ভাবছি ও ব্যাটা মাথার ওপর না থাকলে আমার জীবনটাই এত দিনে ‘ভাতসেদ্ধ’ কিংবা ‘ভ্যাতভ্যাতে’ হয়ে যেত। তিনি না থাকলে আমার ঘুম হয় না। মাথা ঝিমঝিম করে। কী যেন নেই, কী যেন নেই মনে হয়। শূন্য শূন্য লাগে সব। বুকের ভেতর হু হু করে বাতাস বয়ে যায়। সাফোকেটেড লাগে, চোখে ঝাপসা দেখি, গলা শুকিয়ে যায়। শীতে অবশ্য এসব একটু কমই হয়। তবু তার মাথার ওপর থাকা চাই। অবাক করা হলেও মাঘ মাসের শীতেও তিনি হালকা ঘ্যানর ঘ্যানর করে না ঘুরলে আমার ঘুম হয় না। তারও ভীষণ কষ্ট। তবু কখনো অভিযোগ করেন না। দিব্যি ঘুরে চলেছেন। ঠিক আমার প্রয়োজন মতো কখনো আস্তে, সামান্য রয়েসয়ে; কখনো আবার বেশ জোরে।
তার ঘোরার ভঙ্গিমাটাও বেশ রাজসিক। রুমে ঢুকে সুইচ অন করতেই প্রথমে খট করে একটা শব্দ করে জানান দেবেন যে তিনি এখন চালু হবেন। আস্তে ধীরে পাক খেতে থাকেন। এরপর তাল-লয় ঠিক রেখে মোহনীয় ভঙ্গিমায় ঘুরতে থাকেন। শঙ্কা হয়, কবে যে রেগেমেগে বলে ওঠেন, ‘আমি আর পারছি না বাপু। সিলিং ফ্যান দেখে আমি কী যন্ত্র না, নাকি? আমারও তো বয়স হচ্ছে দিনকে দিন।’
তিনি বলেন হয়তো, আমি বুঝতে পারি না। সেটা অবশ্যি আমারই ব্যর্থতা। মাঝেমধ্যে মনে হয়, আহা! এই যে সিলিং ফ্যান মাথার ওপর ঘুরে চলেছে। তিনি হয়তো প্রায়ই তার কষ্টের কথা আমাকে বলেন। আমি তার ভাষা বুঝতে পারি না কেন?
এখন এই যে, ধানমন্ডি ৩২ নম্বর থেকে ২৭ নম্বর বাসে উঠে উত্তরা রওনা হলাম বাঁদর ঝোলা ঝুলতে ঝুলতে। তার কথা খুব বেশি মনে পড়ছে। মনে না পড়ারও তো কোনো কারণ নেই। মানুষ নামের এই প্রাণীগুলো যে এত গুতাগুতি আর চিল্লাচিল্লি করতে পারে! উফফ...বড় ক্লান্ত লাগছে। এই জীবনে এর চেয়ে বেশি গরম মনে হয় আর কখনো পড়েনি! শরমের কথা, এক্সট্যাসির ৩২ সাইজের ভারী জিনসের ভেতরে থাকা সিকে ব্র্যান্ডের পাতলা প্যান্টটিও ঘামে ভিজে জবজবে হয়ে গেছে। একটু এদিক সেদিক নড়চড় করলেই ভেজাটা টের পাচ্ছি। কেমন যেন ঘিনঘিন করছে। গা গুলিয়ে আসছে। আর না নড়ে উপায় আছে কোনো? এই কন্ডাক্টর ব্যাটা একবার এই মাথা যাচ্ছে তো আবার সেই মাথা। প্রতিবারই সে এসে বলবে, ‘মামা কই যাইবেন? ভাড়া হইসে?’ মুখে একটা চোর চোর ভাব নিয়ে বলবে, ‘একটু পেছনে যান!’ ‘কী আশ্চর্য! আর কত পেছনে যাব? ব্যাটা আহাম্মক; তুই যা। পেছনে গিয়া দিগম্বর হয়া শুইয়া থাক। যা খুশি তা কর। পেছনে গিয়া নৃত্য কর। সানি লিওনের ছবি দ্যাখ। ফুর্তি কর...’ মনে মনে এসব বলি ঠিকই কিন্তু মুখে আনতে পারি না। বলে কিছু হবে না, তাই হয়তো।
এরচে বরং সিলিং ফ্যান নিয়ে ভাবি, ‘সিলিং ফ্যানটা জানি কী করছে? আচ্ছা এখন বাসায় গিয়ে যদি দেখি তিনি রাগ করে আছেন, কিংবা অভিমানে গাল ফুলিয়ে হাপুস কাঁদছেন? অথবা যদি কবি নজরুলের বিদ্রোহী কবিতা আওড়াতে আওড়াতে নিজেই বিদ্রোহ করে বসেন? কিংবা বিরোধী দলের মতো ধুম করে হরতাল বলে ঘোরা বন্ধ করে দেন? তখন কী হবে আমার?’ নাহ এমনটা তিনি করতে পারেন না। কখনো করেননি। আজও করবেন না। কেন করবেন? নিয়মিত তার সব চাহিদা পূরণ করছি। যখন যেটার দাবি কিংবা আবদার করেছেন, পূরণ করেছি। কী সুন্দর টাইলস লাগানো ঝকঝকে চকচকে বাড়িতে নিয়ে ঝুলিয়েছি। তার সামনেই বারান্দা, বিস্তর খোলা মাঠ। বাতাস টেনে আনতে খুব একটা খাটাখাটনি করতে হয় না। তাহলে এমন হাঙ্গামা করবেন কেন শুনি! বললেই হলো? হ্যাঁ, শরীর-টরির খারাপ করলে সেটা ভিন্ন কথা। তবে সেটারও সম্ভাবনা খুব কম। আসার সময় তো ঠিকই দেখে এসেছিলাম। তিনি তো আর মনিস্যি না। যে মাথা ব্যথা, জ্বর, সর্দি-কাশি এসব আজাইরা অসুখ হবে। তিনি যন্ত্র, মেশিন...
ঠিক আমার মতো। ঘুরছে তো ঘুরছেই।

পুরোনো লোহার রেল সেতু চুরির পর এবার ভারতের বিহারে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলায়...
১৭ ঘণ্টা আগে
টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন চীনের এক ব্যক্তি। সব প্রস্তুতি শেষে যখন ফ্ল্যাটটি বুঝে নেওয়ার সময় এল, তখনই ঘটল চরম বিস্ময়কর এক ঘটনা। ক্রেতা জানতে পারলেন, যে বহুতল ভবনের ৩৪তম তলায় তিনি ফ্ল্যাট কিনেছেন, পুরো ভবনটিই আসলে ৩২ তলা!
৬ দিন আগে
হলিউডের বিখ্যাত হরর চলচ্চিত্র ‘অরফ্যান’-এর গল্পের মতোই এক রুদ্ধশ্বাস ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ব্রাজিলে। ১২ বছর বয়সী এক অটিস্টিক শিশুকে দত্তক নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছিল একটি পরিবার।
৬ দিন আগে
ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, একটি রানি মৌমাছি তাঁর প্যান্টে বসে পড়ার পর হাজার হাজার মৌমাছি তাঁকে ঘিরে ফেলে। সম্ভাব্য বিপদের মুখে তিনি প্রায় ৩০ মিনিট সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত কোনো হুলের আঘাত...
১৪ দিন আগে