
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে ধানমন্ডি থানা পুলিশের একটি দল। এ সময় পুলিশের গুলিতে এক ছিনতাইকারী আহত হন। ঘটনাস্থল থেকে আরও দুজনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার সকাল ৬টার দিকে মোহাম্মদপুর টাউন হলের পেছনের আজম রোডের একটি গলিতে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন পলাশ, সাকিব ও বিপ্লব হোসেন। এদের মধ্যে সাকিবের বাম পায়ে গুলি লাগে। অভিযানে দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল ও ছিনতাই হওয়া একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সম্প্রতি ধানমন্ডি এলাকায় কয়েকটি ছিনতাইয়ের ঘটনার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে ওই এলাকায় অভিযান চালানো হয়।
ওসি বলেন, অভিযানের সময় ছিনতাইকারীরা চায়নিজ কুড়াল, চাপাতি ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়। আত্মরক্ষার্থে এক পুলিশ সদস্য প্রথমে দুটি ফাঁকা গুলি ছোড়েন। এরপরও হামলার চেষ্টা অব্যাহত থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এক ছিনতাইকারীর পায়ে গুলি করা হয়।
ওসি আরও জানান, হামলায় পুলিশের কয়েকজন সদস্য সামান্য আহত হন। পরে তাঁরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
গুলিবিদ্ধ সাকিবকে পুলিশি প্রহরায় সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আটক পলাশ ও সাকিব আপন দুই ভাই এবং বিপ্লব তাঁদের বোন জামাই। তাঁদের বাড়ি গাজীপুরের টঙ্গী পূর্ব থানার হেমাদিঘী টিএনটি মোল্লা গ্যারেজ এলাকায়।
পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে মোটরসাইকেল ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল। বিশেষ করে রাতের বেলায় অটোরিকশার যাত্রী ও পথচারীদের লক্ষ্য করে মোবাইল ফোন, ব্যাগ ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যেত তারা।
পুলিশ বলছে, আটক তিনজনের বিরুদ্ধে একাধিক ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে ছিনতাইকারী আটকের খবর পেয়ে থানায় যান ভুক্তভোগী পুলিশ সুপার (এসপি) শামীমা ইয়াসমিন। তিনি পুলিশ স্টাফ কলেজে কর্মরত। শামীমা ইয়াসমিন জানান, গতকাল শনিবার রাতে ল্যাবএইড হাসপাতালের সামনে অটোরিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাঁর ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। আজ সোমবার থানায় এসে জানতে পারেন, ওই ছিনতাই চক্রের সদস্যদেরই আটক করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে