
দেড় বছর পর রাজনৈতিক অভিভাবক পেল বরিশাল নগরবাসী। আজ সোমবার বেলা ১টায় নগর অডিটরিয়ামে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নবনিযুক্ত প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন দায়িত্ব নেন। বিদায়ী প্রশাসক বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এর আগে দুপুর ১২টার দিকে নগর অডিটরিয়ামসংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে এক সুধী সমাবেশে বিসিসি প্রশাসক বিলকিস জাহান শিরীনকে বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ বরণ করেন নেন। সমাবেশের আয়োজক বিসিসি হলেও মঞ্চে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী অবস্থান নেন। ফলে এটি অনেকটা দলীয় কর্মসূচিতে পরিণত হয়।
সমাবেশে বিসিসি প্রশাসক শিরীন বলেন, ‘আমি রাজপথে রাজনীতি করে মানুষের জন্য কাজ করেছি। শাসক হতে চাই না, মানুষের সেবক হতে চাই।’ তিনি আরও বলেন, ‘বরিশালকে সুন্দর ও নিরাপদ শহর, পরিষ্কার শহর এবং দুর্নীতিমুক্ত নগর ভবন গড়ে তোলা আমার অঙ্গীকার। আবেগের জায়গা থেকে নেতা-কর্মীরা পাশে এসেছে। তাদের নিয়েই কাজ করতে চাই।’
বিসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিয়েছেন। এই মহতী উদ্যোগ দিয়েই কাজ শুরু করতে চাই। এ জন্য সাংবাদিকদের কাছে সহযোগিতা চাই। আমাদের অসৎ বিষয় তুলে ধরবেন, কিন্তু ভুল তথ্য দিবেন না।’
সুধী সমাবেশে সভাপতিত্ব করেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবায়দুল হক চান, মেজবাউদ্দিন ফরহাদ, নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহিন প্রমুখ।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে গত শনিবার বিলকিস আক্তার জাহান শিরীন বিসিসির প্রশাসক নিযুক্ত হয়েছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ)। গতকাল রোববার গভীর রাতে ঢাকা থেকে বিলকিস আক্তার জাহান শিরীন নগরীতে পৌঁছান। এ সময় নগরীর প্রবেশমুখ ঢাকা-বরিশাল মহাসড়কের গড়িয়ারপাড় মোড় থেকে বিভিন্ন পয়েন্টে দলের নেতা-কর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসের দায়িত্ব গ্রহণ
অপর দিকে বরিশাল জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন আকন কুদ্দুসুর রহমান। তিনি জানান, প্রধানমন্ত্রী তাঁকে যে দায়িত্ব দিয়েছেন, তা পালন করতে সচেষ্ট থাকবেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে