
বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজির (বিআইটি) আদলে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান গঠনের দাবিতে মহাসড়ক অবরোধ (ব্লকেড) করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা।
কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লাঠিপেটায় ২০ জন আহত হয়েছেন বলে শিক্ষার্থীরা অভিযোগ তুলেছেন। তবে তাঁদের নাম জানা যায়নি।
আজ বুধবার বেলা ২টার দিকে বরিশাল সদর উপজেলার দুর্গাপুরে ক্যাম্পাসের সামনে বরিশাল-ভোলা মহাসড়কে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা বিদ্যমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে বেরিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য আলাদা কমিশন বা প্রতিষ্ঠানের দাবি জানান।
জানা গেছে, দেড় মাস ধরে চলা আন্দোলনের ধারাবাহিকতায় আজ সকাল ১০টা থেকে মহাসড়ক অবরোধ করে রাখেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে প্রায় সাত কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের মহাসড়ক ছেড়ে দিতে বলেন। সড়ক ছাড়তে না চাইলে তাঁদের লাঠিপেটা করা হয় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ধ্রুব বিশ্বাস বলেন, ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজির আদলে একটি কার্যকর, টেকসই ও স্বায়ত্তশাসিত কমিশন গঠনের দাবিতে আমাদের ধারাবাহিক আন্দোলন চলছে। এরই অংশ হিসেবে আজ শান্তিপূর্ণভাবে মহাসড়ক অবরোধ করি। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে আমাদের বেধড়ক লাঠিপেটা করেন। এতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হন। তাঁদের বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।’
এদিকে মহাসড়ক আটকে বিক্ষোভ করায় যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ভোলাগামী যাত্রী রহমত মিয়া বলেন, ‘টানা বৃষ্টিতে সকাল থেকে গাড়িতে বসে আছি। মহাসড়ক আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েছি।’
এ বিষয়ে বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে মোবাইল ফোনে কল দিলে তিনি তা ধরেননি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে