
বিশ্বের অন্যতম প্রভাবশালী সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শান্তনু নারায়ণ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দীর্ঘ ১৮ বছর পর তিনি এই শীর্ষ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তাঁর পদত্যাগের ঘোষণার পর সান জোসে-ভিত্তিক কোম্পানিটি এখন নতুন সিইওর সন্ধানে নামছে।
তবে অ্যাডোবি জানিয়েছে, শান্তনু নারায়ণ এখনই পদ ছাড়ছেন না। একজন যোগ্য উত্তরসূরি নিযুক্ত না হওয়া পর্যন্ত তিনি সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সিইও পরিবর্তনের প্রক্রিয়াটি সহজ করতে ও কোম্পানিকে সহায়তা দিতে তিনি বোর্ড চেয়ার হিসেবে বহাল থাকবেন। বোর্ড একটি বিশেষ কমিটি গঠন করেছে যারা অভ্যন্তরীণ ও বাহ্যিক—উভয় ক্ষেত্র থেকেই নতুন সিইও খুঁজে বের করার প্রক্রিয়াটি তদারকি করবে।
অ্যাডোবির লিড ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর ফ্রাঙ্ক ক্যালডেরোনি বলেছেন, ‘বোর্ডের পক্ষ থেকে আমি গত ১৮ বছরে অ্যাডোবির সাফল্যের কারিগর হিসেবে শান্তনুর অবদানের স্বীকৃতি দিতে চাই। তিনি অ্যাডোবিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত যুগের সফলতার জন্য প্রস্তুত করেছেন।’
গত বৃহস্পতিবার শান্তনু নারায়ণ কর্মীদের এক বার্তায় তাঁর এই সিদ্ধান্তের কথা জানান। তিনি লেখেন, ‘১৮ বছরেরও বেশি সময় পর আমি অ্যাডোবির সিইও পদ থেকে সরে দাঁড়ানোর কথা বোর্ডকে জানিয়েছি। আগামী মাসগুলোতে আমি ফ্রাঙ্ক ক্যালডেরোনি এবং পরিচালনা পর্ষদের সঙ্গে কাজ করব যাতে আমার উত্তরসূরিকে খুঁজে বের করা যায় এবং দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়াটি মসৃণ হয়।’
তিনি আরও বলেন, তিনি বোর্ড চেয়ার হিসেবে থেকে যাবেন, ঠিক যেমনটি তাঁর দায়িত্ব নেওয়ার সময় জন এবং চাক (অ্যাডোবির প্রতিষ্ঠাতা) করেছিলেন। অ্যাডাবির সঙ্গে নিজের দীর্ঘদিনের স্মৃতিচারণ করতে গিয়ে শান্তনু জানান, গত দুই দশকে অ্যাডোবি ব্যাপক সম্প্রসারিত হয়েছে। তিনি বলেন, কর্মীর সংখ্যা ৩ হাজার থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে ৩০ হাজারেরও বেশি। বার্ষিক আয় ১ বিলিয়ন ডলারের কম থেকে বেড়ে বর্তমানে ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। গ্রাহকসংখ্যা ও ডিজিটাল অভিজ্ঞতার পরিধি এখন কয়েকশ কোটি মানুষের কাছে পৌঁছেছে।
শান্তনুর পদত্যাগের ঘোষণায় অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘শান্তনুকে অভিনন্দন! আপনি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সফটওয়্যার কোম্পানি তৈরি করেছেন এবং সৃজনশীলদের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছেন।’
উল্লেখ্য, প্রায় তিন দশক আগে শান্তনু নারায়ণ অ্যাডোবিতে যোগ দেন এবং ২০০৭ সালে প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নেতৃত্বেই অ্যাডোবি প্যাকেজ সফটওয়্যার বিক্রির মডেল থেকে বেরিয়ে সাবস্ক্রিপশন-ভিত্তিক ‘ক্লাউড প্ল্যাটফর্ম’ মডেলে রূপান্তরিত হয়। ফটোশপ, অ্যাক্রোব্যাট এবং ক্রিয়েটিভ ক্লাউডের মতো ফ্ল্যাগশিপ প্ল্যাটফর্মগুলো তাঁর সময়েই বিশ্বজুড়ে ব্যবসায়িক ও সৃজনশীল কাজের প্রধান হাতিয়ার হয়ে ওঠে।

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
২ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে