
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী।
আজ মঙ্গলবার বিকেলে ফল প্রকাশের পর পিএসসি সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। সেই সময়সূচি পরে জানানো হবে।
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা গত ২৭ নভেম্বর শুরু হয়। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা চলে ১৮ ডিসেম্বর পর্যন্ত।
৩ হাজার ৪৮৭টি ক্যাডার ও ২০১টি নন-ক্যাডার পদে নিয়োগ দিতে ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি জারি করে পিএসসি। সে বছরের ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে এ বিসিএসের আবেদন গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও ৯ ডিসেম্বর তা স্থগিত করে পিএসসি। পরে ওই বছরের ২৬ ডিসেম্বর ৪৭তম বিসিএসের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সংশোধিত বিজ্ঞপ্তিতে ৪৭তম বিসিএস পরীক্ষা থেকে আবেদন ফি ও মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর কমানো হয়। এ বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়। ফলে মোট নম্বর ১১০০ থেকে পরিবর্তন করে ১০০০ করা হয়। এ বিসিএসে প্রথমবারের মতো আবেদনের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়। পরে ওই বছরের ২৯ ডিসেম্বর থেকে শুরু হয় এ বিসিএসের আবেদন, যা চলে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রথমে ২০২৫ সালের ৮ অগাস্ট ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। পরে ওই বছর ১৯ সেপ্টেম্বর আট বিভাগীয় শহরের মোট ২৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করা হয়। একই বছরের ২৮ সেপ্টেম্বর ১০ হাজার ৬৪৪ জন প্রার্থীকে উত্তীর্ণ করে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি।
পরে ওই বছরের ২৭ নভেম্বর থেকে লিখিত পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা করা হলে প্রার্থীদের একাংশ তা পেছানোর দাবিতে আন্দোলন করেন। কিন্তু পরীক্ষা শুরুর তারিখ নিয়ে অনড় অবস্থানে থাকে পিএসসি। কয়েক দিন আন্দোলনের পর ওই প্রার্থীরা পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছিলেন।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এনআরবি ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির স্টুডেন্ট ফাইল সার্ভিসেস বিভাগে সেন্টার ম্যানেজার পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২৫ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
১০ ঘণ্টা আগে
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এভারকেয়ার হাসপাতাল ঢাকা। প্রতিষ্ঠানটি পেস্ট্রি শেফ পদে জনবল নিয়োগ দেবে। আবেদন করা যাবে ১৩ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১১ ঘণ্টা আগে
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মোট ২৫ পদে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১২ ঘণ্টা আগে
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৩তম থেকে ১৭ গ্রেডে ২৩টি পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৩ ঘণ্টা আগে