কুয়াশার চাদরে মোড়া সবুজ পাহাড়, নীল আকাশের নিচে স্থির জলরাশি আর দূরে মেঘের আনাগোনা! এই মনোমুগ্ধকর দৃশ্যের টানে প্রতি শীতে প্রকৃতিপ্রেমী ভ্রমণপিয়াসিরা ছুটে যান পাহাড়ের কোলে, খুঁজে নেন প্রশান্তি আর মুগ্ধতার ঠিকানা। এই প্রশান্তির খোঁজে আমাদেরও যাত্রা এবার পাহাড়ে।
টানা তিন দিনের ছুটি, তার সঙ্গে ২০২৫ নিভে যাওয়ার ক্ষণ। এমন মাহেন্দ্রক্ষণে বেরিয়ে না পড়ে আর পারা গেল না। গন্তব্য—বান্দরবানের বগা লেক ও কেওক্রাডং।
খোঁজখবর করেও সাপ্তাহিক ছুটির ভিড়ে ওসব জায়গায় রিসোর্ট বা মাচাং জোটেনি। সেই সংবাদ উপেক্ষা করে দুপুরে নন-এসি গাড়িতে চড়ে শুরু হলো যাত্রা—ঢাকা থেকে চট্টগ্রাম। সেখানে নেমে গাড়ি পরিবর্তন করে সন্ধ্যার আগে পৌঁছে গেলাম বান্দরবান। সেখানে রাত কাটিয়ে পরদিন সকালে তিনজন মিলে সিএনজিচালিত অটোরিকশায় চেপে রওনা হলাম রুমার উদ্দেশে। পথে থানচি-রুমা সড়কের মাঝামাঝি সেনাবাহিনীর চেকপোস্ট। এনআইডি দেখানোর পর নাম লিপিবদ্ধ করে প্রবেশের অনুমতি মিলল। পাহাড়ি আঁকাবাঁকা পথে এগোতে এগোতে মনে হচ্ছিল, আমরা যেন তিন যাযাবর, প্রকৃতির ধ্যানে মগ্ন। চোখের সামনে শুধু পাহাড় আর পাহাড়।
রুমা উপজেলায় ঢোকার মুখে আরেকটি চেকপোস্ট। পরিচয়পত্র জমা দিতে হাতে তুলে দিল একটি এন্ট্রি স্লিপ। সেটি নিয়ে পৌঁছে গেলাম রুমা বাজারে। এখানেই মূল প্রস্তুতি। গাইড অফিস থেকে গাইড নেওয়া, আর পরবর্তী যাত্রার সব আয়োজন তার মাধ্যমেই সম্পন্ন করা।
সিএনজিচালিত অটোরিকশা ছেড়ে এবার পালা চাঁদের গাড়ির। কিন্তু তিনজনের জন্য এটি ব্যয়বহুল হওয়ায় শুরু হলো সঙ্গী খোঁজা। সৌভাগ্যক্রমে পেয়ে গেলাম আরও তিন বন্ধু এবং একই পরিবারের শ্বশুর, জামাই আর দুই শ্যালককে। এভাবেই ১০ জনের একটি দল তৈরি হয়ে গেল আমাদের। গাইড অফিসে ফরম পূরণ শেষে সরকার নিবন্ধিত গাইড ঠিক করে চাঁদের গাড়িতে চেপে রওনা দিলাম বগা লেক ও কেওক্রাডংয়ের পথে।
বগা লেকে পৌঁছানোর আগেই পড়ে মুনলাই পাড়া। পাহাড়ি গ্রাম। সম্ভবত দেশের সবচেয়ে পরিষ্কার ও মার্জিত গ্রামগুলোর একটি হিসেবে পরিচিত এই জনপদ বান্দরবানের রুমায়, পাহাড়ের কোলে। প্রথম দর্শনে গ্রামটির সৌন্দর্য মন কেড়ে নেয়। পরিপাটি পথ, নিস্তব্ধ প্রকৃতি আর সরল জীবনযাপনের ছোঁয়ায় মুনলাই পাড়া যেন নিজস্ব ভাষায় কথা বলে। এখানকার অধিবাসীদের জীবনধারা ও ঐতিহ্য গ্রামটিকে আরও আলাদা করে তুলেছে।
মুনলাই পাড়ার সামনে দার্জিলিং পাড়া। এই গ্রামের সৌন্দর্যও আমরা উপেক্ষা করিনি। সবুজ পাহাড় আর শান্ত পরিবেশে কিছুটা সময় কাটিয়ে এগিয়ে যেতে চোখে পড়ল কাঙ্ক্ষিত গন্তব্য বগা লেক। পাহাড়ের কোলে নীল জলের লেকটি যেন প্রকৃতির নিজ হাতে আঁকা ছবি। শীতের সকালে লেকের ওপর হালকা কুয়াশা, নৌকার ছায়া আর সূর্যের নরম আলো—সব মিলিয়ে এক নিঃশব্দ মুগ্ধতা। বগা লেকে বসে সূর্যাস্ত দেখা এক অপার্থিব অভিজ্ঞতা। সেখানে করা যায় কায়াকিং। পাহাড়ের আড়াল থেকে সূর্য যখন ধীরে ধীরে বিদায় নেয়, তখন লেকের জলে লালচে আভা ছড়িয়ে পড়ে। রাতে পাহাড়ি গ্রামের নিস্তব্ধতা, আকাশভরা তারার মেলা শহরের কোলাহল ভুলিয়ে দিতে যথেষ্ট।

বগা লেকের নীল জলরাশির টান উপেক্ষা করে এবার আমাদের গন্তব্য দেশের অন্যতম উঁচু পাহাড় কেওক্রাডং। পাহাড়ি পথ ধরে এগোতে এগোতে সন্ধ্যা ঘনিয়ে এল। সন্ধ্যায় পাহাড়ের পাদদেশে পৌঁছে আমরা বিস্ময়ে বিমূঢ়! নিচে ফেলে আসা সভ্যতার কোলাহল আর হাজার ফুট ওপরে নীরবতার সেই রাজত্বে দাঁড়িয়ে নিজেকে মনে হচ্ছিল দুনিয়ার সর্বোচ্চ মানুষ!
গাইড রাত কাটানোর ব্যবস্থা করলেন একটি মাচাং ঘরে। একটি মাচাংয়ে সাধারণত তিনটি ছোট রুম থাকলেও ভাগ্যে জুটল মাত্র একটি। উপায় নেই, ৮ জনের জন্য তৈরি মাচাংয়ে আমাদের ১০ জনকে রাত কাটাতে হলো। অস্বস্তির বদলে সেটিই হয়ে উঠল স্মৃতির সবচেয়ে উষ্ণ অধ্যায়।
রাত বাড়তেই শুরু হলো গানের আসর। পাহাড়ের বুক চিরে ভেসে গেল কণ্ঠের সুর। মাথার ওপর জোছনার আলো, চারপাশে গভীর নীরবতা আর তীব্র শীত—সব মিলিয়ে প্রকৃতির সঙ্গে এক অদ্ভুত আত্মিক সংযোগ। শীতের কাঁপুনি গায়ে মেখেই একসময় ঘুমিয়ে পড়লাম সবাই।
ভোর আনুমানিক ছয়টা। কেওক্রাডংয়ের চূড়ায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চোখের সামনে উন্মোচিত হলো এক স্বর্গীয় দৃশ্য—মেঘের সাগর। কখনো মেঘ পায়ের নিচে, আবার কখনো চারপাশজুড়ে, মনে হচ্ছিল, আমরা বুঝি আকাশের খুব কাছাকাছি চলে এসেছি। সূর্যের উঁকি, রোদের তেজ আর মেঘের ঢেউ—সব মিলিয়ে সেই মুহূর্ত ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
সূর্যের আলো পাহাড়জুড়ে ছড়িয়ে পড়তেই আমরা ফিরে আসার পথে পা বাড়িয়ে দিলাম বান্দরবানের দিকে। বগা লেক আর কেওক্রাডংয়ের পাহাড়ি দৃশ্য যেন দীর্ঘ পথচলার সব ক্লান্তি মুহূর্তেই মুছে দিল। বিদায়ী বছরের শেষ প্রান্তে এসে এই পাহাড়ি যাত্রা আমাদের জন্য হয়ে রইল স্মৃতির এক অনন্য অধ্যায়।

যেভাবে যাবেন
শীতকাল, অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি বগা লেক ও কেওক্রাডং ভ্রমণের ভালো সময়। ঢাকা থেকে প্রতিদিন সকাল ও রাতে স্লিপারসহ বিভিন্ন ধরনের বাসে বান্দরবানে যাওয়া যায়। তবে বাসের টিকিট অবশ্যই আগে কেটে রাখবেন। চাইলে চট্টগ্রাম হয়েও বান্দরবানে যাওয়া যাবে।
বান্দরবান শহর থেকে সিএনজিচালিত অটোরিকশা কিংবা চাঁদের গাড়ি অথবা বাসে যেতে হবে রুমা উপজেলায়। সময় লাগে ২ থেকে ৩ ঘণ্টা। রুমা থেকে বগা লেকে যাওয়ার একমাত্র মাধ্যম চাঁদের গাড়ি। সরকারের অনুমোদিত গাইড আপনাকে ব্যবস্থা করে দেবে। রাতে থাকাসহ ১ দিনের জন্য ভাড়া ৭ থেকে ৮ হাজার টাকা।
কোথায় থাকবেন
বগা লেকে রাত যাপন করে পরদিন কেওক্রাডং ঘুরেফিরে আসা যায়। বগা লেকে থাকার জন্য রয়েছে বগা লেক রিসোর্ট, হিলভিউ রিসোর্ট, পর্যটন মোটেলসহ বিভিন্ন থাকার ব্যবস্থা। ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা খরচ হবে প্রতি রাত থাকার জন্য। তবে খাওয়ার জন্য আলাদা টাকা দিতে হবে। চাইলে থাকা ও খাওয়ার প্যাকেজ নিতে পারবেন।
কেওক্রাডংয়ে বিলাসবহুল থাকার ব্যবস্থা নেই। সেখানে রয়েছে মাচাং ঘর। সাধারণত একটি মাচাংয়ে ৬ থেকে ৮ জন থাকা যায়। তবে চাইলে তাঁবু করেও থাকা যায়। খাওয়ার জন্য সেখানে রয়েছে একটি পাহাড়ি খাবারের দোকান।
ভ্রমণের আগে জরুরি টিপস

বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১২ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১৩ ঘণ্টা আগে
ইফতারে তেলে ভাজা বা বেশি মসলায় রান্না করা খাবার খাওয়া স্বাস্থ্যকর নয়। স্বাস্থ্যকর ইফতারিতে কী রাখা যায়, তাই ভাবছেন কি? অত চিন্তা না করে রাখতে পারেন রঙিন ফলের সালাদ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এই রেসিপি যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু...
১৮ ঘণ্টা আগে
সঠিক পরিকল্পনা, পুষ্টিকর খাবার এবং সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল আচরণই পারে আপনার কর্মজীবনকে রমজানেও আনন্দময় ও চাপমুক্ত রাখতে। খাদ্যাভ্যাস এবং ঘুমের রুটিন বদলে যাওয়ায় অনেক সময় ক্লান্তি ও অবসাদ ভর করে। কিন্তু মনে রাখবেন, রোজা রেখে কাজ করা মানেই কর্মদক্ষতা কমিয়ে দেওয়া নয়। সঠিক পরিকল্পনা ও মানসিক...
২০ ঘণ্টা আগে