দুটো বাঁশ, সামান্য নুয়ে আছে। যদিও তাদের মাঝে জোড়া লাগানোর চেষ্টা আছে, আছে সেতুবন্ধ। তবু কী আর করবে বলুন! নুয়ে থাকা ছাড়া তাদের যে আর উপায় নেই। কারণ তাদের আগায় যে ‘পচ্চুর’ কারেন্ট!
সাধারণত আগার তুলনায় গোড়ায় (বা পেছনে) কারেন্ট থাকলে যেকোনো প্রাণী বা বস্তু লাফায় অনেক। কারেন্টের কারণেই তেমনটা হয় বটে। আর গোড়ার বদলে আগায় কারেন্ট থাকলে মাথা ভারী হয়ে যায়। একবার ভেবে দেখুন—মাথায় যদি হাজার হাজার ভোল্টের কারেন্ট থাকে, তবে আপনি কী করবেন?
একটুও যদি মাথা চক্কর দেয়, তবে এবার অনুভব করার চেষ্টা করুন ছবির বাঁশ দুটোর কী অবস্থা চলছে! ছবিটি তোলা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা থেকে। আজকের পত্রিকার খবরে প্রকাশ, উপজেলার পাকশিমুল ইউনিয়নের তিতাস নদের পাড়ে এভাবেই বাঁশের খুঁটিতে ঝুলছে বিদ্যুতের তার। নদে দিনরাতে চলছে শত শত নৌকা। আর তাদের মাথার ওপরেই বাঁশের আগায় স্বমহিমায় আছে ১১ হাজার ভোল্টের এই বিদ্যুতের লাইন। স্থানীয়দের বক্তব্য, নৌকার ধাক্কা, পানির স্রোত কিংবা ঝড়-বৃষ্টিতে খুঁটি পড়ে গেলেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। কিন্তু দীর্ঘদিন ধরে এসব খুঁটি প্রতিস্থাপনের দাবি জানিয়ে এলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আর কর্তৃপক্ষের কথা, বর্ষার পানিরই সব দোষ, বর্ষার পানির কারণেই এমন বাঁশের টাওয়ার বসানো হয়।
স্থানীয়দের বক্তব্যের প্রথম অংশ নিয়ে বিশদ আলোচনা হতেই পারে। হ্যাঁ, দুর্ঘটনা তো ঘটতেই পারে। তবে মুফতে কিন্তু কারেন্টও পাওয়া যাবে! হয়তো সেই সম্ভাবনা (!) মাথায় রেখেই স্থানীয় কর্তৃপক্ষ এমন একটি মহৎ কাজে উদ্যোগী হয়েছে। জনগণের সেবা করাই যেহেতু সরকারি প্রতিষ্ঠানের একমাত্র কাজ, তাই নিশ্চয়ই টেলিভিশনে কারেন্ট দেওয়ার পাশাপাশি স্থানীয় মানুষদেরও সরাসরি বডিতে কারেন্ট দিতে এমন কাজ করা হয়েছে!
তবে স্থানীয়রা অভিযোগ আকারে বলছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই জায়গাটাতেই সমস্যা। যদি স্থানীয়দের সরাসরি বিদ্যুতায়ন করাই কর্তৃপক্ষের উদ্দেশ্য হয়ে থাকে, তবে আবার পাল্টা ব্যবস্থা নেবে কেন?
আজকের পত্রিকায় প্রকাশিত খবরে সরাইল উপজেলার অরুয়াইল সাব-জোনাল অফিসের দায়িত্বে থাকা এজিএম জহিরুল ইসলাম মোল্লা বলেই দিয়েছেন, বাঁশের খুঁটি না বসালে ওই এলাকার গ্রাহকেরা বিদ্যুৎ পেত না। তাই নিয়ম না থাকলেও বিদ্যুৎ দিতেই পানির মধ্যে বাঁশের অস্থায়ী টাওয়ার নির্মাণ করে বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হয়েছে।
অর্থাৎ, কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, পুরো কাজটাই করা হয়েছে স্থানীয়দের বিদ্যুৎ দিতেই। বুঝুন একবার, কী কষ্টটাই না তাঁরা করছেন! এখানে বিদ্যুৎ দেওয়াটাই আসল উদ্দেশ্য। তা দিতে গিয়ে যদি সরাসরি শরীরেও সরবরাহ করতে হয়, তবে দোষটা কোথায়? বিদ্যুৎ পাওয়াই তো মূল কথা। কোনদিক দিয়ে পাওয়া হলো, তা দিয়ে আর কী হবে!
এই প্রসঙ্গে মনে পড়ে যায় গোপাল ভাঁড়ের এক গল্প। লোকমুখে প্রচলিত এই গল্প অনুযায়ী, গোপাল একদিন গঙ্গা নদী পার হচ্ছিল। কিন্তু সেই নৌকায় আগে থেকেই ছিল অনেক যাত্রী। তাদের আবার ছিল নানা মালপত্র। গোপাল ওঠার পর একপর্যায়ে নাকি নৌকা প্রায় ডুবু ডুবু অবস্থায় চলে যায়। এই নৌকায় পানি উঠল বলে! আর ঠিক সেই সময়ই এক যাত্রী তার বড় বোঝাটা মাথায় তুলে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। নৌকার তো তখন টলোমলো অবস্থা। গোপাল বাধ্য হয়ে ওই যাত্রীকে জিজ্ঞেস করল, সে মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে গেল কেন?
উত্তরে ওই যাত্রী জানিয়ে দিল, তাহলে নাকি নৌকাটি ডুবে যাবে না! সবাই যদি এভাবে বোঝা মাথায় তুলে ধরে, তবে বোঝার ওজন পড়বে যার যার মাথায়। আর কমে যাবে নৌকার ওজন। তাতেই নাকি নৌকা ডুবে যাওয়া থেকে রক্ষা পাবে, আর সেই সঙ্গে বাঁচবে যাত্রীদের জানও!
এ দেশেও খানিকটা তেমন দৃশ্যই আমরা দেখতে পাচ্ছি। ১১ হাজার ভোল্টের কারেন্ট তো আছে বাঁশের আগায়। পানির সঙ্গে দূরত্ব তো আছেই। মোদের ঘটে বুদ্ধি কি কম নাকি?
সে যাক গে। কর্তৃপক্ষ বলে দিয়েছে, পানি কমে গেলেই বাঁশ ফেলে স্থায়ী খুঁটি বসানো হবে। আর বর্ষার পানি কমার আশায় কেউ বসেও নেই। পানি না কমলেও ঠিকাদারকে দায়িত্ব দেওয়া হয়ে গেছে। সেই ঠিকাদার নিশ্চয়ই এখন থেকেই খুঁটি বানানো শুরু করে দিয়েছেন। তাতে রড আছে, নাকি বাঁশ—তা নিয়ে না হয় পরে গবেষণা হবে।
আসল কথা হলো, এ দেশে এখন বাঁশের সঙ্গে সঙ্গে কারেন্ট ফ্রি! এবং এই কার্যক্রম তৃণমূলেও পৌঁছে গেছে সগৌরবে। বাঁশ খাবেন, আর কারেন্ট নেবেন না (যেদিক দিয়েই হোক না কেন)—তা কখনো হয়?

সিসিটিভি ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে রাস্তার ধারে ময়লা ফেলতে পোষা কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে এক মালিকের বিরুদ্ধে। ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়া শহরের সান জর্জিও জেলায় এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনে চলছে তোলপাড়, আলোচনায় মজেছে নেটিজেনরা।
৩ দিন আগে
একসময় সাম্রাজ্যের লোকজন গর্ব করে বলত, তাদের সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের ছোট শহর শেহোরের এক ভুলে যাওয়া কাগজ যেন অন্য গল্প বলে। সেখানে ইঙ্গিত আছে, সেই শক্তিশালী সাম্রাজ্যকেও একসময় ভোরের আলো দেখতে এক স্থানীয় ধনী ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিতে হয়েছিল।
৪ দিন আগে
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে স্বীকৃত ইলন মাস্ক প্রায় ৭০০ বিলিয়ন ডলারের মালিক। ধারণা করা হচ্ছে, বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে তিনি সবার আগেই ট্রিলিয়ন ডলারের (১০০০ বিলিয়ন) মালিক হবেন। কিন্তু তাঁর আগেই কি না ৬৩ ‘কোয়াড্রিলিয়ন’ পাউন্ডের (৮০ কোয়াড্রিলিয়ন ডলারের বেশি) মালিক হয়ে গেলেন অখ্যাত এক নারী!
৮ দিন আগে
উত্তর মেসিডোনিয়ার প্রেপা হ্রদের মাঝখানে অবস্থিত এক নির্জন দ্বীপ গোলেম গ্রাদ। একসময় এই দ্বীপ কচ্ছপদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে সেখানে চলছে এক অদ্ভুত ও করুণ সংকট। গবেষকেরা জানিয়েছেন, দ্বীপের পুরুষ কচ্ছপদের মাত্রাতিরিক্ত যৌন আগ্রাসনের কারণে সেখানকার স্ত্রী কচ্ছপেরা বিলুপ্তির পথে।
৯ দিন আগে