Ajker Patrika

অতিরিক্ত খিদে কমাতে খান প্রোটিন সমৃদ্ধ খাবার

ফিচার ডেস্ক  
আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১২: ৫০
অতিরিক্ত খিদে কমাতে খান প্রোটিন সমৃদ্ধ খাবার
ছবি: সংগৃহীত

মাত্রই শেষ হলো রমজান মাস। সারা দিন রোজা রেখে খালি পেটে থাকা সম্ভব। তবে রমজান শেষ করে সারা দিন না খেলে মানসিকভাবে অস্থির লাগে অনেকের। কারও কারও দিনে বারবার খিদে পায়। আবার অনেকের সারা দিন কিছু না কিছু খেতে ইচ্ছা হয়। প্রাথমিকভাবে এই অভ্যাসের কারণে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। এই অবস্থা থেকে বের হয়ে আসার সহজ সমাধান হতে পারে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া। প্রোটিন ক্ষুধা কমায়, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণসহ বিভিন্ন কাজ করে। এতে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে যায়।

ডিম

বাড়িতে প্রায় প্রত্যেকের থাকে এমন একটি খাবার— ডিম। এটি প্রোটিন সমৃদ্ধ। এতে শরীরের জন্য খুবই উপকারী ৯টি অ্যামিনো অ্যাসিড রয়েছে। এ ছাড়া ডিমে রয়েছে ভিটামিন, খনিজ ও স্বাস্থ্যকর চর্বি,

যা শরীর সুস্থ রাখতে সাহায্য করে। সকালের নাশতায় ডিম খেলে অনেকক্ষণ ক্ষুধা লাগে না। এ ছাড়া এটি ক্ষুধা কমিয়ে খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করে। সেদ্ধ, পোচ, অমলেট কিংবা ভাজি—যেভাবে খান না কেন, ডিম পুষ্টিসমৃদ্ধ একটি খাবার।

টক দই

গ্রিক দই সাধারণ দইয়ের তুলনায় বেশি প্রোটিন সমৃদ্ধ। এটি ক্ষুধা কমায় এবং পেট দীর্ঘ সময় ভরা রাখে। এ ছাড়া গ্রিক দইয়ে থাকা ক্যালসিয়াম ও প্রোবায়োটিকস হজমের প্রক্রিয়া উন্নত করতে সহায়ক। যেকোনো সময়ের নাশতায় কিংবা হালকা ক্ষুধায় এটি খেতে পারেন। চাইলে ফল, মধু বা চিয়া বীজ মিশিয়ে দই আরও সুস্বাদু করে খেতে পারেন।

চিয়া বীজ

এই ছোট্ট বীজগুলো পুষ্টিগুণে ভরপুর। এতে প্রোটিন, আঁশ এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড আছে। চিয়া বীজ পানিতে ভিজিয়ে খেলে এটি জেলির মতো হয়ে যায়। ফলে হজম ধীর করে এবং ক্ষুধা কমায়। সকালে নাশতায় অথবা স্মুদি, দই কিংবা ওট মিলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন এটি। মাত্র ২ চামচ চিয়া বীজে ৪ গ্রাম প্রোটিন ও ১০ গ্রাম আঁশ থাকে।

বাদাম

প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি এবং আঁশের ভালো উৎস বাদাম। এগুলো ধীরে হজম হয়, ফলে দীর্ঘক্ষণ ক্ষুধা লাগে না। বিশেষ করে কাঠবাদাম খেতে পারেন। এক মুঠো কাঠবাদামে ৬ গ্রাম প্রোটিন থাকে। এটি ক্ষুধা কমাতে সাহায্য করে। হালকা নাশতার জন্য কাঠবাদাম, কাজুবাদাম কিংবা আখরোট খেতে পারেন। তবে পরিমাণ ঠিক রাখতে হবে। কারণ, বাদামে ক্যালরি বেশি থাকে।

ডাল

ডাল আমাদের নিয়মিত খাবার। এটি প্রোটিন এবং আঁশে ভরপুর। ডাল ক্ষুধা কমিয়ে শরীরে শক্তি জোগায়। এতে গ্লাইসেমিক ইনডেক্স কম থাকায় এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। এতে ক্ষুধা কমে এবং বেশি খাওয়ার ইচ্ছা কম হয়। মসুর, মুগ, ছোলা বা বিভিন্ন ধরনের ডাল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো।

প্রোটিন সমৃদ্ধ খাবার ক্ষুধা কমানোর পাশাপাশি শরীরের শক্তি বাড়ায়। আপনার যদি অতিরিক্ত ক্ষুধা লাগে, তাহলে খাবারের তালিকায় প্রোটিনসমৃদ্ধ এই খাবার যোগ করতে পারেন। এতে ক্ষুধা কমবে, ওজন নিয়ন্ত্রণে চলে আসবে এবং শরীর থাকবে সুস্থ ও কর্মক্ষম।

সূত্র: হেলথশট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানের প্রেসিডেন্টের পুত্র ইউসেফ পেজেশকিয়ানের ডায়েরিতে উঠে এল যুদ্ধের চিত্র

আমির হামজার বিস্ফোরক মন্তব্য: ‘বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী টুকু নাস্তিক ও ইসলামবিদ্বেষী’

ব্যাংক এশিয়ার কাছে ৪৭.৫ মিলিয়ন ডলারে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে পাকিস্তানি ব্যাংক আলফালাহ

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত পাঁচজনই পোশাকশ্রমিক, বাড়ি গাইবান্ধা

যুক্তরাজ্যের একটি বন্য প্রাণী পার্কে পুরো নেকড়ে দলকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত