
টাঙ্গাইলে বিন্দুবাসিনী বালক উচ্চবিদ্যালয়ের ২০২৫ সালের বিবিএফসি ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে কয়েক হাজার দর্শক-শ্রোতাকে মাতিয়ে রাখেন ব্যান্ড তারকা জেমস। গতকাল বুধবার রাতে শহরের শহীদ মারুফ স্টেডিয়ামে এই অনুষ্ঠান হয়।
জেমসের গান শুনতে স্টেডিয়াম ও আশপাশের এলাকায় কয়েক হাজার মানুষ জড়ো হন। এতে কার্যত শহরের চলাচল ব্যাহত হয়। মঞ্চে র্যাম্প প্রদর্শন করেন অংশগ্রহণকারী দলের অধিনায়কেরা।
এদিকে অনুষ্ঠানে শতাধিক মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। এ বিষয়ে বুধবার বেলা তিনটা পর্যন্ত ১১০টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে নিশ্চিত করেছে টাঙ্গাইল মডেল থানার পুলিশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু প্রমুখ।
ট্রফি ও জার্সি প্রদর্শনের পর নগর বাউল জেমস গান পরিবেশন করেন। রাত ৯টার দিকে তিনি মঞ্চে ওঠেন। এ সময় দর্শকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
এদিকে কনসার্ট চলাকালে শতাধিক মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। সাংবাদিক নাঈম খান রাব্বি বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের সময় আমার মোবাইল চুরি হয়েছে। আমার ভাগনের ফোনটিও খোয়া গেছে।’
প্রিন্স কাব্য নামের এক দর্শক বলেন, ‘আমি স্টেডিয়ামে প্রবেশ করার সময় হঠাৎ কয়েকজন ইচ্ছা করে ধাক্কাধাক্কি ও ঠেলাঠেলি শুরু করে। সেই ভিড়ের মধ্যেই একজন আমার পকেটে হাত দিয়ে মোবাইল ফোনটি নিয়ে যায়। পরে থানায় গিয়ে জিডি করি। আশ্চর্যের ব্যাপার, সেখানে গিয়ে দেখি, ৫০ জনের বেশি মানুষ মোবাইল চুরি হওয়ায় জিডি করতে এসেছেন।’
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন ছিলেন। মোবাইল চুরির ঘটনায় বুধবার বেলা তিনটা পর্যন্ত ১১০টি সাধারণ ডায়েরি করা হয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে