
চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লায় বৃহৎ কাপড়ের পাইকারি বাণিজ্য কেন্দ্র টেরিবাজারের একটি বহুতল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে দুই ব্যক্তি মারা গেছেন। আহত অবস্থায় একজনকে হাসপাতাল ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে নগরীর কোতোয়ালি থানাধীন টেরিবাজারের বক্সির বিটের কাছে অর্কিড প্লাজা নামের ১২ তলা ভবনের চতুর্থ তলার একটি দোকানে এই অগ্নিকাণ্ড ঘটে।
আগুনে নিহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ ইউনুস (৫২) ও সোলাইমান (২৮)। তাঁদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, সকাল ১০টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা ১১টার দিকে আগুন নেভায়। আগুনে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, টেরিবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় বেলা ১১টা ৫০ মিনিটে দুজনকে চমেক হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। তাঁদের মরদেহ বর্তমানে চমেকের মর্গে রয়েছে।
আলম আশেক আরও বলেন, এ ছাড়া দুপুর ১২টার দিকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া মোহাম্মদ মামুন (২৮) নামের একজনকে হাসপাতালে আনা হয়। তাঁকে ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অতীশ চাকমা বলেন, আগুনে অর্কিড প্লাজার চতুর্থ তলার টেইলারিং শপ, কাপড়ের দোকানসহ মোট সাতটি দোকান পুড়ে গেছে। ওই বহুতল ভবনের বিভিন্ন তলায় তৈরি পোশাক, টেইলারিং শপ, কাপড়সহ বিভিন্ন দোকান রয়েছে।
অতীশ চাকমা বলেন, আগুন লাগার ফলে সৃষ্ট ধোঁয়ার কারণে তিনজন অসুস্থ হয়ে পড়েন। ভবনের পঞ্চম তলা থেকে দুজন এবং ষষ্ঠতলা থেকে একজনকে উদ্ধার করে তাঁদের হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
টেরিবাজারের ব্যবসায়ী মো. ওসমান আলী বলেন, ‘আমার দোকানের সামনেই কাপড়ের এই মার্কেটটিতে আগুন লেগেছে। কীভাবে আগুন লেগেছে, এখনো কিছু জানা যায়নি। তবে কাপড়ের দোকান হওয়ায় সেখানে কাপড়গুলো সাধারণ আয়রন করে থাকে। হয়তো সেখান থেকে এই আগুন লেগে থাকতে পারে।’

ঢাকার সদরঘাটে দুই লঞ্চের চাপায় নিহত যুবক সোহেল ফকিরের মরদেহ বরিশালের মেহেন্দীগঞ্জের চানপুরা ইউনিয়নের চরখাককাটা গ্রামে পৌঁছেছে। তবে তাঁর সঙ্গে থাকা বাবা মিরাজ ফকির এখনো বুড়িগঙ্গায় নিখোঁজ রয়েছেন। আর অন্তঃসত্ত্বা স্ত্রী আহত হয়ে ভর্তি আছেন ঢাকার হাসপাতালে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) জোহরের নামাজের...
৭ মিনিট আগে
ধলাই-সাতমা নদী থেকে উৎপন্ন হয়ে কেওরাখালী খালটি ডিঙ্গাপোতা হাওরে গিয়ে মিশেছে। বৃষ্টি বা উজান থেকে নামা পাহাড়ি ঢলে নদী পূর্ণ হলে খাল দিয়ে পানি হাওরে প্রবেশ করে। গত দুই বছর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে খালে বাঁধ নির্মাণ করা হয়। তবে এ বছর একজনের অভিযোগের কারণে....
২৯ মিনিট আগে
বান্দরবান শহরের মেঘলা পর্যটন এলাকায় একটি পাহাড়ের পাদদেশ থেকে মা–মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তারা কীভাবে মারা গেছেন, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। পুলিশ বলছে, ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। শিশু কন্যাসহ দুজনই গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পরিবার...
৩০ মিনিট আগে
স্থানীয়দের ভাষ্য, বর্তমানে মোটরসাইকেল অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিগত যান। কিন্তু তেল না পাওয়ায় চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। অনেক পাম্পে ১০০ থেকে ২০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না, আবার কোথাও তেল না থাকায় পাম্প বন্ধ রাখা হয়েছে। তেল মজুত আছে কি না, তা খতিয়ে দেখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন
১ ঘণ্টা আগে