ঈদুল ফিতর ও পয়লা বৈশাখের লম্বা ছুটিকে কেন্দ্র করে বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোতে নগদ উত্তোলনের হিড়িক পড়েছে। গতকাল সোমবার টাকা তোলার জন্য প্রতিটি শাখা ও এটিএম বুথ এবং এজেন্ট পয়েন্টে দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করতে দেখা গেছে গ্রাহকদের। টাকা তোলার বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদিও আজ মঙ্গলবার ব্যাংকের সব শাখা খোলা থাকবে। কিন্তু ঈদের ছুটিতে ঢাকা ছাড়ার তাড়ার কারণে অনেকে বিলম্ব করতে নারাজ। তাঁরা ভিড় করে হলেও টাকা তোলার জন্য ব্যাংকের শাখা ও বুথগুলোতে জটলা পাকাচ্ছেন।
আজ দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদ্যাপিত হবে। আর বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে বুধবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে ঈদ উদ্যাপিত হবে বৃহস্পতিবার (১১ এপ্রিল)। আবার ১৪ এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।
গতকাল সোমবার রাজধানীর ব্যাংকপাড়া খ্যাত মতিঝিলসহ দিলকুশা, দৈনিক বাংলা, পল্টন, কমলাপুর, মুগদা, রামপুরা, মগবাজার, মালিবাগ, কাকরাইল এলাকায় ব্যাংকের শাখা ঘুরে দেখা যায়, সকাল থেকেই ক্যাশ কাউন্টারের সামনে লম্বা লাইন। অতিরিক্ত গ্রাহকের চাপে ক্যাশ কাউন্টারের কর্মকর্তাদের বেশ হিমশিম খেতে হয়।
সোনালী ব্যাংকের দিলকুশা শাখার গ্রাহক আব্দুল কাদের বলেন, ‘আমার ব্যবসাপ্রতিষ্ঠানে প্রায় ৩০ জন কর্মরত আছেন। তাঁদের বেতন-বোনাস দিতে হবে। এ জন্য টাকা তুলতে এসেছি।’
ব্যাংক এশিয়ার পল্টন শাখার গ্রাহক তানিয়া আফরিন বলেন, ‘আমরা ঢাকার স্থানীয়। এখনো ঈদের কেনাকাটা হয়নি। মার্কেটগুলোয় ভিড় থাকায় মার্কেটমুখী হইনি। আজ রাতে কেনাকাটার ইচ্ছে আছে, এ জন্য টাকা তুলতে এসেছি। এটিএম থেকে ৫০ হাজার টাকা তুলে রাখলাম। ঈদের সময় টাকা হাতে না থাকলে ঈদ ঈদ লাগে না।’
মগবাজারের ওয়ান ব্যাংকের কর্মকর্তা শাহেদ আলী জানান, ব্যাংকে সকালে টাকা তোলার ভিড় ছিল। কিন্তু দুপুর ১২টার পর বেশ কিছু গ্রাহক ব্যাংকে সারি ধরে টাকা জমা দিচ্ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, ঈদের সময় বাড়তি নগদ টাকার চাহিদা বরাবরের মতো এবারও বেড়েছে। ব্যাংকগুলোতে পর্যাপ্ত টাকা রয়েছে। ব্যাংকগুলোকে ঈদুল ফিতর ও পয়লা বৈশাখের ছুটিকে কেন্দ্র করে এটিএম বুথ, এজেন্ট পয়েন্ট এবং সিআরএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাংক এবং বুথে নিরাপত্তা নজরদারি বৃদ্ধি করতেও সংশ্লিষ্টদের বলা হয়েছে।

সিটিজেনস ব্যাংক পিএলসির পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।
১ ঘণ্টা আগে
দেশের প্রান্তিক কৃষকদের ফসলের অপচয় রোধ ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে মাঠ পর্যায়ে দুই হাজার সৌরবিদ্যুৎচালিত ক্ষুদ্র হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সোমবার রাজধানীর বনানীতে কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে...
১ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
২ ঘণ্টা আগে
ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
৬ ঘণ্টা আগে