
চট্টগ্রামের আনোয়ারার বৈরাগ ইউনিয়নের ফকিরখিল এলাকার সমাজের বাসিন্দা না হওয়ায় বাবার বাড়ির কবরস্থানে মেয়ের লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
আজ রোববার (১৪ জুন) বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের ফকিরখিল এলাকায় মৃত ব্যক্তির লাশ নিজ গ্রামের কবরস্থানে দাফন করতে না দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকালে বীর মুক্তিযোদ্ধা সৈয়দুল হকের কন্যা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান। দুপুরে তাঁকে দাফনের জন্য বাবার বাড়িতে সামাজিক পুরোনো কবরস্থানে কবর প্রস্তুত করা হয়। এ সময় সমাজের সভাপতিসহ স্থানীয় কয়েকজন গ্রামবাসী কবর খনন ও লাশ দাফনে বাধা দেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
মৃত নারীর ভাই অভিযোগ করেন, ‘১৯৯৬ সালে ফকিরখিল বন্দর থানা এলাকার বাসিন্দা আবদুর রশিদের সঙ্গে আমার বোনের বিয়ে হয়। তাঁদের সংসারে এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। সেখানে নিজস্ব কোনো জমি না থাকায় আমার বাবার পৈতৃক জমিতে ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন বোন। স্বামীর মৃত্যুর পর আমার বোন শহরে চলে যান সন্তানদের নিয়ে। অসুস্থ অবস্থায় আজ সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মৃত্যুর পর আমরা আমাদের সামাজিক পারিবারিক কবরস্থানে দাফনের জন্য কবর খনন শুরু করলে সমাজের সভাপতি জামশেদ উদ্দিনসহ বেশ কয়েকজন বাধা দেন এবং এখানে কবর দিতে অস্বীকৃতি জানান। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’
ওই ভাই আরও বলেন, ‘তাঁদের প্রভাব বিস্তারের ফলে অন্য কোনো উপায় না পেয়ে আমার চাচাতো ভাইয়ের জমিতে কবর খনন করি।’
জানতে চাইলে ফকিরখিল এয়ার আলী খান সমাজকল্যাণ সমিতির সভাপতি জামশেদ উদ্দিন বলেন, ‘আমাদের মহল্লায় সমাজের বহির্ভূত কাউকে সামাজিক কবরস্থানে দাফন করার সুযোগ না থাকায় তাঁকে কবর না দেওয়ার অনুরোধ করা হয়। কিন্তু তাঁরা পরিস্থিতি ঘোলাটে করে ফেলেন।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি জেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে