Ajker Patrika

ছাত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ, পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

পিরোজপুর প্রতিনিধি
ছাত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ, পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
পিরোজপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেট পড়ানোর সময় দশম শ্রেণির এক ছাত্রীকে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রতিবাদ ও শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

আজ সোমবার (১৫ জুন) দুপুরে টাউন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকেরা এই বিক্ষোভ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রের বিরুদ্ধে দশম শ্রেণির এক ছাত্রীকে শারীরিকভাবে নির্যাতন ও মানসিক হয়রানির অভিযোগ এনে ছাত্রীর বাবা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ২২ মে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পর ওই ছাত্রী তার বাবাকে জানায়, অভিযুক্ত শিক্ষক তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিষয়টি জানাজানি হওয়ার পর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়। পরবর্তী সময়ে থানায় গেলে ছাত্রীর এসএসসি পরীক্ষা এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনের বিষয় সামনে এনে অভিযোগ প্রত্যাহার কিংবা অভিযুক্ত শিক্ষকের কাছে ক্ষমা চাইতে বলা হয়।

ছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়ের নিরাপত্তা ও লেখাপড়ার ভবিষ্যৎ নিয়ে আমি উদ্বিগ্ন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

অভিযুক্ত শিক্ষকের বিচার দাবিতে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। তাঁরা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক নির্মল চন্দ্র ভদ্র কোনো বক্তব্য দিতে রাজি হননি।

পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ জানান, এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত