Ajker Patrika

হরমুজ প্রণালিতে ইরান চুক্তি মানছে না, ট্রাম্পের অভিযোগ

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১২: ৪৯
হরমুজ প্রণালিতে ইরান চুক্তি মানছে না, ট্রাম্পের অভিযোগ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যবস্থাপনায় ইরান চুক্তি মানছে না বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, ইরান ‘খুবই খারাপ কাজ’ করছে এবং এটি ‘আমাদের যে চুক্তি রয়েছে, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়’।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই মন্তব্য চলমান যুদ্ধবিরতি চুক্তির ভঙ্গুর অবস্থাকেই তুলে ধরেছে। ওই চুক্তিতে কী কী অন্তর্ভুক্ত ছিল, তা নিয়ে ভিন্নমত রয়েছে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তাঁর সরকার লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে যাচ্ছে। এই আলোচনার মূল লক্ষ্য হবে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, চলমান যুদ্ধবিরতি আলোচনা নিয়ে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে আগামী সপ্তাহে ওয়াশিংটনে একটি বৈঠকের আয়োজন করা হবে।

আলোচনা শুরুর আগেই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন লেবাননের কর্মকর্তারা। তবে নেতানিয়াহু উত্তর ইসরায়েলের বাসিন্দাদের উদ্দেশে দেওয়া ভাষণে স্পষ্ট করে বলেন, ‘লেবাননে কোনো যুদ্ধবিরতি নেই।’

এসব আলোচনার মধ্যেই গতকাল বৃহস্পতিবার লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত ছিল। দেশটির দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর রকেট উৎক্ষেপণকেন্দ্রগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। তবে রাতের দিকে অন্তত সাময়িকভাবে হামলার তীব্রতা কমে আসে।

এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, শান্তি আলোচনা এগিয়ে নিতে ইসরায়েল হামলার মাত্রা ‘কমিয়ে আনবে’। নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ হয়ে জানিয়ে এনবিসি নিউজকে ট্রাম্প আরও বলেন, ‘আমি বিবির (নেতানিয়াহু) সঙ্গে কথা বলেছি, তিনি বিষয়টি নমনীয়ভাবে দেখবেন। আমার মনে হয়, আমাদের একটু সংযত হওয়া দরকার।’

বৃহস্পতিবারের হামলার মুখে রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলির বাসিন্দাদের জন্য নতুন করে এলাকা ছাড়ার সতর্কতা জারি করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, এই সতর্কবার্তার আওতায় জ্নাহ এলাকা রয়েছে, যেখানে দুটি বড় হাসপাতাল অবস্থিত।

তিনি বলেন, ‘বর্তমানে সেখানে থাকা প্রায় ৪৫০ জন রোগীকে, যাদের মধ্যে ৪০ জন আইসিইউতে আছে, তাদের সরিয়ে নেওয়ার মতো বিকল্প কোনো চিকিৎসা সুবিধা নেই। তাদের সরিয়ে নেওয়া কার্যত অসম্ভব।’

গেব্রেয়াসুস আরও জানান, গত বুধবার ইসরায়েলের ব্যাপক হামলায় আহত ১ হাজার ১৫০ জনের মধ্যে অনেকেই এই হাসপাতালে চিকিৎসাধীন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবারের হামলায় অন্তত ৩০৩ জন নিহত হয়েছেন।

ডব্লিউএইচও প্রধান আরও বলেন, জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের সদর দপ্তর যেখানে পাঁচটি আশ্রয়কেন্দ্রে পাঁচ হাজারেরও বেশি মানুষ রয়েছেন, সেটিও সরিয়ে নেওয়ার নির্দেশনার আওতায় পড়েছে।

যুদ্ধবিরতি চুক্তিটি নিয়ে শুরু থেকেই বিভ্রান্তি ছিল যে এতে ইসরায়েলের দ্বিতীয় যুদ্ধক্ষেত্র, লেবানন অন্তর্ভুক্ত কি না। ইরানের কর্মকর্তা ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা ইতিবাচক দাবি করলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি তা অস্বীকার করেছে।

এই বিভ্রান্তির মধ্যেই গত ছয় সপ্তাহের মধ্যে লেবাননে সবচেয়ে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় ইরান দাবি করে, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে। পাল্টাব্যবস্থা হিসেবে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ফের বন্ধ করে দেয় এবং পাল্টা হামলার হুমকি দেয়।

বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের এই রুটটি নিয়ে ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ লেখেন, ‘খবর পাওয়া যাচ্ছে ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী ট্যাংকারগুলো থেকে মাশুল আদায় করছে। তারা যেন এমনটা না করে, আর করে থাকলে এখনই বন্ধ করা উচিত।’

ইসরায়েলি সেনাবাহিনী এখনো লেবাননের দক্ষিণাঞ্চলের বড় একটি অংশ দখলে রেখেছে, যেখানে গত কয়েক দিনে সেখানে একের পর এক গ্রাম ধ্বংস করা হয়েছে। অন্তত সাময়িক যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ছাড়া দুই পক্ষের মধ্যে আলোচনা কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

এটিও অনিশ্চিত যে লেবানন সরকারের সঙ্গে ইসরায়েল আলোচনা করলেও হিজবুল্লাহর ওপর বৈরুতের নিয়ন্ত্রণ কতটা থাকবে। হিজবুল্লাহ লেবানন সরকারের অংশ হলেও তারা মূলত ইরান-সমর্থিত একটি স্বতন্ত্র শক্তি। মার্চ মাসের শুরুতে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর লেবানন সরকার হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করলেও গোষ্ঠীটি তাদের অভিযান বন্ধ করেনি।

বৃহস্পতিবার লেবাননের মন্ত্রিসভা রাজধানী বৈরুতে অস্ত্র ব্যবহারের ক্ষমতা কেবল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশ দেয়। মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেন, ‘সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীকে অবিলম্বে বৈরুত গভর্নরেটে রাষ্ট্রীয় কর্তৃত্ব পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছে।’

নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, বৈরুতকে নিরস্ত্রীকরণের জন্য লেবাননের প্রধানমন্ত্রীর এই আহ্বানকে ইসরায়েল স্বাগত জানায়। তারা বলছে, দুই দেশের আলোচনার কেন্দ্রবিন্দু হবে ‘হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং শান্তি স্থাপন’।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প এবং হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনার পরই নেতানিয়াহু এই বিবৃতি দিয়েছেন। একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তাকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানায়, আগামী সপ্তাহে ওয়াশিংটনে সরাসরি আলোচনা শুরু হবে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এর আগে বলেছিলেন, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতিই একমাত্র সমাধান। এক মাস আগে হিজবুল্লাহর কড়া সমালোচনা করে তিনি ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছিলেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ এবং ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে হিজবুল্লাহ রকেট ছুড়লে এই সংঘাতের নতুন ধাপ শুরু হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান এই যুদ্ধে এ পর্যন্ত ১ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে অন্তত ১৩০ জন শিশু রয়েছে। তবে নিহতের তালিকায় কতজন যোদ্ধা বা সাধারণ নাগরিক, তা আলাদা করে জানানো হয়নি। অন্যদিকে ইসরায়েলের দাবি, তারা প্রায় ১ হাজার ১০০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে।

যুদ্ধের কারণে লেবাননের মোট জনসংখ্যার পাঁচ ভাগের এক ভাগ, অর্থাৎ ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাদের বড় অংশই শিয়া মুসলিম সম্প্রদায়ের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলার জয়যাত্রা, শারজা বন্দরে ফিরে যাচ্ছে

৪০ দিনের যুদ্ধে ইসরায়েলের খরচ কত, ক্ষতিপূরণের আবেদনই পড়েছে ২৮২৩৭টি

যুক্তরাষ্ট্রের ছায়া থেকে বেরোতে চায় মধ্যপ্রাচ্য, আলোচনায় নতুন নিরাপত্তা মডেল

ছেলেকে নিয়োগ দিতে সুন্দরগঞ্জে মাদ্রাসা সুপারের জালিয়াতি

ইসলামাবাদে সাজ সাজ রব: ত্রিমাত্রিক সুরক্ষা বলয়, দুই দিনের ছুটি ও ভিসামুক্ত প্রবেশাধিকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত