
বাগেরহাটের মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে শামীম মৃধা নামের এক ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার জিউধরা গ্রামে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।
শামীম মৃধার অভিযোগ, হামলাকারীরা নগদ ৫ লাখ টাকা, খামারের ৪ শতাধিক হাঁস, সাড়ে তিন শ মুরগিসহ অন্তত ২০ লাখ টাকার মালামাল লুট করেছে। হামলার পর থেকে পরিবার-পরিজন নিয়ে চরম আতঙ্কে রয়েছেন তাঁরা।
ক্ষতিগ্রস্ত শামীম মৃধা ওরফে শুকুর মৃধা জিউধরা গ্রামের ইসমাইল হোসেন মৃধার ছেলে। তিনি জিউধরা বাজারের নগদ-বিকাশের ব্যবসা প্রতিষ্ঠান আফিফ টেলিকমের স্বত্বাধিকারী।
শামীম মৃধার স্ত্রী সুমি বেগম বলেন, জমি নিয়ে প্রতিপক্ষ ইউসুফ মৃধার সঙ্গে তাঁদের বিরোধ রয়েছে। হামলার কিছু আগে তাঁর স্বামী শামীম মৃধা বাড়ি ফিরে খামারে যান। এরই মধ্যে ইউসুফ মৃধার নেতৃত্বে দাউদ মৃধা, গিয়াস মৃধাসহ ৪০-৫০ জনের একটি দল হামলা চালায়। এ সময় তাঁর স্বামীর কাছে ব্যাগে থাকা ব্যবসাপ্রতিষ্ঠানের ৫ লাখের বেশি টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। খামারেও লুটপাট চালানো হয়। কেউ হাঁস জবাই করে বস্তায় ভরে, আবার কেউ মুরগি জবাই করে বস্তায় ভরে নিয়ে যায়। জীবিত হাস-মুরগিও নিয়েছে কয়েকজন। বাঁধা দিলে তাঁদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করা হয়। লুটপাট ও ভাঙচুর শেষে বসতঘরে আগুন দিয়ে চলে যায় দুর্বৃত্তরা।
সুমি বেগম আরও বলেন, তাঁকে ও তাঁর স্বামীকে মারধরও করেছে হামলাকারীরা। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
ব্যবসায়ী শামীম মৃধা বলেন, ‘এমন ন্যক্কারজনক হামলা করবে কখনো ভাবিনি। লুটপাট করে আমাকে শেষ করে দিয়েছে।’ হামলার বিচার এবং লুটে নেওয়া সম্পদ ফেরত পেতে পুলিশ-প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এই ব্যবসায়ী।
অভিযুক্ত ইউসুফ মৃধা বলেন, ‘শামীম মৃধা আমার ভাইয়ের ছেলে। আমার সম্পত্তির মধ্যে তারা ঘর তৈরি করতে চেয়েছিল। বাঁধা দিলে তারা শোনেনি। পরে আমার ছেলে ও তার বন্ধুরা একত্রিত হয়ে ঘরটি ফেলে দেয়। কোনো লুটপাটের ঘটনা সেখানে ঘটেনি।’
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে