Ajker Patrika

বালুর ঘাট নিয়ে সংঘর্ষ: সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি, ২৪ ঘণ্টা পেরোলেও হয়নি মামলা

ময়মনসিংহ প্রতিনিধি
বালুর ঘাট নিয়ে সংঘর্ষ: সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি, ২৪ ঘণ্টা পেরোলেও হয়নি মামলা
সংঘর্ষের সময় মোটরসাইকেল পোড়ানোর ঘটনা ঘটে। ফাইল ফটো

বালুর ঘাট দখল নিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে ছাত্রদল ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনার ২৪ ঘণ্টা পেরোলেও মামলা হয়নি। মামলার বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন বিআইডব্লিউটিএর ওপর দায় চাপিয়েছে। অন্যদিকে বিআইডব্লিউটিএ মামলা করা নিয়ে গড়িমসি করছে। এদিকে সংঘর্ষের ঘটনার পর মুক্তার হোসেনকে উপজেলা ছাত্রদলের আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। মুক্তার হোসেনকে অব্যাহতি দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট দেওয়ায় যুবদল কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার সরকারি কলেজ ঘাট বালুমহাল এলাকায় ছাত্রদল ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ১০-১২টি মোটরসাইকেল পোড়ানো হয়।

গফরগাঁও উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল কাইয়ুম বলেন, গত বুধবার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন তাঁর দলবল নিয়ে সরকারি কলেজ এলাকায় বালুর ঘাট দখল করতে যান। এ সময় স্থানীয় বাসিন্দারা বাধা দিলে মুক্তার তাঁর দলবল নিয়ে ফিরে আসেন। ওই ঘটনার জেরে গতকাল মুক্তার হোসেন বিশাল মোটরসাইকেলবহর নিয়ে সরকারি কলেজ এলাকায় বালুর ঘাট দখল করতে যান। এ সময় মুক্তার এক নৌকার মাঝিকে পিটিয়ে আহত করেন এবং নৌকা পুড়িয়ে দেন। স্থানীয় বাসিন্দারা টের পেয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের ধাওয়া করেন। মুক্তার ও তাঁর লোকজন পালিয়ে যাওয়ার সময় তাঁদের ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় মাঝি ছাড়া কেউ আহত হননি।

ছাত্রদল নেতা ও তাঁর অনুসারীদের বালুঘাট দখল নিয়ে মারামারির ঘটনা গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলের নজরে এলে ওই দিন রাত ১০টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মুক্তার হোসেনকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার অধীন গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এদিকে, অব্যাহতি দেওয়া উপজেলা ছাত্রদল আহ্বায়ক মুক্তার হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট করেন যুবদল কর্মী শফিকুল ইসলাম। অভিযোগ উঠেছে, এই পোস্টের জেরে মুক্তারের লোকজন আজ শুক্রবার দুপুরে শফিকুলকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে মুক্তার হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও সেটি বন্ধ পাওয়া যায়।

মামলার বিষয়ে জানতে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আবদুল্লাহ-আল-মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আমাদের না। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

এ বিষয়ে বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী (গফরগাঁও) আবুল কালাম আজাদ বলেন, ওই সংঘর্ষের ঘটনায় ড্রেজার কোম্পানির ক্ষয়ক্ষতি হয়েছে। কোম্পানির লোকজন আজ রাতে ঘটনাস্থলে যাবেন। সেখানে গিয়ে পরামর্শ করে আইনগত ব্যবস্থা নেবেন।

আজ বিকেলে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যুবদল কর্মীকে মারধরের বিষয়টি শুনেছি। তবে মারধরের ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জিয়ার নাম না বলায় বিএনপির স্বাধীনতার অনুষ্ঠান বর্জন, ইউএনও বদলি

বিশ্বের সবচেয়ে অপছন্দের দেশের তালিকা প্রকাশ

ইসরায়েলের পরমাণু বোমার তথ্য ফাঁসকারী আরব ইহুদি ভানুনুর ভাগ্যে কী ঘটেছিল

ট্রাম্পের নীতিতে খেপেছে জার্মানি, যুক্তরাষ্ট্রকে আঘাতে খুঁজছে দুর্বল জায়গা

খারগ দ্বীপের দখলে ভেঙে পড়বে আইআরজিসি, শেষ হবে যুদ্ধ: হোয়াইট হাউস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত