গত ২০ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস সস্ত্রীক তিন দিনের রাষ্ট্রীয় সফরে ফ্রান্সে এসেছিলেন। রাজমুকুট মাথায় নেওয়ার পর সেটাই ছিল তাঁর প্রথম ফ্রান্স সফর। প্রথা অনুসারে ফরাসি প্রজাতন্ত্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এবং ব্রিজিত মাখোঁ তাঁর সম্মানে চোখধাঁধানো ভার্সাই প্রাসাদে এক রাজকীয় নৈশভোজের আয়োজন করেন। এর আগে রাজা চার্লসের মা, রানি দ্বিতীয় এলিজাবেথ ভার্সাই প্রাসাদে প্রথমবার আমন্ত্রিত হয়েছিলেন ১৯৫৭ সালে। সে সময়ে এবং দ্বিতীয়বার ১৯৭২ সালে, দুবারেই তাঁর সম্মানে রাজকীয় নৈশভোজের আয়োজন করা হয়েছিল। তাই বলা হয়, এ ধরনের রাজকীয় ভোজের আয়োজন প্রতি ৫০ বছরে একবার হয়।
এবার অতি উচ্চমার্গের খাবার তৈরির গুরুদায়িত্ব বর্তায় ৫৪ বছর বয়স্ক ফ্রান্সের একমাত্র নারী তিন তারকা শেফ অ্যান-সোফি পিকের ওপর। ৭০ মিটার বা ২৩০ ফুট লম্বা রাজকীয় ভোজের টেবিলের দুই পাশে ১৬০ জন বিশিষ্ট অতিথির খাবারের তালিকায় ছিল নীল গলদা চিংড়ি ও পট কাঁকড়ার নরম অংশ, মিষ্টি তরমুজ, বাদামের গরম-গরম রুটি, ব্রেস অঞ্চলের মোরগের মাংস, গোলাপি ম্যাকারন। অ্যান-সোফির তৈরি এসব সুস্বাদু, মহার্ঘ খাবার খেয়ে রাজ অতিথিরা তাঁর ভূয়সী প্রশংসা করেন। যুক্তরাজ্য ও ফ্রান্সের সংবাদমাধ্যমে রাজা-রানির রাজকীয় সফর ছাপিয়ে শেফ অ্যান-সোফি পিকের নামটি উঠে এসেছে অনন্য মহিমায়।
অ্যান-সোফি পিক রন্ধনশিল্প, কৌশল আর কৌলীন্যের দীপ্তিময় জগতের উজ্জ্বল এক নক্ষত্র। বিশ্বখ্যাত মিশেলিন গাইডের নির্বাচনে ২০০৭ সাল থেকে ‘তিন তারকা’ শেফের মুকুটটি নিজের দখলে রেখেছেন সোফি। ২০১১ সালে ‘বিশ্ব সেরা রন্ধনশিল্পী’র সম্মানে সম্মানিত হন এই অসাধারণ প্রতিভাধর নারী। সে বছরই তাঁকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মানসূচক ‘শেভালিয়ে দ্য ল্যা লেজিওঁ ডনার’ উপাধিতে ভূষিত করা হয়।
রন্ধনশিল্পের চর্চা প্রজন্ম-পরম্পরায় পিক পরিবারের ঐশ্বর্যময় ঐতিহ্য। অ্যান-সোফি বেড়ে উঠেছেন তারকা শেফ পরিবেষ্টিত পরিবেশে।
বাণিজ্য বিষয়ে পড়াশোনা শেষ করে তিনি তাঁর বাবা জ্যাক পিকের সঙ্গে ফ্রান্সের ভ্যালেন্স শহরে ‘মেজোঁ পিক’ রেস্তোরাঁয় কাজ শুরু করেন। বাবার কাছেই তিনি রান্নার নান্দনিক কলাকৌশলগুলো রপ্ত করেন। ১৯৯৫ সালে বাবার আকস্মিক মৃত্যুর পর তাঁর ভাই অ্যালা পিক রেস্তোরাঁ পরিচালনার দায়িত্ব নেন। দুই বছর পরেই তিনটি থেকে একটি তারকা হারাতে হয় তাঁদের। তখন তাঁর ভাই অ্যান-সোফিকে রেস্তোরাঁর দায়িত্ব দিয়ে নিজেকে আড়াল করেন। ১৯৯৭ সালে রেস্তোরাঁর দায়িত্ব নিয়ে এক দশক পরে হারানো তারকাটি পুনরুদ্ধার করতে সক্ষম হন সোফি। বর্তমানে তাঁর সরাসরি পরিচালনায় মোট ছয়টি রেস্তোরাঁ রয়েছে। সব রেস্তোরাঁ মিলিয়ে মোট ১০টি তারকায় তিনি উজ্জ্বল। পৃথিবীতে তিনিই সর্বাধিক তারকাসমৃদ্ধ একমাত্র শেফ। সৌন্দর্যবোধ আর উদ্ভাবনী চিন্তাশক্তির জোরে সৃষ্টি সুখের উল্লাসে গড়ে তুলেছেন রন্ধনশিল্পের এক বিশাল সাম্রাজ্য। আপন মহিমায় তিনি সেই সীমানাহীন সাম্রাজ্যের একচ্ছত্র সম্রাজ্ঞী।

সম্প্রতি ‘ফোর্বস’ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ২৫ দানবীরের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার ২৫ জনের মধ্যে আছেন ছয়জন নারী। এই নারীরা কোনো আড়ম্বর ছাড়াই বিলিয়ন বিলিয়ন ডলার সমাজসংস্কারে ব্যয় করছেন।
৫ দিন আগে
বাসার বাইরে এটাই আমার প্রথম রোজা। আমি এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমার গ্রামের বাড়ি খুলনায়। ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রমজান মাসে ক্লাস বন্ধ না দেওয়ার কারণে আমি বাড়িতে যেতে পারছি না। কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে, মানসিকভাবে। কখনোই পরিবার ছাড়া এভাবে থাকা হয়নি কিংবা...
৫ দিন আগে
অষ্টম শ্রেণিতে পড়াশোনার সময় নুসরাত জাহান নুহার শরীরে আক্রমণ করে মরণব্যাধি ক্যানসার। যে বয়সে একজন কিশোরীর জীবন এগিয়ে যাওয়ার কথা, সেই সময়ে তাঁর জীবন থেমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। কিন্তু নিজের অদম্য মনোবল আর পরিবারের পাশে থাকার শক্তি তাঁকে ক্যানসারের সঙ্গে যুদ্ধে নেমে পড়ার শক্তি জোগায়।
৫ দিন আগে
১৩ দিন আগে সৌদি আরব থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেশে ফিরেছিলেন রিজিয়া বেগম (৪০)। হাতে ছিল না পাসপোর্ট বা কোনো পরিচয়পত্র। চিনতে পারছিলেন না কাউকেই। অবশেষে ব্র্যাক অভিবাসন ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রযুক্তির সহায়তায় মিলেছে তাঁর পরিচয়।
৬ দিন আগে