চিত্রনায়িকা কবরীর মৃত্যু আমাদের বিষণ্ন করে তোলে। তাঁকে যারা কাছ থেকে দেখেছেন, তাঁরা জানেন কতটা সাধারণ ছিলেন তিনি। নায়িকারা তারকা, অর্থাৎ নক্ষত্র। দূর দেশেই থাকেন তাঁরা। তাঁদের কাছাকাছি হওয়া কঠিন।
কিন্তু কবরীকে দেখে সে ধারণা ভেঙে গেল। কথা বলছিলেন যখন, মনে হচ্ছিল কাছের মানুষ। যেকোনো স্বাভাবিক অবস্থায় যেভাবে মানুষ কথা বলে, সেভাবেই কথা বলেছিলেন তিনি। এবং আমরা অবাক হয়েছিলাম, বহুদূরের এই তারকা হঠাৎ করে একেবারে কাছের মানুষ হয়ে গেলেন আমাদের। জীবনের দুটো গল্প বলেছিলেন আমাকে। ছাপা হয়েছে তা পত্রিকায়। আজ আবার সেই গল্প দুটো বলব। মানুষের মন কখন কীভাবে পরিবর্তিত হয়, তার একটা মিষ্টি উদাহরণ হিসেবে থাকবে গল্প দুটো।
একটি গল্পের শুরু ২০০৭ সালে। ছেলে শাকেরকে নিয়ে তিনি গিয়েছিলেন জার্মানির হামবুর্গে। ক্লান্ত হয়ে শাকের ঘুমিয়ে গিয়েছিল হোটেল রুমে। কবরী এসে বসে ছিলেন লবিতে। এ সময় ২৭–২৮ বছর বয়সী এক ছেলেকে দেখলেন তিনি। বারবার কবরীর দিকে তাকাচ্ছিল সে। তারপর একসময় কবরীর কাছে এসে বলল, ‘আমি এই হোটেলের মালিকের ছেলে। তুমি কি টাকা চেঞ্জ করতে চাও? একটু ঘুরতে চাও?’
কবরীর বেশ ভালো লাগল ভদ্র ছেলেটিকে। ডলার ভাঙালেন তিনি, খানিক ঘুরলেন। হোটেলে ফেরার পর শাকের জিজ্ঞেস করল, ‘মা, তুমি কোথায় গিয়েছিলে?’
কবরী ছেলেকে বললেন সব কথা। কবরী বুঝতে পারছিলেন, জার্মান ছেলেটিকে ভালো লাগছে তাঁর। ছেলেটি পরদিন এসে বলল, ‘তোমাকে নিয়ে ডিনারে যেতে চাই।’
কবরী রাজি হলেন এক শর্তে। ছেলেকেও নিয়ে যেতে হবে। ছেলের কথা শুনে জার্মান ছেলেটা একটু দমে গেল। কিন্তু রাজি হলো। কিন্তু ডিনারের সময় বয়ে যায়, ছেলেটা আর আসে না। সেজেগুজে বসে ছিলেন কবরী। এর মধ্যে শাকেরও কোথাও বেরিয়ে গেল। মেজাজ খারাপ করে ঘুমিয়ে পড়লেন কবরী।
পরদিন ঘুম থেকে উঠে দেখেন, শাকের মুচকি মুচকি হাসছে। এরপর বোঝা গেল আগের দিন কী ঘটেছে। জার্মান ছেলেটা সময়মতোই এসেছিল, কিন্তু শাকেরই ওকে বলেছে, ‘মা ঘুমাচ্ছে, চলো আমরা দুজন যাই।’
অসম বয়সী এই প্রেমের কথা মনে রেখেছিলেন কবরী। নানা বয়সের প্রেমের ব্যাপারে বলেছিলেন, ‘আমি কিন্তু গলা পর্যন্ত নেমেছি, তারা হাঁটুজলেও নামেনি। ভালোবাসার তো কত রূপ। তবে এটা বলি তোমাকে, ট্রাডিশনাল প্রেম বলতে যা বোঝায়, তেমন কিছু আমার জীবনে ঘটেনি।’
আরেকটি অবাক করা প্রেমের গল্প বলেছিলেন। ২০১১ বা ১২ সালে একবার চট্টগ্রামে গিয়েছিলেন কবরী। সেখানে এক তরুণ এসে কবরীকে অনুরোধ করল তাঁদের বাড়ি যাওয়ার জন্য। সবিনয় অনুরোধ। আহ্বানে আন্তরিকতা ছিল, এড়াতে পারলেন না কবরী। সেই বাড়ির সবাই কবরীর ভক্ত। ছেলেটির বাবা বললেন, তিনি শিশু–কবরীর প্রেমে পড়েছিলেন।
কিছুটা সময় কাটালেন কবরী সে বাড়িতে। ভদ্রলোকের পুত্রবধূ বললেন, ‘শ্বশুর মশাই তো সব সময় শুধু আপনার কথাই বলেন!’
ভদ্রলোক কবরীর ফোন নম্বর রেখে দিলেন। গাড়িতে ওঠার পরই তাঁর কাছ থেকে ফোন পেলেন কবরী। খুবই মেজাজ খারাপ হলো। ধরলেন না। এর তিন দিন পর আবার ফোন। কী মুশকিল। এরপর বারবার ফোন। মেজাজ খারাপ হলো আবার। দিন সাতেক পর আবার ফোন। এবার মেজাজ খারাপ করেই ফোন ধরলেন কবরী।
‘হ্যালো, বলুন।’
‘আন্টি, এটা আমি। আপনার সঙ্গে দেখা হওয়ার তিন দিন পরই বাবা মারা গেছেন। আপনাকে ফোন করেছিলাম সেদিন।’
খবরটি শুনে পাথরের মতো স্থবির হয়ে গিয়েছিলেন কবরী।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৪ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৪ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৪ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৬ ঘণ্টা আগে