অধ্যাদেশ জারি

রাজধানীর সরকারি সাত কলেজকে নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন একটি বিশ্ববিদ্যালয় স্থাপনে অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার আইনি ভিত্তি তৈরি হলো।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় গত রোববার ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ গেজেট আকারে প্রকাশ করে। এই অধ্যাদেশ অনুযায়ী ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য এই নতুন বিশ্ববিদ্যালয় গঠিত হলো। দীর্ঘদিন ধরে এসব কলেজের স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছিলেন।
অধ্যাদেশ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম অনেকটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদলে পরিচালিত হবে। ঢাকার সরকারি সাতটি কলেজ নতুন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ‘সংযুক্ত কলেজ’ হিসেবে শিক্ষা কার্যক্রম চালাবে। ২০১৭ সাল থেকে এসব কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। এর আগে দীর্ঘদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়েছে।
অধ্যাদেশে বলা হয়েছে, এই সাত কলেজের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের পাঠ্যক্রম প্রণয়ন, শিক্ষক ব্যবস্থাপনা, পরীক্ষা গ্রহণ, সনদ দেওয়াসহ সার্বিক দায়িত্ব পালন করবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।
অধ্যাদেশের বিধান অনুযায়ী, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ঢাকায় স্থাপন করা হবে। বিশ্ববিদ্যালয়ের জন্য স্বয়ংসম্পূর্ণ অবকাঠামো, প্রয়োজনীয় সুযোগ-সুবিধাসহ স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে স্থায়ী ক্যাম্পাস নির্মিত না হওয়া পর্যন্ত ভাড়া নেওয়া ভবন ও জায়গায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হবে। সাতটি কলেজ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজ হিসেবে থাকবে। কলেজগুলোর বিদ্যমান পরিচয়, বৈশিষ্ট্য, অবকাঠামো, স্থাবর-অস্থাবর সম্পত্তি এবং অন্যান্য সুযোগ-সুবিধা অপরিবর্তিত থাকবে।
অধ্যাদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আচার্য, উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিলসহ প্রয়োজনীয় কর্তৃপক্ষের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরিচালিত হবে।
এই সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর ২০২৫ সালের ২৭ জানুয়ারি কলেজগুলোর অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত একটি কমিটি অংশীজনদের সঙ্গে আলোচনা করে নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করে। এর ধারাবাহিকতায় গত বছরের ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া প্রকাশ করে। খসড়া অধ্যাদেশ নিয়ে পক্ষে-বিপক্ষে মতামত দেয় বিভিন্ন পক্ষ। সবশেষে চলতি বছরের ২২ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্থাপনের জন্য অধ্যাদেশের খসড়া অনুমোদন করে।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৪ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৯ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
২০ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে