
নেত্রকোনার মোহনগঞ্জে মৃত দেখিয়ে দেড় বছর ধরে বয়স্ক ভাতাবঞ্চিত রাখা সেই সুরধ্বনী রানী করের (৭৮) অবশেষে টাকা পাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
সুরধ্বনী চলতি মার্চ মাস থেকে ভাতা পাবেন। পাশাপাশি সুরধ্বনীর মৃত্যুসনদ তৈরি করে তাঁকে ভাতা না দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন।
সুরধ্বনী তেঁতুলিয়া ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের মৃত নরেন্দ্র চন্দ্র করের স্ত্রী। তিনি ৭-৮ বছর ধরে বয়স্ক ভাতা পাচ্ছিলেন। তবে বছরদেড়েক আগে হঠাৎ তাঁর মোবাইল ব্যাংকিং নম্বরে টাকা আসা বন্ধ হয়ে যায়। পরে উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে জানতে পারেন, তিনি মারা গেছেন। চেয়ারম্যান-মেম্বারের দেওয়া মৃত্যুসনদে সুরধ্বনীকে মৃত দেখিয়ে তাঁর জায়গায় অন্য একজনকে ভাতাভোগী করা হয়েছে। এ বিষয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ হয়।
মোহনগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, ‘চেয়ারম্যান-মেম্বারের মৃত্যুসনদের ভিত্তিতে নিয়মানুযায়ী সুরধ্বনী রানীর স্থলে অন্যজনকে ভাতাভোগী করা হয়েছিল। সুরধ্বনী যেহেতু জীবিত আছেন বলে জানতে পেরেছি, তাই ওই এলাকার অন্য এক মৃত ব্যক্তির জায়গায় তাঁকে প্রতিস্থাপন করে ভাতা পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগামী মাস থেকে তিনি ভাতা পাবেন। এ ঘটনায় তেঁতুলিয়া ইউপির চেয়ারম্যান শফিকুল ইসলাম জহরকে শোকজ করেছে প্রশাসন।’
ভুক্তভোগী সুরধ্বনী বলেন, ‘কয়েক দিন আগে সমাজসেবা অফিসে গিয়েছিলাম। তাদের কথামতো নতুন একটি মোবাইল নম্বরে নগদ অ্যাকাউন্ট খুলে জমা দিয়েছি। আগামী মাস থেকে ভাতা পাব বলে জানিয়েছেন। স্বামী মারা গেছে ২০ বছর আগে। অনেক কষ্ট করে চলতে হয়। ভাতার টাকাটা পেলে ওষুধপত্র কিনে কোনো রকমে চলতে পারব।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ বলেন, ‘ঘটনাটি নজরে আসামাত্র দ্রুত সুরধ্বনী রানীর ভাতার ব্যবস্থা করতে সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশনা দিই। ইতিমধ্যে তাঁর ভাতার ব্যবস্থা হয়েছে বলে জেনেছি। এদিকে মৃত্যুসনদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
২০ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে