
বরিশালের মেঘনা নদীঘেরা মেহেন্দীগঞ্জ পৌর এলাকার গুরুত্বপূর্ণ ছয়টি সড়ক সংস্কারের জন্য টেন্ডার (দরপত্র) জমা দেওয়ার দুই মাস পেরিয়ে গেলেও সংস্কার কাজ শুরু হয়নি। দরপত্র জমা দেওয়া ১২টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম সর্বনিম্ন দরদাতাকে কাগজপত্রে ত্রুটির অজুহাতে বাদ দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, মেহেন্দীগঞ্জ পৌরসভার প্রকৌশলী শাহাদাত করিম তাঁর পছন্দের লোকজনকে ২৩ কোটি টাকার এই কাজ দেওয়ার পাঁয়তারা করছেন। এ কারণে ঠিকাদারের নাম এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি।
টেন্ডার হওয়া মেহেন্দীগঞ্জ পৌরসভার ছয়টি রাস্তা হচ্ছে, চরহোগলা কালামিয়া ডিসি থেকে নতুন এতিমখানা, পাচানিঘাট ব্রিজ থেকে হাসপাতাল রোড, খেজুরতলী ব্রিজ থেকে আলী হাওলাদারের বাড়ি কালিকাপুর বাউন্ডারি ব্রিজ পর্যন্ত, চুনারচর ডাক বাংলো থেকে মৃধারহাট, পুরাতন স্টিমারঘাট হতে নতুন স্টিমারঘাট এবং আজাদ ভান্ডারের ঘাট থেকে উত্তর বাজার মসজিদ পর্যন্ত।
মেহেন্দীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়া উদ্দিন সুজন বলেন, একটি সড়কের তেঁতুলতলা থেকে সিটিসেল পর্যন্ত অংশের অবস্থা বেহাল।
এখন জলাবদ্ধতা ঠেকাতে সড়কে বস্তা ফেলে রাখা হয়েছে। একই ওয়ার্ডের কালিকাপুর গুচ্ছগ্রাম সড়ক অংশও চলাচলের অযোগ্য। সড়কের বেহাল দশায় পৌরবাসী এই বর্ষায় দুর্ভোগ পোহাচ্ছে। জিয়া উদ্দিন জানান, এ দুটি রাস্তারই টেন্ডার হয়েছে, কিন্তু কোন ঠিকাদার কাজ করবেন, সেটির সিদ্ধান্ত হয়নি।
পৌরসভার টেন্ডারে অংশ নেওয়া ১২ জনের মধ্যে প্রথম সর্বনিম্ন দরদাতা মেসার্স দেলোয়ার হোসেনের প্রতিনিধি শাহিন চিশতি বলেন, প্রায় ২৩ কোটি টাকার ছয়টি রাস্তার কাজের টেন্ডার ১ এপ্রিল সম্পন্ন হয়েছে। কিন্তু ফার্স্ট লোয়েস্ট সত্ত্বেও তাঁকে ফোন দিয়ে বলা হয়েছে, কাগজপত্রে ত্রুটি আছে; এ জন্য তিনি বাদ পড়ছেন। সেকেন্ড লোয়েস্ট দরদাতা কাজ নাও পেতে পারেন। দেড় মাস হয়ে গেলেও এ বিষয়ের কোনো সুরাহা হয়নি। শাহিন চিশতি বলেন, বিশেষ কোনো ব্যক্তি এই কাজ পেতে পারেন বলে তিনি শুনেছেন।
একাধিক ঠিকাদার অভিযোগ করেছেন, পৌরসভার যত ঠিকাদারি কাজ হয়, তা প্রকৌশলী শাহাদাত করিমের পছন্দের লোকজন পেয়ে থাকেন। তিনি বিনিময়ে কাজের পার্সেন্টেজ পান। বহু বছর এখানে কর্মরত থাকায় ঠিকাদারেরা তাঁর কাছে জিম্মি।
জানতে চাইলে মেহেন্দীগঞ্জ পৌরসভার প্রকৌশলী শাহাদাত করিম বলেন, ওই টেন্ডার এখনো অনুমোদন হয়নি। ফার্স্ট লোয়েস্টের কাগজপত্রে ত্রুটি আছে, তাই বাদ পড়েছে। পার্সেন্টেজের বিনিময়ে কাজ দেওয়ার অভিযোগ সম্পর্কে শাহাদাত বলেন, মেহেন্দীগঞ্জে মন্ত্রী আছেন, প্রশাসক আছেন, নেতারা আছেন। তাঁদের কাছে দরকারে জবাবদিহি করবেন।
বিষয়টি খতিয়ে দেখবেন জানিয়ে মেহেন্দীগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘টেন্ডার হয়ে গেছে। এটি বাস্তবায়নের পর্যায়ে। প্রকল্প আনতে আমার অনেক কষ্ট হয়েছে। এখন এটি বাস্তবায়ন করার দায়িত্ব প্রকৌশলীর।’ তিনি বলেন, ফার্স্ট লোয়েস্টের কাজ না পাওয়ার সুযোগ নেই। ইজিপির ক্ষেত্রে এ ধরনের কথা প্রকৌশল বিভাগ বলতে পারে না। এটা অনলাইনে নির্ধারণ হবে।

রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে লিয়াকত আলী লাদেন হত্যা মামলার অভিযুক্ত জুয়েল হোসেন ও তাঁর ছেলে রকি আজ রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠিয়েছেন।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে সুমন মিয়া (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোপনে বিয়ে করা এক এইচএসসি পরীক্ষার্থী (১৮) স্ত্রীর মর্যাদার দাবিতে ওই যুবকের বাড়িতে অনশনে বসেছেন...
৩ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরায় কদম ফুল পাড়া নিয়ে বিরোধের জেরে আহত যুবক সজল মিয়া ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান। পরে হত্যার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে সালিসে ২০ লাখ টাকা জরিমানা করে বিষয়টি মীমাংসার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে