একটু খেয়াল করলেই দেখবেন, ইদানীং আশপাশের অনেকে হাঁচি-কাশিতে আক্রান্ত হচ্ছে। কেউ কেউ এটাকে সিজনাল অ্যালার্জি হিসেবে ধরে নিচ্ছেন। আবার অনেকের ধারণা, বয়সের কারণে হয়তো এসব লেগে থাকে। কিন্তু প্রশ্ন হলো, এই সাধারণ উপসর্গগুলো দেখা দিলে তাৎক্ষণিক আরাম পেতে কী করা জরুরি, তা কি আমরা জানি? আবার কখন চিকিৎসা নিতে হবে, সেটাই-বা বুঝব কীভাবে। আগে বুঝতে হবে, হাঁচি ও কাশি আসলে কী।
হাঁচি ও কাশি হলো শরীরের স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা। যখন বাইরের ধুলাবালু, জীবাণু বা অ্যালার্জিক উপাদান নাক বা গলার সংবেদনশীল স্থানে প্রবেশ করে, তখন শরীর প্রতিক্রিয়া দেয় হাঁচি বা কাশির মাধ্যমে। এটি যেমন শরীরের জন্য সুরক্ষা, তেমনি কখনো কখনো বড় অসুখের প্রথম লক্ষণ।
যেসব কারণে হাঁচি-কাশি হতে পারে– ভাইরাল ইনফেকশন: সাধারণ ঠান্ডা, ইনফ্লুয়েঞ্জা কিংবা করোনাভাইরাস—তিনটির যেকোনো একটিকেই হাঁচি-কাশির জন্য দায়ী করা যায়।
অ্যালার্জি: ধুলাবালু, ফুলের রেণু, পোষা প্রাণীর লোম অ্যালার্জিজনিত হাঁচি-কাশির কারণ হতে পারে।
ধূমপান ও দূষণ: ধূমপায়ীদের দীর্ঘস্থায়ী কাশি হয়ে থাকে। শহরের বায়ুদূষণও সমস্যাটি বাড়িয়ে তোলে।
অ্যাসিড রিফ্লাক্স: অনেক সময় গ্যাস্ট্রিকের কারণে গলায় কাশি হয়। এটি অনেকে বুঝতে পারেন না।
ক্রনিক অসুখ: অ্যাজমা, ব্রঙ্কাইটিস, সিওপিডি, যক্ষ্মা ইত্যাদি দীর্ঘস্থায়ী কাশির কারণ হতে পারে।
হাঁচি বা কাশি হলে কখন সাবধান হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে, তা বুঝে নেওয়াটা জরুরি। যেমন–
» কাশি ৩ সপ্তাহের বেশি স্থায়ী হলে
» হাঁচি বা কাশির সঙ্গে জ্বর, কফে রক্ত এলে এবং ওজন কমে গেলে
» কাশি রাতে বাড়লে এবং নিশ্বাসে বাঁশির মতো শব্দ হলে
» শিশুর ক্ষেত্রে হঠাৎ শ্বাসকষ্ট, নীলাভ ঠোঁট, খাওয়ায় অনীহা দেখা দিলে
» বয়স্কদের ক্ষেত্রে হাঁচির সঙ্গে মাথা ঘোরা কিংবা অজ্ঞান হয়ে যাওয়ার প্রবণতা থাকলে।
যদি এই লক্ষণগুলো দেখা দেয়, তাহলে দেরি না করে অবশ্যই দ্রুততম সময়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
কোভিড-পরবর্তী বাস্তবতা
কোভিড-১৯ আমাদের হাঁচি-কাশির ভয়াবহতা সম্পর্কে নতুনভাবে শিখিয়েছে। এখন প্রতিটি হাঁচি কিংবা কাশি মানেই সম্ভাব্য সংক্রমণের উৎস হতে পারে। সে জন্য কিছু সাবধানতা অবলম্বন করতেই হবে। যেমন–
» মাস্ক ব্যবহার করতে হবে
» জনসমাগমে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলা (হাত নয়, কনুইয়ে মুখ ঢেকে হাঁচি দিতে হবে)
» হাঁচি-কাশির সময় পরিচ্ছন্ন রুমাল বা টিস্যু ব্যবহার করতে হবে
» হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করা এখন অভ্যাসের অংশ হতে হবে

চিকিৎসা ও প্রতিরোধ
» পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং পানি পান দ্রুত সেরে উঠতে সহায়তা করে।
» ঈষদুষ্ণ পানি দিয়ে গার্গল ও ভাপ গলা ব্যথা বা কাশি উপশমে কার্যকর।
» অ্যালার্জির ক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন বা ইনহেলার ব্যবহার করতে হবে। তবে তা অবশ্যই চিকিৎসকের পরামর্শে।
» যাদের অ্যালার্জি কিংবা অ্যাজমা আছে, তাদের অবশ্যই ধূমপান পরিহার করতে হবে এবং ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখতে হবে।
» দীর্ঘদিন হাঁচি-কাশির সমস্যা থাকলে প্রয়োজনে এক্স-রে কিংবা রক্ত পরীক্ষা করাতে হবে। এতে রোগ নির্ণয় করা সম্ভব হবে এবং চিকিৎসা নেওয়া সহজ হবে।
শিশুর হাঁচি-কাশিতে বেশি যত্ন দরকার
শিশুদের কাশির সঙ্গে যদি শ্বাসকষ্ট থাকে, খাওয়ায় অনীহা দেখা দেয় অথবা ঘন ঘন বমি করে, তাহলে কোনোভাবেই বিষয়টি উপেক্ষা করা যাবে না। শিশুর কাশি হুপিং কাশি, নিউমোনিয়া অথবা ভাইরাল ব্রঙ্কিওলাইটিসের ইঙ্গিত হতে পারে।
বয়স্কদের ক্ষেত্রেও সতর্কতা জরুরি
বয়স্কদের প্রতিরোধক্ষমতা কম থাকায় সাধারণ ঠান্ডা থেকেও নিউমোনিয়া বা শ্বাসকষ্টজনিত জটিলতা তৈরি হতে পারে। তাঁদের জন্য নিয়মিত চেকআপ ও ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়া উচিত এবং পরিচ্ছন্ন জীবনযাপন করা অত্যন্ত জরুরি।
অ্যান্টিবায়োটিক নিয়ে সতর্কতা
সাধারণ ভাইরাসজনিত ঠান্ডায় অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় না। কিন্তু আমাদের দেশে অনেকের ফার্মেসিতে গিয়ে ওষুধ কিনে খাওয়ার প্রবণতা এখনো রয়ে গেছে। এর ফলে শরীরে তৈরি হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যা ভবিষ্যতের জন্য ভয়াবহ।
পরামর্শ দিয়েছেন: রেসিডেন্ট চিকিৎসক, বিএমইউ

রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
২ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
২ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
২ দিন আগে
রমজান মাসে আমাদের স্বাভাবিক অভ্যাসে কিছু পরিবর্তন আসে। এ সময় খাওয়াদাওয়ার সময় ও ধরন বদলে যায়। আরও বদলে যায় ঘুমের সময়। এই নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় শরীরকে। এ জন্য নতুন করে অনেক অভ্যাস তৈরি করতে হয়।
২ দিন আগে