হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

নামজারির নামে ৪০ হাজার টাকা নেওয়ার পর আরও ১ লাখ দাবি, থানায় অভিযোগ

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

থানায় দেওয়া লিখিত অভিযোগপত্র। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে নামজারির কাগজপত্র করে দেওয়ার কথা বলে এক বৃদ্ধার কাছ থেকে ৪০ হাজার টাকা নেওয়ার পর আরও এক লাখ টাকা দাবি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে তাঁরই প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় টঙ্গিবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী হাফিজা খাতুন (৪০)।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আড়িয়ল ইউনিয়নের আপরকাঠি এলাকার মৃত তৌহিদুল ইসলামের স্ত্রী হাফিজা খাতুন তাঁর স্বামী ও ছেলে হাফিজুল ইসলামের পৈতৃক সম্পত্তির নামজারির জন্য প্রতিবেশী মো. মামুন সৈয়ালের সহায়তা নেন। নামজারির কাজ সম্পন্ন করে দেওয়ার কথা বলে অভিযুক্ত ব্যক্তি ধাপে ধাপে তাঁর কাছ থেকে প্রায় ৪০ হাজার টাকা নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, নামজারির কাজ শেষ হলেও মূল কাগজপত্র বুঝিয়ে না দিয়ে আরও টাকা দাবি করতে থাকেন মামুন সৈয়াল। সম্প্রতি চিকিৎসার খরচ জোগাতে স্বামীর সম্পত্তি বিক্রির উদ্যোগ নিলে তিনি কাগজপত্র ফেরত চাইতে যান। এ সময় তাঁর কাছে আরও এক লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগে আরও বলা হয়, ১৩ মে (বুধবার) বিকেলে আপরকাঠি এলাকায় স্বামীর ফাঁকা জমিতে গিয়ে কাগজপত্র চাইলে অভিযুক্ত ব্যক্তি ও তাঁর সহযোগীরা হাফিজা খাতুনকে মারধরের চেষ্টা করেন। পাশাপাশি তাঁকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে পরিস্থিতি শান্ত হয়।

হাফিজা খাতুন বলেন, ‘আমি একজন অসহায় বৃদ্ধা। চিকিৎসার জন্য জমি বিক্রি করতে চাই। নামজারির জন্য মামুনকে ৪০ হাজার টাকা দিয়েছি। এখন কাগজ ফেরত চাইতে গিয়ে উল্টো হয়রানির শিকার হচ্ছি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. মামুন সৈয়াল বলেন, নামজারির জন্য ২১ হাজার টাকায় চুক্তি হয়েছিল। এর মধ্যে ১৮ হাজার টাকা আড়িয়ল ইউনিয়ন ভূমি অফিসে জমা দেওয়া হয়েছে।

তবে আড়িয়ল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, ‘মামুন সৈয়াল নামের কাউকে আমরা চিনি না। অনেকেই বিভিন্ন কাজে অফিসে আসেন। তিনি কখনো এসেছেন কি না, সেটিও জানা নেই। আমরা শুধু নামজারির আবেদন গ্রহণ করি এবং যাচাই-বাছাই শেষে প্রস্তাব পাঠাই। নামজারি সম্পন্ন হলে সরকার নির্ধারিত ফি দিয়ে সংশ্লিষ্টরা কাগজ উত্তোলন করেন। অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই।’

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে স্কুলছাত্রী ও তার মাকে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ১

সিরাজদিখানে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

মুন্সিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ১০

মুন্সিগঞ্জে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে মাদ্রাসাছাত্রকে ছুরিকাঘাত শিক্ষকের

মুন্সিগঞ্জে ৮ কোটি টাকায় নির্মিত আধুনিক কসাইখানার উদ্বোধন

মুন্সিগঞ্জে স্ত্রীর সঙ্গে কলহের পর প্রবাসীর ঝুলন্ত ও পচন ধরা মরদেহ উদ্ধার

বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহার, আইসক্রিম ফ্যাক্টরিকে ৮০ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল শেষে হাতাহাতি, আহত কয়েকজন

সিরাজদিখানে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫