
অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে পথে নেমেছেন টালিউডের অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। আজ শনিবার বিকেলে কলকাতার টেকনিশিয়ান স্টুডিও থেকে ‘জাস্টিস ফর রাহুল’ শিরোনামে এক প্রতিবাদ মিছিল বের করেন তাঁরা। টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও পর্যন্ত প্রতিবাদ মিছিলে পা মেলাতে দেখা গেছে ভাস্কর বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, জুন মালিয়া, ঋত্বিক চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল, লগ্নজিতা চক্রবর্তীসহ অনেককে।
পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বলেন, ‘রাহুলের মৃত্যু ঘিরে অন্তত ২০টি ভার্সন শুনতে পাচ্ছি। কোনটা আসল ঘটনা, সেই সত্যিটা আগে প্রকাশ্যে আসুক।’
পরিচালক অরিন্দম শীলের বক্তব্য, ‘আমার অবাক লাগছে ৭২ ঘণ্টা কেটে গিয়েছে, ছেলেখেলা হচ্ছে? ঘটনার সম্পূর্ণ দায়ভার রাহুলের ওপরই চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ধারাবাহিকের প্রযোজনা সংস্থার প্রযোজক, পরিচালক, প্রোডাকশন ম্যানেজার প্রত্যেকের বক্তব্যে অসংগতি।’
অভিনেতা ঋত্বিক চক্রবর্তী বলেন, ‘রাহুলের মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধছে। অনেকের কথায় অনেক অসংগতি রয়েছে। কিছু তো লুকানোর চেষ্টা করা হচ্ছে। রাহুলের কাঁধে সব দোষ চাপিয়ে দিয়ে দায়মুক্ত হওয়ার একটা নোংরা মানসিকতা দেখছি, যেটা অত্যন্ত জঘন্য। ওর মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানাচ্ছি।’
ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, ‘সিনেমা-সিরিয়ালের গল্পের প্রয়োজনে পাহাড়-সমুদ্র সর্বত্রই শুটিং হওয়া স্বাভাবিক। কিন্তু সেফটি প্রটোকল আমান্য করলেই এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটার আশঙ্কা থেকে যায়। তালসারিতে শুটিংয়ের সময় নিরাপত্তার জন্য কয়েকটি বোট আর কিছু লোকজন রাখলেই এই দুর্ঘটনা ঘটত না।’
ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত বলেন, ‘যে ইউনিট থেকে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে গেল, তাদের কোনো হেলদোল নেই। কোনো স্পষ্ট উত্তর নেই। আমরা প্রত্যেকে ইউনিটের তরফ থেকে কী জানানো হয়, সেই অপেক্ষা করছিলাম। কিন্তু কিছুই হলো না। অগত্যা পথে নেমে প্রতিবাদ করতে হচ্ছে। রাহুলের পরিবার যাতে সঠিক বিচার পায়, সে জন্য আজ আমরা প্রত্যেকে পথে নেমেছি।’
গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুল বন্দ্যোপাধ্যায়ের। শুটিংয়ে ঠিক কী ঘটেছিল, তা জানতে সিরিয়ালের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে চিঠি দিয়েছিল আর্টিস্ট ফোরাম। কিন্তু তাদের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম। তাই সংগঠনটির সদস্যরা বৈঠকে বসেন। সেই বৈঠকে অভিনেতার মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে থানায় অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সে অনুযায়ী রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে আজ শনিবার দুপুরে রিজেন্ট পার্ক থানায় এফআইআর করে আর্টিস্ট ফোরাম। সঙ্গে ছিলেন চিরঞ্জিৎ চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, ভরত কল, লাবণী সরকার, ঋত্বিক চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাসসহ অনেকে।

আফগানিস্তানে বাংলাদেশের মোহাম্মদ নূর ইসলাম নামের একজন এনজিওকর্মী অপহরণের শিকার হন। তাঁর অপহৃত হওয়া, টিকে থাকা আর তাঁর মুক্তির কাহিনি নিয়ে তৈরি হয়েছে ‘দম’। এই সিনেমায় নূর হয়েছেন আফরান নিশো। নূরের স্ত্রী রানীর চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী। গতকাল বাস্তব ও পর্দার নূর ও রানীরা রাজধানীর একটি...
৬ ঘণ্টা আগে
‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনীর একটি ভিডিওকে কেন্দ্র করে শাকিব খানকে ঘিরে চলছে সমালোচনা। ওই ভিডিওতে দেখা যায়, শাকিব খান তাঁর পাশে দাঁড়িয়ে থাকা টালিউড অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর কোমরে হাত দিচ্ছিলেন বারবার। অনেকের ধারণা, শাকিবের আচরণে জ্যোতির্ময়ী অস্বস্তিবোধ করছিলেন।
৭ ঘণ্টা আগে
কারাদণ্ডের আদেশ থাকা সত্ত্বেও ইরানের নিজ ভূমিতে ফিরে গেছেন জাফর পানাহি। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সরাসরি আকাশপথে ভ্রমণের ওপর কড়াকড়ি থাকায় তুরস্ক হয়ে স্থলপথে ইরানে প্রবেশ করেন তিনি।
১২ ঘণ্টা আগে
প্রায় এক বছর বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত হলো গ্র্যান্ড ফিনালে। লাক্স সুপারস্টার ২০২৫-এর বিজয়ী হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল। দ্বিতীয় রানারআপ হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম।
১৫ ঘণ্টা আগে