
চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু তোলায় বসতভিটা, ফসলি জমি ও শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙনের ঝুঁকিতে পড়েছে। এর প্রতিবাদে ও বালু লুট বন্ধের দাবিতে আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার চরভৈরবী এলাকায় হাজী নগরসংলগ্ন মেঘনা নদীর তীরে এলাকাবাসী মানববন্ধন করেন।
স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, কৃষক, রাজনৈতিক ব্যক্তিসহ নানা শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। এ সময় ‘লুটপাটের দিন শেষ, জনতা আজ সজাগ বেশ’, ‘নদীভাঙন মানেই ক্ষতি, থামাতে হবে এখনই অবহেলাটি’ ইত্যাদি লেখা-সংবলিত প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়।
মানববন্ধনে হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি শাহাদাত মিয়াজি বলেন, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে চরভৈরবী এলাকায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু তুলে নিচ্ছে। প্রশাসনের নজরদারির অভাব এবং অজ্ঞাত কারণে এই কর্মকাণ্ড বন্ধ হচ্ছে না। ড্রেজার মেশিন বসিয়ে দিন-রাত বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ বলেন, ‘আমাদের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। প্রতিদিনই নদী ভাঙছে। আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো এলাকা বিলীন হয়ে যেতে পারে।’
কৃষক রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নদীর তীর ভাঙনে ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে। আমরা জীবিকা হারানোর পথে। অথচ অবৈধভাবে বালু তোলা বন্ধে কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না।’
মানববন্ধনে উপস্থিত শিক্ষকেরা জানান, নদীর তীরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভাঙনের ঝুঁকির মধ্যে রয়েছে। নদীভাঙন অব্যাহত থাকলে বিদ্যালয় ভবনসহ আশপাশের অবকাঠামো ধসে পড়ার আশঙ্কা রয়েছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য বড় হুমকি।
মানববন্ধন থেকে অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ, জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নদীভাঙন রোধে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করা হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে