
রাজধানীর পল্টনে ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে যুবদল নেতা শামীমের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নূর রিমান্ডে নেওয়ার এই আদেশ দেন।
সুলতান মোহাম্মদ মনসুরকে বিকেলে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই তন্ময় কুমার বিশ্বাস ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালতে তাঁর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে, আজ ভোরে কানাডা থেকে দেশে ফিরলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাঁকে হেফাজতে নেয় পুলিশ।
গত বছর ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে পল্টন এলাকায় নিহত হন যুবদল নেতা শামীম।
এ ঘটনায় ১৪ সেপ্টেম্বর গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ ৭০৪ জনকে আসামি করে মামলা করেন শামীমের বাবা ইউসুফ মিয়া।
মামলায় বলা হয়, ২৮ অক্টোবর বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশ নস্যাৎ করা ও জাতীয় নেতাদের হত্যার জন্য মারাত্মক অস্ত্র নিয়ে শান্তিনগর, কাকরাইল, প্রেসক্লাব, পুরানা পল্টন, শাহজাহানপুর, কমলাপুর, মতিঝিল, মালিবাগ, ফকিরাপুলসহ শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেন।
সেদিন রাত ১০টা পর্যন্ত হামলা চালানো হয়। এতে বিএনপির শত শত নেতা–কর্মী আহত হন এবং যুবদলের নেতা শামীমকে হত্যা করা হয়। ঘটনার পরপর শামীমের বাবা ইউসুফ মিয়াকে একটি মিথ্যা সাজানো এজাহারে স্বাক্ষর দিতে বাধ্য করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, ২৮ অক্টোবর বেলা ২টা ৪৫ মিনিটের দিকে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ অন্য আসামিরা পল্টনের ভিআইপি সড়কের হোটেল লিভিংয়ের সামনের পাকা রাস্তার ওপর বিএনপির নেতা–কর্মীদের ওপর হামলা করেন।
তাঁরা বিএনপি নেতা–কর্মীদের ওপর গুলি, বোমা, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ছুড়তে থাকেন। জাহাঙ্গীরের হাতে থাকা অস্ত্রের গুলিতে শামীম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।
জাহাঙ্গীর আলম ছাড়াও আওয়ামী লীগ নেতা মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরুল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, সিমিন হোসেন রিমি, ওবায়দুল কাদের প্রমুখ এই মামলার আসামি।
তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন, সুলতান মোহাম্মদ মনসুর শামীম হত্যার সঙ্গে জড়িত মর্মে তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। এই হত্যাকাণ্ডের ইন্ধনদাতা এবং অন্য আসামিদের অবস্থান জানা এবং গ্রেপ্তার করার জন্য ১০ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
৫ মিনিট আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
৯ মিনিট আগে
সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
২১ মিনিট আগে
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এসেছিলেন এই চৌক্কার খালে। তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সবাইকে একত্র করে নিজে কোদাল হাতে খাল খনন শুরু করেন। মাটি কেটেছেন। তাঁর তখন চিন্তা-ধারণার মধ্যে ছিল যে—এই খাল যখন খনন হবে, খালের দুই পাড়ে গাছ থাকবে।
৩৩ মিনিট আগে