Ajker Patrika

শ্রীপুরে স্থানীয়রা ৪২ বোতল মদ উদ্ধার করে দিলেও পুলিশ বলছে ২৫

আজকের পত্রিকা ডেস্ক­
শ্রীপুরে স্থানীয়রা ৪২ বোতল মদ উদ্ধার করে দিলেও পুলিশ বলছে ২৫
স্থানীয়রা মদের বোতল উদ্ধার করে পুলিশে দেয়। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে একটি পরিত্যক্ত শৌচাগারের গর্ত থেকে ৪২ বোতল বিদেশি মদ উদ্ধারের দাবি করেছেন স্থানীয়রা। তবে উদ্ধারের পর সেই মদ পুলিশের কাছে হস্তান্তর করা হলেও বোতলের সংখ্যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। স্থানীয়রা ৪২ বোতল হস্তান্তরের দাবি করলেও পুলিশ বলছে তারা পেয়েছে মাত্র ২৫ বোতল। বাকি ১৭ বোতল মদের হদিস নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।

গতকাল বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামে এই ঘটনা ঘটে। মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত দুলাল ও রাজীব কৌশলে পালিয়ে গেলেও স্থানীয়রা মদের চালানটি জব্দ করতে সক্ষম হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ বারতোপা গ্রামের দুলাল ও রাজীব দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ স্থানীয় যুবকেরা তাঁদের নজরদারিতে রাখেন। বুধবার দুপুরে তাঁরা জানতে পারেন একটি বড় চালান নামানো হচ্ছে। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে একটি পরিত্যক্ত টয়লেটের গর্ত থেকে ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকারী সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা স্থানীয়দের উপস্থিতিতে ৪২ বোতল মদ উদ্ধার করেছি এবং শ্রীপুর থানার চকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিজানুর রহমানকে খবর দিয়ে তার হাতেই ৪২ বোতল বুঝিয়ে দিয়েছি। পুরো ঘটনার এবং পুলিশকে মদ হস্তান্তরের একটি লাইভ ভিডিও ফেসবুকে পোস্ট করা হয়েছে।’

উদ্ধারকারীরা ৪২ বোতলের প্রমাণ দেখালেও চকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান দাবি করছেন, তিনি মাত্র ২৫ বোতল পেয়েছেন। বাকি ১৭ বোতলের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সদুত্তর দিতে পারেননি।

সাদ্দাম হোসেন আরও অভিযোগ করেন, ‘এসআই মিজানুর রহমানের সামনেই ৩২ বোতল মদসহ তাঁর ছবি তোলা হয়েছে এবং বাকি ১০ বোতল একটি প্লাস্টিকের বস্তায় ছিল। তিনি কেন এখন ১৭ বোতলের কথা অস্বীকার করছেন তা আমাদের বোধগম্য নয়।’

এই বিষয়ে কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মিরাজুল ইসলাম জানান, মদ উদ্ধারের খবর তিনি শুনেছেন তবে বোতলের সংখ্যা কম-বেশি হওয়ার বিষয়ে অবগত নন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, ‘উদ্ধারকৃত মদের বোতলগুলো এখনও থানায় হস্তান্তর করা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মদের বোতল কম হওয়ার কোনো সুযোগ নেই। যদি পুলিশের কারও অবহেলার প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খুলনায় ঘরে ঢুকে পরিবারের ৪ সদস্যকে গুলি

বাবা বুড়িগঙ্গায় নিখোঁজ, স্ত্রী হাসপাতালে, নিথর দেহে বাড়িতে ফিরলেন সোহেল

চট্টগ্রামের টেরিবাজারে অগ্নিকাণ্ড, ২ জনের প্রাণহানি

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

আমিরাতের কাছে যুদ্ধের ক্ষতিপূরণ দাবি ইরানের, জাতিসংঘকে চিঠি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত