মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারি কাল ছিল লালে লাল! প্রায় ২৫ হাজার দর্শকের ৮৫ শতাংশই ফরচুন বরিশালের লাল জার্সি পরে আসা সমর্থক। বরিশালের কোনো কোনো দর্শক ফাইনাল দেখতে রেপ্লিকা লঞ্চও সঙ্গে নিয়ে এসেছেন। তাঁরা গতবারের মতো এবারও লঞ্চে করে বিপিএলের সোনালি শিরোপাটা নিয়ে যেতে চেয়েছেন। তা পেরেছেনও, চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে এবারও বিপিএলের ট্রফি উঠে গেল লঞ্চে।
বরিশালের দর্শকদের আত্মবিশ্বাসী হওয়ার কারণ আছে। বর্তমান চ্যাম্পিয়ন বলেই নয়, ফরচুন বরিশালকে অনায়াসে শক্তিশালী আন্তর্জাতিক এক দল বলা যায়। টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক আর রেকর্ডও তাদের পক্ষে—তামিম ইকবাল কখনো বিপিএলের ফাইনালে হারেন না! ২০১৯ বিপিএলে তিনি জিতেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে। গতবার জিতেছিলেন বরিশালের হয়ে। কাল জিততে কঠিন এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল চিটাগং। সেই চ্যালেঞ্জ উতরে যেতে তাওহীদ হৃদয়কে নিয়ে ওপেনিং জুটিতে চোখে চোখ রেখে জবাব দিতে শুরু করেন তামিম। বরিশাল পাওয়ারপ্লেতে চিটাগংয়ের সমান ৫৭ রান তুলে ফেলে। তামিম-হৃদয়ের ওপেনিং জুটি ৪৯ বলে যোগ করে ৭৬ রান। নবম ওভারে এসে বরিশাল ধাক্কা খায় তামিম (৫৪) আর ডেভিড মালানকে (১) হারিয়ে।
তবে সে ধাক্কা পুষিয়ে দিয়েছেন কাইল মায়ার্স। ক্যারিবীয় অলরাউন্ডারের ২৭ বলে ৪৬ রানের ইনিংসটা বরিশালকে পৌঁছে দিয়েছে জয়ের অনেকটা কাছে। বাকি কাজ সারেন রিশাদ হোসেন, অপরাজিত ৬ বলে ১৮ রান করে। শেষ ওভারের ৮ রানের সহজ সমীকরণ মেলাতে একেবারেই বেগ পেতে হয়নি তাঁদের। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন টুর্নামেন্টজুড়ে, কালও বড় রান তাড়া করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছে তামিমের ২৪ বলে ফিফটি। ফাইনালের নায়ক তাই তিনিই।
টস জিতে চিটাগংকে ব্যাটিয়ে পাঠিয়েছিল বরিশাল। ফাইনালে যে বাড়তি চাপ কাজ করে, সেটি এক পাশে সরিয়ে ভালো উইকেট দুই হাতে কাজে লাগিয়েছেন চিটাগংয়ের দুই ওপেনার পারভেজ হোসেন ইমন আর খাজা নাফি। পাওয়ারপ্লেতেই তাঁরা তুলে ফেলেন ৫৭ রান। বরিশালের বোলাররা যেন কোনো সূত্রই খুঁজে পাচ্ছিলেন না চিটাগংয়ের দুই ওপেনারকে আটকাতে। পাওয়ারপ্লেতেই চিটাগং তুলে ফেলে ৫৭ রান।
বিপিএলের ইতিহাসে ফাইনালের কোনো ওপেনিং জুটিই তিন অঙ্ক ছুঁতে পারেনি। কাল সেটি হয়েছে। নাফি-ইমনের জুটি থামে ১২১ রানে, বিপিএলের ফাইনালে এটিই কোনো ওপেনিং জুটিতে সর্বোচ্চ।
সব মিলিয়ে যেকোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে এটি ষষ্ঠ সর্বোচ্চ ওপেনিং জুটি। ইবাদত হোসেনের বলে উইকেটকিপার মুশফিকুর রহিমের ক্যাচ হওয়ার আগে নাফি করে যান ৬৬ রান। তবে থামেননি ইমন, টুর্নামেন্টের নিজের সেরা ইনিংসটা যেন জমিয়ে রেখেছিলেন ফাইনালের জন্য। ফিফটি করেছেন ৩০ বলে। সেঞ্চুরিটা আর করা হয়নি, ইমন অপরাজিত ৪৯ বলে ৭৮ রান করে। ইমনের সঙ্গে শেষ দিকে গ্রাহাম ক্লার্কের ২৩ বলে ৪৪ রানের ইনিংসে ভর করেই চিটাগং পেয়ে যায় ৩ উইকেটে ১৯৪ রানের বড় স্কোর।
দুর্দান্ত ব্যাটিং করেও হারের পেছনে চিটাগংয়ের বাজে ফিল্ডিং আর বোলারদের অতিরিক্ত রানও কম দায়ী নয়। শিরোপা ধরে রেখে বরিশাল যেমন নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখল, স্বস্তির একটা নিশ্বাস ফেললেন বিসিবির আয়োজকেরাও—বিতর্কিত টুর্নামেন্টের শেষটা হয়েছে যে দারুণ এক ফাইনাল দিয়ে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
১৭ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
২৭ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
২ ঘণ্টা আগে