
ফরাসি এক নাগরিক আমেরিকার এক পার্কে খুঁজে পেলেন বড় একটি হীরা। সেটা আবার নিজের দেশে নিয়ে যেতেও বাধা নেই। কেমন একটু অবাক লাগছে বিষয়টি, তাই না?
ফ্রান্স থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়াতে এসেছিলেন জুলিয়েন নাভাস। মূল উদ্দেশ্য কয়েক দশকের মধ্যে প্রথম কোনো মার্কিন মহাকাশযান চাঁদের উদ্দেশ্যে উৎক্ষেপণের দৃশ্য দেখা। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে পেরেগ্রিন নামের চন্দ্রযানটি উৎক্ষিপ্ত হয়। যদিও চন্দ্রাভিযান শুরুর কয়েক ঘণ্টা পর এটি ব্যর্থ হওয়ার কথা জানানো হয়।
ঘটনা হলো, এ সময় নিউ অরলিন্সেও যান নাভাস। পথেই শোনেন আরকানসাসের ক্রেটার অব ডায়মন্ডস স্টেট পার্কের কথা।
এর আগে স্বর্ণ ও ফসিলের খোঁজে অনুসন্ধান চালানো নাভাসের মধ্যে আগ্রহ জাগিয়ে তোলে এই পার্ক। যেখানে টিকিট কেটে হিরার খোঁজ করা যায় এবং সেই হিরা নিজের সঙ্গে নিয়েও যাওয়া যায়।
আর ওই পার্কেই নাভাস খুঁজে পান ৭ দশমিক ৪৬ ক্যারেটের বিশাল এক হীরা। আরকানসাস স্টেট পার্কসের এক সংবাদ বিজ্ঞপ্তির সূত্রে বিষয়টি নিশ্চিত করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ১১ জানুয়ারি নাভাস পার্কে পৌঁছে টিকিট কিনে হীরা খোঁজার জন্য সাধারণ যন্ত্রপাতি ভাড়া করেন।
‘৯টার দিকে পার্কে ঢুকি এবং খোঁড়াখুঁড়ি শুরু করি।’ বলেন নাভাস, ‘এটি বেশ কষ্টকর এক কাজ। কাজেই বিকেলের দিকে দেখা গেল আমি মূলত মাটির ওপরের অংশের দিকে মনোযোগ দিয়ে লক্ষ্য রাখছি কিছু পাওয়া যায় কি না।’
নাভাসের ভাগ্য ভালো, দিন কয়েক আগেই এক ইঞ্চির বেশি বৃষ্টি হয়েছে পার্কে। কাজেই এটি ছিল ভেজা ও কর্দমাক্ত।
‘বৃষ্টি পড়ায় এটি ধুলাবালি ধুয়ে নিয়ে যায় এবং ওপরের দিকে থাকা ভারী পাথর, খনিজ এবং হীরা উন্মুক্ত করে দেয়।’ ব্যাখ্যা করেন অ্যাসিস্ট্যান্ট পার্ক সুপারিনটেনডেন্ট ওয়েইমন কক্স।
কক্স বলেন, পার্কের অনেক বড় হীরা ওপরের দিকে পাওয়া গেছে এবং পার্কটির পক্ষ থেকে অনুসন্ধানের সুবিধার জন্য ৩৭.৫ একর জায়গার মাটিতে কিছু কাজ করা হয়েছে। মাটি আলগা করতে এবং প্রাকৃতিক ক্ষয়কে ত্বরান্বিত করতেই এটা করা হয়।
একসময় পার্কের ডায়মন্ড ডিসকভারি সেন্টারে হাজির হন নাভাস খোঁড়াখুঁড়িতে পাওয়া রত্নটি নিয়। সেখানে তাঁকে জানানো হয়, ৭ দশমিক ৪৬ ক্যারেটের একটি বাদামি হীরা পেয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে নাভাস বলেছিলেন যে তিনি স্তব্ধ হয়ে যান হীরাটি আবিষ্কার করে। আর কী খুঁজে পেয়েছেন তা তাঁর বাগ্দত্তাকে জানাতে উন্মুখ হয় ওঠেন। পাথরটি গাঢ় চকলেট বাদামি রঙের এবং মার্বেলের মতো গোলাকার।
নাভাস তাঁর বাগ্দত্তার নামানুসারে হীরাটির নাম রাখেন ক্যারিন ডায়মন্ড।
১৯৭২ সালে ক্রেটার অব ডায়মন্ডসকে স্টেট পার্কে রূপান্তরিত করার পর দ্য ক্যারিন ডায়মন্ড হলো অষ্টম বৃহত্তম হীরা।
আরকানসাস রাজ্যের মারফ্রিজবোরো এলাকায় ক্রেটার অব ডায়মন্ডস স্টেট পার্কের অবস্থান। জন ওয়েসলি হাডলস্টন নামের এক ব্যক্তি কীভাবে আগ্নেয়গিরির রত্নসমৃদ্ধ মৃত জ্বালামুখে প্রথম হীরা খুঁজে পান এবং ‘ডায়মন্ড কিং’ বা ‘হীরক রাজা’ নামে পরিচিতি পেয়ে যান, তা নিয়ে নানা ধরনের গল্প প্রচলিত আছে। সবচেয়ে জনপ্রিয় সংস্করণটি বলছে, ঘটনার সূচনা ১৯০৬ সালে। মধ্যবয়সী, অশিক্ষিত কৃষক হাডলস্টন তাঁর ২৪৩ একরের খামারের শালগমের খেতে কাজ করছিলেন। এ সময় দুটি অদ্ভুত ধরনের চকচকে হলুদ কিন্তু স্বচ্ছ পাথর খুঁজে পেলেন।
জিনিসগুলো আসলে কী, সে সম্পর্কে নিশ্চিত না হওয়ায় গ্রাইন্ডিং হুইল দিয়ে পরীক্ষা করেন। তাঁকে বলা হয়েছিল, এটি হীরা ছাড়া যেকোনো কিছুকে নির্দিষ্ট আকার দিতে পারে। তখনই খেয়াল করলেন, পাথর দুটোর কিছু হয়নি, উল্টো এই চূর্ণ করার চাকার মধ্যে ক্ষত তৈরি করেছে। আর এ থেকে অনুমান করলেন, হীরা পেয়ে গেছেন তিনি। এর দাম কেমন হতে পারে জানার জন্য কাছের শহর লিটল রকের এক স্বর্ণকারের কাছ পাঠালেন।
এখন তাঁর আবিষ্কারের জায়গাটি পৃথিবীর একমাত্র হীরার খনি, যেটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত। আর এখানে যে রত্নই খুঁজে পান না কেন, সঙ্গে নিয়ে যেতে পারবেন। পার্কের বিজ্ঞপ্তি অনুসারে প্রতিদিনই পার্কে আসা এক কী দুজন দর্শনার্থী হীরা আবিষ্কার করেন।
পরবর্তী সময়ে ঐতিহাসিক অনেক হীরারই সন্ধান মেলে খনিটিতে। মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া সবচেয়ে বড় হীরা আংকেল স্যাম ডায়মন্ডটিও উত্তোলন করা হয় এই খনি থেকে। এটার ওজন ৪০.২৩ ক্যারেট।
কয়েকবার মালিকানা বদলের পর ১৯৭২ সালে আরকানসাস রাজ্যের পক্ষ থেকে হীরার খনিটি কিনে নেওয়া হয়। ৯১১ একর জায়গা নিয়ে গড়ে ওঠে ক্রেটার অব ডায়মন্ডস স্টেট পার্ক। এর মধ্যে দর্শনার্থীদের রত্ন অনুসন্ধানের জন্য উন্মুক্ত আছে ৩৭.৫ একর এলাকা। আর ১৯৭২ সালের পর থেকে এই পার্কে মিলেছে ৩৫ হাজারের বেশি হীরা।

সিসিটিভি ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে রাস্তার ধারে ময়লা ফেলতে পোষা কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে এক মালিকের বিরুদ্ধে। ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়া শহরের সান জর্জিও জেলায় এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনে চলছে তোলপাড়, আলোচনায় মজেছে নেটিজেনরা।
৩ দিন আগে
একসময় সাম্রাজ্যের লোকজন গর্ব করে বলত, তাদের সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের ছোট শহর শেহোরের এক ভুলে যাওয়া কাগজ যেন অন্য গল্প বলে। সেখানে ইঙ্গিত আছে, সেই শক্তিশালী সাম্রাজ্যকেও একসময় ভোরের আলো দেখতে এক স্থানীয় ধনী ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিতে হয়েছিল।
৪ দিন আগে
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে স্বীকৃত ইলন মাস্ক প্রায় ৭০০ বিলিয়ন ডলারের মালিক। ধারণা করা হচ্ছে, বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে তিনি সবার আগেই ট্রিলিয়ন ডলারের (১০০০ বিলিয়ন) মালিক হবেন। কিন্তু তাঁর আগেই কি না ৬৩ ‘কোয়াড্রিলিয়ন’ পাউন্ডের (৮০ কোয়াড্রিলিয়ন ডলারের বেশি) মালিক হয়ে গেলেন অখ্যাত এক নারী!
৮ দিন আগে
উত্তর মেসিডোনিয়ার প্রেপা হ্রদের মাঝখানে অবস্থিত এক নির্জন দ্বীপ গোলেম গ্রাদ। একসময় এই দ্বীপ কচ্ছপদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে সেখানে চলছে এক অদ্ভুত ও করুণ সংকট। গবেষকেরা জানিয়েছেন, দ্বীপের পুরুষ কচ্ছপদের মাত্রাতিরিক্ত যৌন আগ্রাসনের কারণে সেখানকার স্ত্রী কচ্ছপেরা বিলুপ্তির পথে।
৯ দিন আগে