
পাবনার চাটমোহরে হাটবাজার ইজারার দরপত্র (টেন্ডার) দাখিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এবার জামায়াতে ইসলামীর ২২ নেতা-কর্মীর নামে মামলা করেছে বিএনপি। গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে চাটমোহর থানায় এই মামলা করা হয়।
চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা বাদী হয়ে চাটমোহর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, পৌর জামায়াতের সভাপতি সোলায়মান হোসেন, সেক্রেটারি সাদ্দাম হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা মুরাদ হোসেনসহ জামায়াতে ইসলামীর ২২ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এই মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, জামায়াতের নেতা-কর্মীরা হাটের টেন্ডার দাখিলে বাধা দেন। কৃষক দলের পৌর শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাচ্চু উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে গেলে জামায়াতের নেতা-কর্মীরা তাঁকে মারধর করে আহত করেন।
এর আগে টেন্ডার নিয়ে সংঘর্ষের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করে জামায়াতে ইসলামী। চাটমোহর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হামিদ বাদী হয়ে কৃষক দলের পৌর শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাচ্চু, স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিনসহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন।
গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে হাটের দরপত্র দাখিলকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের হাতে চাটমোহর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে। ইউএনওর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন বিকেলেই চাটমোহরে এক সংবাদ সম্মেলনে পাবনা-৩ আসনের জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আছগার দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান। ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।
একই দিন রাতে পাল্টা সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিএনপি। বিএনপি দাবি করে, এ ঘটনার সঙ্গে বিএনপি জড়িত নয়। জামায়াতের সংসদ সদস্য বিএনপিকে মিথ্যা দোষারোপ করেছেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ ও সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু। সংবাদ সম্মেলন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামী ব্যাংক চত্বরে প্রতিবাদ সভা করে।
জামায়াতে ইসলামী চাটমোহর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান বলেন, বিএনপি যে মামলা করেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। প্রকৃত ঘটনা আড়াল করতেই এ ধরনের মামলা করা হয়েছে।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গত বৃহস্পতিবার রাতে ও বিএনপির পক্ষ থেকে গতকাল রাতে থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে