
বাগেরহাটের চিতলমারী উপজেলায় সারের ডিলার নিয়োগ নীতিমালা-২০২৫ লঙ্ঘনের অভিযোগ উঠেছে উপজেলা কৃষি কর্মকর্তা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এবং দুজন উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, সার বিতরণ ও ডিলার নিয়োগসংক্রান্ত সমন্বিত নীতিমালা উপেক্ষা করে চিতলমারী সদর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের জন্য ‘মেসার্স হাজরা ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠানকে সুপারিশ করা হয়েছে।
ডিলার নিয়োগের জন্য উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা করার কথা থাকলেও কোনো সভা অনুষ্ঠিত হয়নি। এসব অনিয়মের কথা তুলে ধরে ন্যায়বিচার পেতে চিতলমারী বাজারের বিএডিসি সার ডিলার মেসার্স শেখ ব্রাদার্সের মালিক মো. ফেরদাউস শেখ জেলা ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি বরাবর লিখিত অভিযোগ করেছেন।
ফেরদাউস শেখ বলেন, ‘নীতিমালা অনুযায়ী বড় গুদাম, ব্যবসার পরিধি এবং অভিজ্ঞতার ভিত্তিতে ডিলার নিয়োগের কথা। এসব ক্ষেত্রে আমি এগিয়ে থাকলেও সভা না করে হাজরা ট্রেডার্সকে সুপারিশ করা হয়েছে। বিগত সরকারের আমলেও জীবন হাজরার বিরুদ্ধে সার কেলেঙ্কারি ও দলীয় প্রভাব খাটানোর অভিযোগ ছিল। একজন বিতর্কিত ব্যবসায়ীকে পুনরায় সুপারিশ করায় জনমনে ক্ষোভ তৈরি হয়েছে।’ তিনি আরও জানান, এই সুপারিশ প্রক্রিয়ায় কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফসহ কয়েকজন কর্মকর্তা অনৈতিক সুবিধা নিয়েছেন বলে তাঁর সন্দেহ।
অভিযোগের বিষয়ে মেসার্স হাজরা ট্রেডার্সের মালিক জীবন হাজরা বলেন, ‘আমি কোনো সার কেলেঙ্কারিতে জড়িত ছিলাম না। নিয়ম মেনে ব্যবসা করে আসছি।’
চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তাওহিদুর রহমান বলেন, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা না করেই হাজরা ট্রেডার্সকে সুপারিশ করা হয়েছে। কমিটির অধিকাংশ সদস্য এ বিষয়ে জানেন না।
উপসহকারী কৃষি কর্মকর্তা শংকর মজুমদার জানান, অফিসের লিখিত নির্দেশে তাঁরা উভয় প্রতিষ্ঠানের গুদাম পরিদর্শন করেন। সেখানে শেখ ব্রাদার্সের গুদাম ২৫ হাজার বর্গফুট এবং হাজরা ট্রেডার্সের গুদাম ১৫ হাজার বর্গফুট পাওয়া যায়। সে অনুযায়ী প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সিফাত আল মারুফ বলেন, ‘সার মনিটরিং কমিটির সভা ডাকলে কোরাম পূরণ হয় না। তাই মাসিক আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপন করা হয় এবং সেখানকার আলোচনার ভিত্তিতে হাজরা ট্রেডার্সকে সুপারিশ করা হয়েছে।’
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, অভিযোগের পর জেলা প্রশাসনের একটি তদন্ত দল এসে তদন্ত করেছে। বিষয়টি নিয়ে আবারও বৈঠক করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে