আরও ৩৯ ফ্লাইট বাতিল

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী অপেক্ষাগারে শত শত যাত্রী। সবার চোখেমুখে হতাশা, উদ্বেগ, অনিশ্চয়তা। তাঁদের কেউ এসেছেন দ্বিতীয় দিনের মতো, কেউ বা অপেক্ষা করছেন কয়েক ঘণ্টা ধরে। সঙ্গে আছেন বিদায় জানাতে আসা স্বজনেরা। তাঁরা সবাই মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের যাত্রী। যুদ্ধ জেনেও তাঁরা জীবিকার তাগিদে যেতে চান।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাতে গতকাল সোমবার পর্যন্ত তিন দিনে ১০২টি ফ্লাইট বাতিল হওয়ায় কর্মস্থলে যেতে না পেরে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন প্রবাসী এই কর্মীরা। অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিক-ওদিক ছুটে ফ্লাইটের বিষয়ে জানার চেষ্টা করছেন। থাকা-খাওয়ার কোনো ব্যবস্থা না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জরুরি সেবা নম্বরে ফোন করে কোনো তথ্য না পাওয়ার অভিযোগও করলেন অনেকে।
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্যের আকাশপথ স্বাভাবিক হলে ধাপে ধাপে ফ্লাইট সূচি পুনর্বিন্যাস করা হবে। সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো যাত্রীদের সঙ্গে যোগাযোগ রেখে রিশিডিউল বা বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা করছে বলে জানা গেছে।
হযরত শাহজালাল বিমানবন্দরে গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগামী যাত্রীদের উদ্বিগ্ন চেহারায় অপেক্ষা করতে দেখা গেছে। সংঘাতের কারণে গত শনিবার থেকে মধ্যপ্রাচ্যের বেশির ভাগ আকাশপথ বন্ধ। রোববার থেকে কিছু কিছু ফ্লাইট চলছে।
প্রবাসী যাত্রীদের অভিযোগ, সংশ্লিষ্ট এয়ারলাইনসের পক্ষ থেকে যাত্রীদের ফ্লাইট বাতিলের বিষয়টি জানানোর এবং থাকা-খাওয়ার ব্যবস্থা করার কথা থাকলেও তা হচ্ছে না। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় থেকে খাওয়ার ব্যবস্থার কথা জানানো হলেও যাত্রীদের বেশির ভাগই তা জানেন না। প্রবাসী হেল্প ডেস্কে যোগাযোগ করলে শুধু হটলাইন নম্বর দেওয়া হচ্ছে। কিন্তু ওই নম্বর থেকে সহযোগিতা মিলছে না।
সৌদি আরবগামী হৃদয় হোসেনের বাড়ি লক্ষ্মীপুরের সদর উপজেলায়। তিনি সৌদিতে একটি রেস্টুরেন্টে চাকরি করেন। গতকাল সন্ধ্যায় তাঁর ফ্লাইট ছিল। তিনি বলেন, ‘আমি ৪০ দিনের ছুটিতে দেশে এসেছিলাম। বিমানবন্দরে আসার পথেও অনলাইনে ফ্লাইট শিডিউল দেখেছি। কিন্তু এসে দেখি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দরে বিশ্রাম, খাওয়া তো দূরের কথা কারও কাছ থেকে কোনো তথ্যও পাচ্ছি না। ফ্লাইট শুরুর অপেক্ষায় বসে আছি। আমার ভিসার মেয়াদ কম, তাই ঝুঁকি থাকলেও যেতেই হবে। না হলে চাকরি থাকবে না। ভিসার মেয়াদ বেশি থাকলে যুদ্ধের মধ্যে যেতাম না।’
হৃদয়ের সঙ্গে আসা মা খাদিজা আক্তার বলেন, এমন পরিস্থিতিতে ছেলেকে বিদেশে যেতে দিতে বুক কাঁপছে। আবার না গেলে চাকরি থাকবে না। কী করবেন বুঝতে পারছেন না।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি প্রবাসী শাজাহান মিয়া। তাঁর বাড়ি লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে। তিনিও বিমানবন্দরে এসে দেখেন ফ্লাইট বাতিল হয়েছে। শাজাহান বলেন, গত রোববার সন্ধ্যায় তাঁর আবুধাবির ফ্লাইট ছিল। বিমানবন্দরে এসে দেখেন ফ্লাইট বাতিল হয়েছে। কখন ফ্লাইট হবে জানেন না। রোববার গভীর রাত পর্যন্ত বিমানবন্দরে ফ্লাইটের আশায় অপেক্ষা করে শেষরাতে চাচাতো ভাইয়ের বাসায় গেছেন। সকালে আবার বিমানবন্দরে এসেছেন। তিনি বলেন, বিমানবন্দরে এসে যোগাযোগ করলে শুধু হটলাইন নম্বর দিয়েছে। আর কিছু বলেনি। ওই নম্বরে ফোন দিলে এক চাপুন, দুই চাপুন বলেছে। চাপলও কিছু বলেনি। কতক্ষণ অপেক্ষা করতে হবে জানা নেই। খুব হতাশ লাগছে।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রহিমপুরের মিজানুর রহমান প্রথমবারের মতো সৌদি আরব যাবেন। গত রাত ৯টা ২০ মিনিটে তাঁর ফ্লাইট ছিল। বাড়ি থেকে রওনা দেওয়ার আগেও এজেন্সিকে ফোন করে ফ্লাইটের বিষয়টি নিশ্চিত হয়েছেন। কিন্তু বিমানবন্দরে এসে দেখেন ফ্লাইট বাতিল। এখন কী করবেন বুঝতে পারছেন না। তিনি বলেন, ‘হটলাইন নম্বরে বহুবার কল দিয়েছি। কিন্তু সেখান থেকে বলেছে, আপনার কলটি গুরুত্বপূর্ণ, অপেক্ষা করুন। বারবার কল দিয়ে শুধু অপেক্ষাই করেছি। কিন্তু কেউ কোনো তথ্য দেয়নি।’
বিমানবন্দরের বহুতল পার্কিং ভবনের যাত্রী অপেক্ষাগারে হৃদয়, শাজাহান ও মিজানের মতো শত শত প্রবাসী যাত্রী অপেক্ষায় ছিলেন। বিমানবন্দরে শনিবার রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের খাবার ব্যবস্থা মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হয়েছে। তবে অপেক্ষমাণ বেশির ভাগ যাত্রীই তা জানেন না।
প্রবাসীকল্যাণ ডেস্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিচালক শরিফুল ইসলামের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও মুঠোফোনে যোগাযোগ করা যায়নি।

নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
১ ঘণ্টা আগে
সংসদ সদস্য রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এসেছিলেন এই চৌক্কার খালে। তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সবাইকে একত্র করে নিজে কোদাল হাতে খাল খনন শুরু করেন। মাটি কেটেছেন। তাঁর তখন চিন্তা-ধারণার মধ্যে ছিল যে—এই খাল যখন খনন হবে, খালের দুই পাড়ে গাছ থাকবে।
২ ঘণ্টা আগে