
দেশের পোশাকশিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন ২৪ এপ্রিল। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর হিসাবমতে, ২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩২ জন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার মানুষকে। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ২০১৫ সালে নির্মাতা কামার আহমাদ সাইমন বানিয়েছেন ‘একটি সূতার জবানবন্দী’। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ পূর্তির দিনে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। মাঝে কয়েকটি বিশেষ প্রদর্শনী হলেও নির্মাণের ১০ বছর পর দর্শকদের জন্য মুক্তি দেওয়া হচ্ছে সিনেমাটি।
পোশাকশিল্পের দুর্ঘটনা ও কর্মীদের মানবেতর জীবনযাপন নিয়ে তৈরি হয়েছে একটি সূতার জবানবন্দী। এর দৈর্ঘ্য ৫২ মিনিট। তবে একে প্রামাণ্যচিত্র বা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বলতে নারাজ নির্মাতা। কামার আহমাদ সাইমনের ভাষায় একটি সূতার জবানবন্দী হলো একটি অসমাপ্ত মনোলগ কোলাজ।
কামার আহমাদ সাইমন বলেন, ‘আকিরা কুরোসাওয়ার রাশোমনের (১৯৫০) অনুপ্রেরণায় একটি সূতার জবানবন্দী ৫২ মিনিটের একটি মনোলগ কোলাজ। আধুনিক ইতিহাসের সবচেয়ে মারাত্মক কাঠামোগত ব্যর্থতার সংখ্যার পেছনে মানুষের মুখ খুঁজে বের করার চেষ্টা। রানা প্লাজার পর আমাদের সমাজে যে ব্যাপক আলোচনা চলছিল, সেইটা নিয়ে একটা রিসার্চ করছিলাম। একটা পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানানোর ইচ্ছা ছিল, শেষ পর্যন্ত সিনেমাটি বানানো যায়নি। কারণ অনেক, আমরা তখন নতুন করে সেলফ সেন্সরড হতে শুরু করেছিলাম। তা ছাড়া নিউ লিবারেল পুঁজির দাপটে গোটা কালচারাল ইন্ডাস্ট্রিই তখন এক অর্থে লুম্পেনাইজড। তাই এর রিসার্চ ম্যাটেরিয়াল জোড়া দিয়ে একরকম অসম্পূর্ণ একটা কোলাজ দাঁড় করেছিলাম, যেটাকে প্রামাণ্যচিত্র বা ফিচার সিনেমা কোনোটাই বলা যাবে না। আমি বলি অসম্পূর্ণ মনোলগ কোলাজ, দর্শক স্রেফ ছবি হিসেবে দেখতে পারেন।’
নির্মাণের ১০ বছর পর সিনেমাটি মুক্তি দেওয়া প্রসঙ্গে কামার আহমাদ সাইমন বলেন, ‘আমার সিনেমাগুলো একটু ডিমান্ডিং, সময়ের বিচারে সম্ভবত ১০ বছর আগে বানানো। আমার প্রথম সিনেমা “শুনতে কি পাও”-এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল, সেটিও ওটিটিতে এসেছে প্রায় ১০ বছর পরে। আমাদের প্রচলিত যে চলচ্চিত্র চর্চা বা কালচারাল ইন্ডাস্ট্রি, তার সঙ্গে এই সিনেমাগুলোর কোনো দেনা-পাওনা ছিল না। কিন্তু এখন বরং একরকম উল্টো, অনেক দিন পরে মানুষ একসঙ্গে পুরোনো বন্দোবস্তগুলো বোঝার চেষ্টা করছে, নতুন করে রাস্তা খুঁজছে। সংস্কৃতিচর্চায় “দায় আর দরদ”-এর প্রশ্ন তাই এখন অনেক বেশি প্রাসঙ্গিক। এখনকার দর্শকও অনেক এক্সপোজড, তারা সারা দুনিয়ার ফিকশন, নন-ফিকশন, হাইব্রিড অনেক ধরনের কনটেন্ট দেখে অভ্যস্ত।’
পোশাকশিল্পে দুর্ঘটনা ও পোশাককর্মীদের মানবেতর জীবনের যে চিত্র এতে দেখানো হয়েছে, এত দিনেও কি সেই অবস্থার কোনো পরিবর্তন হয়েছে? এমন প্রশ্নের জবাবে নির্মাতার ভাষ্য, ‘আজকের দুনিয়ায় পোশাকশিল্প হলো নতুন ক্রীতদাস ব্যবস্থা। পার্থক্য শুধু, আগে জলদস্যুরা জোর করে সহজসরল মানুষের ধরে নিয়ে গিয়ে ভিনদেশে দাস হিসেবে বিক্রি করে দিত। আর এখন লিবারেল পুঁজি দেশি রাজনীতি-ব্যবসায়ী-ঠিকাদারের চক্করে দেশে দেশেই দাসব্যবস্থা তৈরি করে। তাই শ্রমিক-কৃষকের আলাপ আমাদের শহরকেন্দ্রিক তত্ত্বালোচনার বাইরেই থাকে। তাই পরিবর্তন তো দূরের কথা, প্রশ্নগুলোই তো আমরা এখনো তুলতে পারিনি।’
কামার আহমাদ সাইমনের রচনা ও পরিচালনা এবং সারা আফরীনের প্রযোজনায় নির্মিত হয়েছে একটি সূতার জবানবন্দী। ২০১৩ সালে ‘দ্য এশিয়ান পিস’ পুরস্কার জয় করেছিল এটি। পরবর্তী সময়ে এশিয়ার অন্যতম চারটি টেলিভিশন—জাপানের এনএইচকে, কোরিয়ার কেবিএস, তাইওয়ানের পিটিএস ও সিঙ্গাপুরের মিডিয়াকর্প যৌথভাবে প্রযোজনা করেছে সিনেমাটি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে