
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় কুকুরকে ঢিল মারা নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িঘর ও দোকানপাটেও ভাঙচুর চালানো হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
উপজেলার কালিপুর দক্ষিণপাড়া এলাকায় গতকাল শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যার পর শুরু হওয়া ওই সংঘর্ষ রাত ১১টা পর্যন্ত চলে। এই ঘটনায় পুলিশ সাতজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিপুর গ্রামের জারুল্লা বংশের শ্রাবণ মিয়ার পোষা কুকুরকে ঢিল মারেন জুরাত ব্যাপারী বাড়ির সোহেল মিয়া। এই ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা এবং পরে হাতাহাতি হয়। রাত ৮টার দিকে স্থানীয় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবু এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে জারুল্লা বংশের লোকজনের মধ্যেই বিভক্তির সৃষ্টি হয়।
এ সময় তাঁরা বিন্দির বাড়ি ও জুরাত ব্যাপারী বাড়ি—এই দুই পক্ষে ভাগ হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তাঁরা দা, লাঠি, বল্লম ও ইটপাটকেল নিয়ে একে অপরের ওপর হামলা চালান। এ সময় সাবেক কাউন্সিলর আশরাফ আলীর বাড়িসহ অন্তত ১০টি বসতঘর ও দোকান ভাঙচুর করা হয়।
আহত ব্যক্তিদের মধ্যে ১৪ জনের নাম জানা গেছে। তাঁরা হলেন সীমান্ত (২০), রাহুল মিয়া (২৩), কাউসার (৪৭), রিফাত সরকার (২৬), নীরব আহমেদ (১৭), জুবায়ের আহমেদ (১৪), আব্দুল আওয়াল (৫২), আলী হোসেন (৫২), ইমন (১৩), সজীব মিয়া (২০), সিয়াম (১৮), আহাদ মিয়া (৪৫), নাঈম (১৮) ও ইব্রাহীম (১৭)। তাঁদের মধ্যে সজীব ও সিয়ামের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রিপন দেবনাথ জানান, শুক্রবার রাত ৯টা থেকে ১টা পর্যন্ত অন্তত ১৪ জনকে আহত অবস্থায় হাসপাতালে আসেন। তাঁদের চিকিৎসাসেবা চলছে।
ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এম রহমান বলেন, ‘কী কারণে সংঘর্ষ হয়েছে, আমরা জানি না। তবে আমার দোকানসহ আশপাশের বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়েছে। আমরা এর বিচার চাই।’
স্থানীয় বাসিন্দা আফসার উদ্দিন বলেন, ‘তুচ্ছ বিষয় নিয়ে দুজনের মধ্যে মারামারি বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়। আমরা মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।’
কিশোরগঞ্জের (ভৈরব-কুলিয়ারচর সার্কেল) সহকারী পুলিশ সুপার মো. ফয়জুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংঘর্ষের পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার মো. আব্দুস সালামকে চার দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
২৯ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থায় আন্তর্জাতিক রুটে বিমানের স্থবিরতা সহসা কাটছে না। বাতিল হচ্ছে একের পর এক ফ্লাইট। বিশেষ করে গত ২৮ ফেব্রুয়ারি থেকে গতকাল পর্যন্ত চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ১৭৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ার তথ্য জানান জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম....
১ ঘণ্টা আগে
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে গোলাগুলি ও মর্টার শেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ সময় আতঙ্কে পালিয়ে আসা কাঠুরিয়াদের কয়েকজন এ তথ্য জানান। তবে বিস্ফোরণের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে
ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে রাজধানীর পল্টন থানায় করা মানব পাচার আইনের একটি মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তাঁকে রিমান্ডে দেওয়ার নির্দেশ দেন।
২ ঘণ্টা আগে