
ঈদ উপলক্ষে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছিল মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’। এবার সিনেমাটি মুক্তি পাচ্ছে সিঙ্গেল স্ক্রিনে। আজ থেকে দেশের ৩০টি হলে দেখা যাবে রাক্ষস। রোমান্টিক থ্রিলার ঘরানার এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তাঁর নায়িকা হয়েছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।
ঈদের আগেই নির্মাতা জানিয়েছেন, পাইরেসির শঙ্কার কারণে প্রথম সপ্তাহে রাক্ষস সিঙ্গেল স্ক্রিনে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশেষে দুই সপ্তাহ পর সিঙ্গেল স্ক্রিনে আলোর মুখ দেখছে সিনেমাটি।
প্রযোজনা সংস্থা ও প্রদর্শক সমিতির থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্র্যান্ড সিলেট, আনন্দ সিনেমা (কুলিয়ারচর), মণিহার সিনেমা ও মণিহার সিনেপ্লেক্স (যশোর), মম ইন ও মধুবন (বগুড়া), রাজ তিলক (রাজশাহী), সুগন্ধা (চট্টগ্রাম), মধুমিতা, আনন্দ, শ্যামলী স্কয়ার ও সৈনিক ক্লাব (ঢাকা), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), স্বপ্নীলসহ (কুষ্টিয়া) প্রায় ৩০টি হলে চলবে রাক্ষস।
সিঙ্গেল স্ক্রিনে মুক্তির খবরে খুশি অভিনেতা সিয়াম আহমেদ। তিনি বলেন, ‘মাল্টিপ্লেক্স অবশ্যই একটি বড় জায়গা, কিন্তু সিনেমার আসল দর্শক সিঙ্গেল স্ক্রিনের। আমি মনে করি, তারা সিনেমাকে ওউন করে, সেলিব্রেট করে। রাক্ষস সিঙ্গেল স্ক্রিনে সেলিব্রেট করার মতো সিনেমা।’
রাক্ষসের প্রযোজক শাহরীন আক্তার সুমি বলেন, ‘দর্শকদের অনুরোধ ছিল—কবে সিঙ্গেল স্ক্রিনে রাক্ষস আসবে। তাদের জন্য সুখবর, এবার মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি উপভোগ করা যাবে। পরবর্তী সপ্তাহে শতাধিক হলে মুক্তির পরিকল্পনা রয়েছে।’
এই সিনেমায় আরও অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ অনেকে। আইটেম গানে নেচেছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জেনোশেক।
অন্যদিকে, আফরান নিশো অভিনীত ‘দম’ সিনেমাটি ২৪ এপ্রিল সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজক শাহরিয়ার শাকিল। এই সিনেমাটিও শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পায়। গত বুধবার দমের বিশেষ প্রদর্শনীতে সিঙ্গেল স্ক্রিনে মুক্তির তারিখ ঘোষণা দেন শাকিল। তিনি বলেন, ‘আমরা আগেই জানিয়েছিলাম পাইরেসি শঙ্কার কারণে মাল্টিপ্লেক্সে মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। তবে অনেকেই প্রশ্ন করছিলেন সিঙ্গেল স্ক্রিনে কবে থেকে দেখা যাবে দম। অনেক হলমালিক আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। সবকিছুর পরিপ্রেক্ষিতে আমরা ঠিক করেছি সারা দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতে ২৪ এপ্রিল একযোগে দম মুক্তি দেওয়া হবে।’
সত্য ঘটনা অবলম্বনে সার্ভাইভাল স্টোরিতে তৈরি হয়েছে দম। অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরি প্রমুখ। সিনেমাটি ইতিমধ্যে মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়ায়। এ মাসের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তির কথা রয়েছে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে