহ ছয়জন আহত হন। আহত ব্যক্তিরা বর্তমানে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
অন্যদিকে, বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাকসুদুর রহমান বলেন, গতকাল মাগরিবের নামাজের পর বোরহানগঞ্জ বাজারের দলীয় কার্যালয় থেকে জামায়াত একটি মিছিল বের করে। এ সময় বিএনপির কর্মীরা হামলা চালালে জামায়াতের কয়েকজন কর্মী আহত হন। পরে নুরুল ইসলাম মাস্টার নামের একজন জামায়াতকর্মী বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়।
বোরহানউদ্দিন থানার ওসি মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে