
অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারের কারণে বাংলাদেশ, ভারত, লাওস ও ভিয়েতনামে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। সবজি ও পানিতে আশঙ্কাজনক মাত্রায় পাওয়া যাচ্ছে বিষাক্ত উপাদান। সম্প্রতি পেস্টিসাইড অ্যাকশন নেটওয়ার্ক এশিয়া প্যাসিফিকের (পানাপ) এক প্রতিবেদনে উঠে এসেছে ভয়ংকর এই তথ্য। গতকাল সোমবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবসে প্রকাশ করা হয়েছে নতুন এই প্রতিবেদন।
‘সোয়িং হার্ম: দ্য মাল্টিফেসিটেড ইমপ্যাক্ট অব পেস্টিসাইডস ইন ফোর কানট্রিজ’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণাধীন চার দেশের মধ্যে সবচেয়ে বেশি কীটনাশকের উপাদান পাওয়া গেছে লাওসের খাবারে; ৯০ শতাংশের বেশি। তালিকায় দ্বিতীয় অবস্থানে ভারত। দেশটির প্রায় ৭৪ শতাংশ খাদ্যপণ্যে বিষাক্ত উপাদান পাওয়া গেছে। এই হার বাংলাদেশের খাবারে ৪৬ শতাংশ। এসব দেশে বিশেষ করে সবজি, চাল ও দুধে পাওয়া গেছে ক্ষতিকর কীটনাশক। দীর্ঘমেয়াদি রোগ এবং পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে এসব বিষাক্ত উপাদান।
পানাপের গবেষণা অনুযায়ী, কৃষক, নারী ও শিশুরা—যারা এসব বিষাক্ত উপাদানের সংস্পর্শে আসছে, তাদের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। ফসল ও সবজিতে তো সরাসরিই প্রয়োগ করা হয় এই বিষ। পরে তা বাতাসে ভেসে, বৃষ্টির পানিতে ধুয়ে এবং মাটির সঙ্গে মিশে পানি ও পুরো বাস্তুতন্ত্র এবং এমনকি ধূলিকেও বিষাক্ত করে তুলছে। যেখানে এ ধরনের কীটনাশক ব্যবহার ছাড়াই ফসল উৎপাদন সম্ভব।
লাওসে এক জরিপে উঠে এসেছে, দেশটিতে নিয়মিত সবজি খান—এমন মানুষদের মধ্যে ৪২ শতাংশই কলিনেস্টারেজ ইনহিবিশনে আক্রান্ত। এটি এমন এক ধরনের শারীরিক অসুস্থতা, যার কারণে অনিদ্রা, বমি, মাথা ঘোরাসহ বিভিন্ন অসুবিধা হতে পারে; যা পরবর্তী সময়ে বড় ধরনের রোগ তৈরি করতে পারে। মূলত অর্গানোফসফেট ও কার্বামেট কীটনাশকের প্রভাবে কলিনেস্টারেজ ইনহিবিশন হয়।
ভারতে দুধ ও এলাচিতেও পাওয়া গেছে অতিরিক্ত মাত্রার কীটনাশক, যা খাদ্যনিরাপত্তাকে নতুন করে প্রশ্নবিদ্ধ করছে।
শিগগির ব্যবস্থা না নেওয়া হলে পুরো অঞ্চলের জনগোষ্ঠীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে পানাপ। উচ্চ ঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধ করা, কৃষকদের নিরাপদ কৃষিপদ্ধতির প্রশিক্ষণ দেওয়া, নারীদের ও শিশুদের ওপর প্রভাব নিয়ে গবেষণায় জোর দেওয়া, খাদ্যে কীটনাশকের মাত্রা কঠোরভাবে নিয়ন্ত্রণ এবং নজরদারি করতে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছে পেস্টিসাইড অ্যাকশন নেটওয়ার্ক এশিয়া প্যাসিফিক।
পানাপের প্রতিবেদনটির প্রধান লেখক ড. মেরিয়েল ওয়াটস বলেন, ‘তথ্য-উপাত্ত পরিষ্কারভাবে বলছে, কীটনাশকের প্রভাবে বিষক্রিয়া, দীর্ঘস্থায়ী অসুস্থতা ও পরিবেশদূষণের মহামারি দেখা দিচ্ছে। এখনই সময়, সরকারকে সাহসী পদক্ষেপ নিতে হবে এবং কৃষিকে বিষমুক্ত করার পথে এগোতে হবে।’

স্বাস্থ্যখাতে চীনের চলমান সহযোগিতার প্রশংসা করে তা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কিট ও সরঞ্জাম সরবরাহ এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও গবেষকদের জন্য আবাসনের ব্যবস্থা করতে সহযোগিতা চান।
৩ ঘণ্টা আগে
রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
২ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
২ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
২ দিন আগে