
পাহাড়-টিলা কাটা নিষিদ্ধ। পানির উৎস জলাধার-পুকুর ভরাটও নিষিদ্ধ। চট্টগ্রামের ফটিকছড়ির হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরী দুই নিষেধাজ্ঞাই অমান্য করছেন। ইউনিয়ন পরিষদ ভবন সম্প্রসারণের জন্য পুকুর ভরাট করছেন তিনি। আর সে কাজ করতে মাটির জোগান আসছে পাহাড় কেটে।
পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, প্রাকৃতিকভাবে সৃষ্ট অপেক্ষাকৃত উঁচু পাহাড়-টিলার জায়গা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। পানির উৎস ভরাটও নিষিদ্ধ। কিন্তু পরিবেশ অধিদপ্তর এবং প্রশাসনের কোনো অনুমোদন ছাড়াই ফটিকছড়ির হারুয়ালছড়িতে প্রকাশ্যে পাহাড় কাটা এবং পুকুর ভরাট করলেও গতকাল রোববার শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সরেজমিনে দেখা গেছে, হারুয়ালছড়ি ইউনিয়নের শান্তিরহাট বাজার থেকে রাঙ্গাপানি চা-বাগানে যাওয়ার পথে হাতের ডানে ৩০০ ফুট গেলেই বিশাল এক পাহাড়। সেখানে একাধিক এক্সকাভেটর ব্যবহার করে শ্রমিক দিয়ে চলছে পাহাড় কাটা। চেয়ারম্যানের নির্দেশে স্থানীয় বাসিন্দা বদি সওদাগরের নেতৃত্বে পাহাড়টি কাটা হচ্ছে। ইতিমধ্যে পাহাড়ের অনেকটা কেটে সাবাড় করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বদি সওদাগর কোনো ধরনের সদুত্তর না দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান। পরে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কল বারবার কেটে দেন। একপর্যায়ে বিরক্তি প্রকাশ করে এ বিষয়ে ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে বলেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর ইউপি চেয়ারম্যান ইকবাল চৌধুরী এলাকায় ক্ষমতাধর হয়ে ওঠেন। তিনি জামায়াত সমর্থিত হিসেবে পরিচিত। তবে দলীয় কোনো পদে নেই তিনি। ইউপি ভবন সম্প্রসারণ করতে তিনি পরিষদেরই বড় একটি পুকুর ভরাট করছেন। এ জন্য কাটছেন পাহাড়।
উপজেলা পরিবেশ সাংবাদিক সমিতির সভাপতি এম এস আকাশ বলেন, ‘ঘনবসতিপূর্ণ এলাকায় পুকুর পানি নিষ্কাশন ও অগ্নিকাণ্ড মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুকুর ভরাটের কারণে জলাধার নষ্ট হওয়ায় এই এলাকায় অগ্নিকাণ্ড মোকাবিলাও দুঃসাধ্য হবে।’
জানতে চাইলে চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, ‘পরিবেশের ক্ষতিকর কোনো কাজ আমি করছি না। ইউনিয়ন পরিষদের নিজস্ব পাহাড় কাটছি সম্প্রসারিত ইউপি ভবন নির্মাণের জন্য। এলাকার উন্নয়ন কাজের জন্য পাহাড় কাটা তো অপরাধ নয়। বিষয়টি ইউএনওর নলেজে দিয়েছি।’
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘বিষয়টি আমি জানি না। পাহাড় কাটা আইনত শাস্তিযোগ্য অপরাধ। পুকুর ভরাটও নিষিদ্ধ। বিষয়টি আপনাদের কাছ থেকেই শুনেছি। ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন বলেন, ‘পাহাড় কাটা এবং পুকুর ভরাটের বিষয়টি জানি না। এটি শাস্তিযোগ্য অপরাধ। এ জন্য অধিদপ্তরের কোনো অনুমতিও নেওয়া হয়নি। বিষয়টি দ্রুত সরেজমিন দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৩ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৭ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে