যে আমাকে জিতিয়ে দেয়
পৃথিবীতে যে মানুষগুলোকে ভালোবাসি বলা হয়ে ওঠে না, তাদের মধ্যে বাবা অন্যতম। আমাদের জন্য অতিসাধারণ কিছুকেও বিশেষ কিছুতে পরিণত করার চেষ্টায় নিরন্তর ছুটে চলা এই মানুষটিকে কোনো মানদণ্ডে পরিমাপ করা যায় না। আমরা দুই ভাইবোন। ছোটবেলা থেকেই আমি বাবার কড়া শাসনে বড় হয়েছি। তখন প্রচণ্ড রাগ হলেও এখন বুঝতে পারি, সে সময়কার প্রতিটি শব্দ কীভাবে আমার জীবনে উপন্যাস হয়ে ধরা দিয়েছে। বাবার বকাগুলো এখন আর সেভাবে শোনা হয় না। তবে প্রতিদিন খাবার টেবিলে আমাদের বাবা-ছেলের মধ্যে একপ্রকার মিনি টক শো চলে। বিভিন্ন বিষয়ে আমি ইচ্ছা করেই বাবার মতের বিরুদ্ধে বলি। কিন্তু এই একজন মানুষ, যে আমাকে জিতিয়ে দেয়।
মো. সৈয়দুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়
আব্বুর তালের আছাড়
আব্বু মেজ মামার বাসায় যাচ্ছিলেন এক কাঁদি তাল নিয়ে। আমি যেতে চাইলাম, নাছোড়বান্দার মতো। আমি বোধ হয় তখন পঞ্চম শ্রেণিতে পড়ি। লাল একটা ফ্রক পরে আব্বুর বাইকের পেছনে চড়ে বসলাম। আর আম্মু হাতে ধরিয়ে দিল সেই এক কাঁদি তাল। আমি তখন কোনো একটা সিনেমাতে দেখেছিলাম; নায়িকা বাইকের পেছনে উল্টো করে বসে থাকে। আমিও জিদ ধরলাম, উল্টো করে বসব। সবাই এত বারণ করল! আমি কারও কথা শুনলাম না। বাধ্য হয়ে সেভাবেই বসিয়ে দিল আমাকে। উপজেলা গেট পার হওয়ার সময় মেইন রোডে উঠতে রাস্তা একটু উঁচু ছিল। আব্বু যখন মেইন রোডে উঠলেন, আমি অমনি ধপাস করে পড়ে গেলাম তালসহ। এ গল্প শুনে আমার ভাই তার নাম দিয়েছিল তালের আছাড়।
তামান্না ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়।
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
বাবার সাদা টাই আর কালো কোট দেখে ছোটবেলা থেকে আমার আইন পড়ার ইচ্ছা ছিল প্রবল। আইন কী জিনিস, যখন বুঝতাম না, তখন থেকে আমি হতে চেয়েছি বাবার মতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়ার পর যখন বিষয় পছন্দের নানা পরামর্শ আসতে থাকল, কোনো কিছু বিবেচনায় না নিয়ে আইনকেই বেছে নিয়েছি পড়ার বিষয় হিসেবে। রবিঠাকুর কাকে ভেবে ‘তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা’ লাইনটি লিখেছিলেন জানি না। কিন্তু যখনই কানে আসে এই লাইন, ভেসে ওঠে বাবার মুখ। বাবার অধীনে আইনজীবী হিসেবে আইনচর্চা করতে চাই; গুরুমুখী বিদ্যায় বাবার থেকে ভালো গুরু তো পাব না আর কোথাও!
অয়ন চক্রবর্তী, ঢাকা বিশ্ববিদ্যালয়
বাবার সঙ্গে মজার স্মৃতি
আমি যখনই কিছু অর্জন করেছি, আমার মাথায় একটা প্রশ্নই ঘুরপাক খেয়েছে, এই অর্জন কি আমার বাবাকে সন্তুষ্ট করতে যথেষ্ট? আমি কী প্রজেক্ট নিয়ে কাজ করছি, কী কী আমার সহশিক্ষা কার্যক্রমগুলোর অর্জন কিংবা আমি কী কী অ্যাওয়ার্ড পেয়েছি, সেসবে আমার বাবা কখনো খেয়াল রাখেনি। কখনো কখনো মন খারাপ হয়। আবার নিজেই নিজেকে বুঝিয়ে আরেক ধাপ এগোনোর চেষ্টা করি। একবার একজন আমার বাবাকে ফোন করে আমার ভীষণ প্রশংসা করলেন। ফোনটা রেখে বাবা বললেন, ‘আমি বলি না। কিন্তু আমি শ্রেয়াকে নিয়ে মনে মনে গর্ব করি।’ তিনি খেয়াল করেননি আমি পাশে ছিলাম, খেয়াল করলে কখনো বলতেন না। এই মুহূর্তটা আমার জীবনে নোবেল জেতার মতো। আমার মধ্যে তখন পৃথিবীর সর্বোচ্চ তৃপ্তি অনুভূত হচ্ছিল। আমি সেটা লিখে ব্যক্ত করতে পারব না হয়তো।
শ্রেয়া ঘোষ, ডিন’স স্কলার, হোবার্ট অ্যান্ড উইলিয়াম স্মিথ কলেজেস

অফিস আদেশে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালনের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হলো। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সভাপতির স্বাক্ষরে বেতনের সরকারি অংশের (এমপিও) সঙ্গে স্কুল বা কলেজ ফান্ড হতে দেওয়া বেতন-ভাতার প্রাপ্ত অংশের বিলের বিষয়ে...
৪ ঘণ্টা আগে
‘আমরা সুন্দর পরিকল্পনা করে দীর্ঘ মেয়াদে সব পরিবর্তন নিয়ে আসব। আর বাকি যে বিষয়গুলো মীমাংসিত, সেগুলো যদি দীর্ঘ মেয়াদে আরও ভালো করার জন্য পরিবর্তনের প্রয়োজন হয়, দীর্ঘ মেয়াদে আমরা পরিবর্তন করব। কিন্তু হুটহাট কিছুতে আমরা হাত দিতে রাজি না...
৫ ঘণ্টা আগে
চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১ দিন আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে