
বাংলাদেশের রাজনৈতিক দলগুলো শত বিষয়ে দ্বিমত করলেও মার্কিন যুক্তরাষ্ট্রের তাঁবেদারির প্রশ্নে যেন একমত হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন চুক্তির ফলে একদিকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে এই দেশ একটি বৈশ্বিক সংঘাতের অংশে পরিণত হচ্ছে। সব মিলিয়ে একধরনের পরাধীনতার শৃঙ্খল এ দেশের মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।
আজ শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে দেশবিরোধী মার্কিন চুক্তি স্থগিতের দাবিতে অবস্থান কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ) এই কর্মসূচির আয়োজন করে।
এনপিএর সেন্ট্রাল কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু বলেন, ‘বাংলাদেশের নীতি হওয়া উচিত ছিল—যখন বড় বড় শক্তিধর রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত থাকে, তখন সব পক্ষ থেকে কীভাবে সর্বোচ্চ সুবিধা নেওয়া যায়, সেই কৌশল গ্রহণ করা। কিন্তু আমরা তা না করে এমন চুক্তি করেছি, যার মাধ্যমে আমাদের স্বাধীন পররাষ্ট্রনীতি কার্যত বিকিয়ে দিতে হচ্ছে।’
মেঘমল্লার আরও বলেন, ‘আমরা নিজেরা কখনোই আমাদের দেশের খনিজ বা জ্বালানি সম্পদ উত্তোলনে স্বয়ংসম্পূর্ণ হতে পারব না। কারণ, মার্কিন কোম্পানিগুলো আগে থেকেই প্রতিষ্ঠিত এবং তাদের কাছে উন্নত প্রযুক্তি রয়েছে। ফলে ঘুরেফিরে আমাদের সেই চুক্তিগুলো মার্কিন কোম্পানিগুলোর সঙ্গেই করতে হবে। এর মাধ্যমে জ্বালানি খাতের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত ক্ষেত্রেও আমরা আমাদের স্বার্থ একরকম মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিচ্ছি।’
মেঘমল্লার আরও বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে বায়োটেকনোলজির মাধ্যমে যেসব বীজ তৈরি করা হয়, দীর্ঘ মেয়াদে এসব বীজ বাংলাদেশের কৃষির জন্য ক্ষতি ডেকে এনেছে। আগে কৃষকের হাতে যে বীজের নিয়ন্ত্রণ ছিল, তা অনেকটাই হারিয়ে গেছে। নতুন চুক্তি কার্যকর হলে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা বায়োটেকনোলজিক্যাল পণ্য বা বীজ নিজের মতো করে আর পরীক্ষা বা পর্যালোচনা করতে পারবে না। এটি মূলত একধরনের একতরফা চাপ ছাড়া আর কিছু নয়।’
বাংলাদেশের রাজনৈতিক দলগুলো শত বিষয়ে দ্বিমত করলেও মার্কিন যুক্তরাষ্ট্রের তাঁবেদারির প্রশ্নে একমত হয়ে গেছে বলে অভিযোগ করেন মেঘমল্লার। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো ভেবেছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে তেল না দিয়ে আমরা ক্ষমতায় যেতে পারব না। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র যা চায়, তার ব্যাপারে আগে সই করে দিই। কিন্তু তাদের মনে রাখা দরকার, বাংলাদেশে গণ-অভ্যুত্থান কখনো কোনো একটি রাজনৈতিক দলের মাধ্যমে হয়নি। বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বুঝতে পেরেছিল, ভারতের সঙ্গে যেসব চুক্তি হচ্ছিল, তার অনেকগুলোই ছিল অধীনতামূলক। ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ এটাও বুঝে ফেলবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিগুলো করা হচ্ছে, সেগুলোও একধরনের অধীনতার চুক্তি।’
এনপিএর মুখপাত্র নাজিফা জান্নাত বলেন, ‘বাংলাদেশ যে সকল দেশের সঙ্গে চুক্তি করবে সবগুলো সমর্যাদার ভিত্তিতে হতে হবে এবং বাংলাদেশের স্বার্থ সেখানে মাথায় রাখতে হবে। কিন্তু আমরা দেখতে পাই, রাজনৈতিক দলগুলো যখন বাংলাদেশের সার্বভৌমত্বের কথা বলে, তখন কেবলমাত্র ভারতের নামটাই উল্লেখ করে। আমরা বলতে চাই, ভারত-আমেরিকাসহ পৃথিবীর যত দেশের সঙ্গে আমাদের চুক্তি হবে; সকল দেশের সঙ্গে বাংলাদেশের সমমর্যাদা এবং সার্বভৌমত্বের জায়গাটা মাথায় রাখতে হবে।’
অবস্থান কর্মসূচিতে এনপিএর সেন্ট্রাল কাউন্সিলের সদস্য অনিক রায় লিখিত বক্তব্য পাঠ করে তাঁদের দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, যেসব চুক্তি এখনো সংসদে অনুমোদিত হয়নি, সেগুলো স্থগিত রাখতে হবে; গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যাপক আইনি পর্যালোচনার দাবি করতে হবে এবং সাড়ে চার হাজার মার্কিন পণ্যে তাৎক্ষণিক শূন্য শুল্কের মতো সবচেয়ে ক্ষতিকর ধারাগুলোর বাস্তবায়ন কার্যকরভাবে স্থগিত রাখতে হবে।
অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এনপিএর সেন্ট্রাল কাউন্সিলের সদস্য বাকি বিল্লাহ, মাইন আহমেদ, অলীক মৃ প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ছেলেরা খালি ঘুরঘুর করে চাকরির খোঁজে। এভাবে চাকরি তো পাওয়া যাবে না। আমাদের নিজেদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ করতে হবে, ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। মেধাকে প্রাধান্য দিতে হবে। সরকার মেধাকেই প্রাধান্য দেবে...
২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, অবিলম্বে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তাঁকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত শোকপ্রস্তাবে চিহ্নিত যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধে যুক্ত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
৩ ঘণ্টা আগে
সারা দেশে নারী হত্যা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সমাবেশ থেকে নারী নিপীড়ন ও হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়...
৩ ঘণ্টা আগে