
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামনের সড়কের নির্মাণকাজ আবারও আটকে গেল। ছাত্রদলের কতিপয় নেতা সড়ক নির্মাণকাজের রড ও পাথরের মান নিয়ে প্রশ্ন তুলে কাজটি আটকে দেন। এমনকি তাঁরা গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঠিকাদারকে ক্যাম্পাসে আটকে নাজেহাল করেন বলে অভিযোগ উঠেছে। যদিও আজ সোমবার ওই কাজের রড ও পাথর পরীক্ষা করে মানসম্পন্ন পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে গত মার্চে ছাত্রদলের নেতা-কর্মীরা মান নিয়ে প্রশ্ন তুলে কাজ বন্ধ করে দেন। তখন ঠিকাদার দাবি করেন, চাঁদা না দেওয়ায় মিথ্যা অজুহাতে বারবার কাজ বন্ধ করে দিয়ে ক্ষতিগ্রস্ত করছে বিশ্ববিদ্যালয়ের।
গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক নির্মাণের জন্য রড বাঁধাই চলছিল। ঠিকাদার আওলাদ হোসেন মনু শ্রমিকদের বিল দিয়ে বাড়ি ফেরার সময় ববির ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজমাইন সাকিবসহ কয়েকজন তাঁকে গেটে আটকে দেন। রাতে ২ মিনিট ২৮ সেকেন্ডের একটি ছোট ভিডিওতে দেখা যায়, ছাত্রদল নেতা সাকিব ঠিকাদার মনুর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করছেন। তাঁর কাছে টাকা চাওয়া হয়েছে কি না, জানতে চান ছাত্রদল নেতা সাকিব। ছাত্রদল নেতারা বলেন, ‘আপনার ক্যাম্পাসে ঢোকা নিষেধ ছিল, কেন ঢুকেছেন?’
জানতে চাইলে ঠিকাদার আওলাদ হোসেন মনু বলেন, ‘৫৭ লাখ টাকার বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণের কাজটি আবারও আটকে গেছে। আজ এর ঢালাই হওয়ার কথা ছিল। এ জন্য শ্রমিক দিয়ে গভীর রাত পর্যন্ত রড বাঁধাই চলছিল। আমি যখন গেট থেকে বের হচ্ছিলাম, তখন ছাত্রদল নেতা আজমাইন সাকিব কয়েকজনকে নিয়ে পথ রোধ করে। তারা আমাকে আধা ঘণ্টা হেনস্তা করে। জোর করে বলাতে চায় যে—আমার কাছে চাঁদা চায়নি। এ সময় সাকিব আমার শার্টের কলার ধরে। তারা কাজের রড ও পাথর নিম্নমানের দাবি করে আটকে দেয়। এমন মিথ্যা অজুহাত এর আগেও তুলেছিল।
‘শেষমেশ পরীক্ষা করে আজ দেখা যায়—পাথর ও রড এক নম্বর গ্রেডের।’ এভাবে যে তাঁর ও বিশ্ববিদ্যালয়ের ক্ষতি হলো, এর খেসারত কে দেবে বলে জানতে চান মনু। তিনি জানান, গত ৮ মার্চ আজমাইন সাকিব একই অজুহাতে তাঁকে ধাওয়া দিয়ে রাস্তার কাজ বন্ধ করে দেন। তাঁর কাছে চাঁদা চান। তিনি এর প্রতিবাদে থানায় অভিযোগ এবং সংবাদ সম্মেলনও করেছিলেন।
ববি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিব বলেন, ‘এর আগে ঠিকাদার মনু আমাদের নামে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলেছিলেন। উনাকে আগের ভিসিই ক্যাম্পাসে না এসে দূর থেকে কাজটি সম্পন্নের কথা বলেছিলেন। কিন্তু উনি আবার গভীর রাতে ক্যাম্পাসে আসলে আমরা তাঁকে চ্যালেঞ্জ করি। জানতে চাই তাঁর কাছে চাঁদা চাওয়া হয়েছে কি না। কাজের মান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিশেষ করে পাথরের মান খারাপ।’ তবে তাঁরা এবার কাজ বন্ধ করেননি বলে জানান সাকিব। তিনি স্বীকার করেন, একই রাস্তার কাজ বারবার পিছিয়ে যাওয়ায় শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ববির উপপ্রধান প্রকৌশলী মোর্শেদ আবেদন বলেন, সড়ক নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলায় সওজ পরীক্ষা করে দেখেছে পাথর ও রডের মান এক নম্বরের। একই ঘটনায় এর আগে কাজ বন্ধ করা হয়েছিল। তখনো রড ও পাথর পরীক্ষা করে দেখা গেছে মান যেভাবে ধরা হয়েছিল, তারচেয়ে ভালো আছে। আজ সড়কটি ঢালাই করার কথা ছিল। এখন ঈদের পর ছাড়া আর সম্ভব হবে না।
এ ব্যাপারে ববির নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ বলেন, কাজ ঠিক আছে। ঠিকাদারের পাথর নিয়ে বিশ্ববিদ্যালয়ের কমিটির সদস্যদের সন্দেহ ছিল। পরীক্ষা করে দেখা গেছে, পাথর ও রডের কোয়ালিটি ঠিক আছে। কিন্তু লেবার চলে যাওয়ায় ঈদের পর ঢালাই দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উপাচার্য জানান, এর আগে কাজ বন্ধ হওয়ার বিষয়ে অল্প অল্প শুনেছিলেন। তবে এবারের কাজ বন্ধ হয়নি, ঈদের পর শুরু হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে