
রাজধানীর হজ ক্যাম্পে হাজি সেজে এক হজযাত্রীর ব্যাগ থেকে ২২ হাজার সৌদি রিয়াল চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১৭ হাজার ৫০০ রিয়াল ও ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে হজ ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাবিবুর রহমান ও মো. নাদিম। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর খিলক্ষেত ও গাজীপুরের টঙ্গী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া অর্থের একটি বড় অংশ উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২২ এপ্রিল সকাল পৌনে ৯টার দিকে হজ ক্যাম্প জামে মসজিদের ভেতরে ইমান আলী নামের এক হজযাত্রীর ব্যাগ থেকে ২২ হাজার রিয়াল চুরি হয়।

সংবাদ সম্মেলনে হজ ক্যাম্পের পরিচালক (যুগ্ম সচিব) মো. লোকমান হোসেন জানান, ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করা হয়। ভুক্তভোগী হজযাত্রীকে তাৎক্ষণিকভাবে পথখরচ বাবদ ২ হাজার রিয়াল দেওয়া হয় এবং পরে মক্কায় পৌঁছানোর পর আরও এক হাজার রিয়াল দেওয়া হয়। চুরির ঘটনার তদন্তে পুলিশের বিশেষ শাখা (এসবি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানান তিনি।
চাঁদপুরের মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসাইন সানীব বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করে অভিযান চালানো হয়। প্রথমে হাবিবুর রহমানকে খিলক্ষেত থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী থেকে নাদিমকে আটক করা হয়।
জাবীর হুসাইন সানীব আরও বলেন, এই ঘটনায় মূল পরিকল্পনাকারী আব্দুল মান্নান পলাতক রয়েছেন। তাঁর বাসায় অভিযান চালিয়ে চুরি হওয়া ১৭ হাজার ৫০০ রিয়াল উদ্ধার করা হয়। এ ছাড়া রিয়াল ভাঙিয়ে পাওয়া টাকার অংশও জব্দ করা হয়েছে।
ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মো. মির্জা তারেক আহমেদ বেগ জানান, চুরির পর অভিযুক্ত ব্যক্তিরা রাজলক্ষ্মী এলাকার একটি মানি এক্সচেঞ্জে গিয়ে কিছু রিয়াল ভাঙান। সেখান থেকে পাওয়া একটি মোবাইল নম্বরের সূত্র ধরে তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা মোয়াল্লেম হিসেবে কাজ করতেন এবং টঙ্গীর ইজতেমা ময়দানের পাশে ব্যাগ ও ট্রাউজার বিক্রি করতেন। পলাতক আব্দুল মান্নানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে