হোম > বিনোদন > হলিউড

আবার সিনেমার পর্দায় পুঁচকে লিলো ও ভিনগ্রহী স্টিচের গল্প

বিনোদন ডেস্ক

‘লিলো অ্যান্ড স্টিচ’ সিনেমার দৃশ্য

আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম। ‘লিলো অ্যান্ড স্টিচ ২’ পরিচালনার দায়িত্ব নিয়েছেন এই ফ্র্যাঞ্চাইজির মূল সহরূপকার, চিত্রনাট্যকার এবং স্টিচ চরিত্রের কণ্ঠশিল্পী ক্রিস স্যান্ডার্স।

লিলো অ্যান্ড স্টিচ কেবল ডিজনির একটি সফল ফ্র্যাঞ্চাইজিই নয়, এটি বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের এক বিশেষ আবেগ ও ভালোবাসার নাম। রূপকথা আর রাজকুমারীদের চেনা আবহ থেকে বেরিয়ে ২০০২ সালে সম্পূর্ণ অপ্রচলিত ও অভিনব এক গল্প পর্দায় নিয়ে আসে ডিজনি। ক্রিস স্যান্ডার্স ও ডিন ডিব্লয়েসের পরিচালনায় মুক্তি পায় অ্যানিমেশন সিনেমা লিলো অ্যান্ড স্টিচ।

মহাকাশের এক পাগল বিজ্ঞানী জিনগত পরীক্ষার মাধ্যমে হিংস্র ও নীল রঙের এক ভিনগ্রহী প্রাণী তৈরি করে, যার কোড নাম এক্সপেরিমেন্ট ৬২৬। সে কোনোভাবে পালিয়ে পৃথিবীতে এসে পড়ে। হাওয়াই দ্বীপের পুঁচকে মেয়ে লিলো তাকে কুকুর ভেবে পালতে শুরু করে এবং তার নাম দেয় স্টিচ। কীভাবে একটি ভিনগ্রহী প্রাণীকে ভালোবেসে আপন করে নেয় লিলোর পরিবার, সেই আবেগই এই সিনেমার মূল শক্তি।

২০০২ সালে অ্যানিমেশন সিনেমা লিলো অ্যান্ড স্টিচ মুক্তি পাওয়ার পর নীল রঙের স্টিচ চরিত্রটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। এর সফট টয়, টি-শার্ট, মগ ও মাসকটের চাহিদা আজও তুঙ্গে। এই সাফল্যকে মাথায় রেখে ডিজনি তাদের এই অ্যানিমেটেড ক্ল্যাসিককে গত বছর লাইভ-অ্যাকশনে রূপ দেয়। সিনেমাটি পরিচালনা করেন ডিন ফ্লেইশার ক্যাম্প।

লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’ গত বছরের মে মাসে মুক্তি পেয়ে ১৮৩ মিলিয়ন ডলারের ওপেনিং দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিল। বিশ্বজুড়ে এক বিলিয়ন ডলারের বেশি আয় করে ডিজনির অন্যতম সফল রিমেকে পরিণত হয়। শুধু তাই নয়, এটি ছিল ২০২৫ সালের হলিউডের প্রথম বিলিয়ন ডলার আয়কারী সিনেমা।

লাইভ-অ্যাকশন রিমেকের এই অভূতপূর্ব সাফল্য সত্ত্বেও ‘লিলো অ্যান্ড স্টিচ ২’ সিনেমার পরিচালকের আসনে বড়সড় বদল আসছে। ক্রিস স্যান্ডার্স এককভাবে পরিচালনা করবেন সিনেমাটি। মুক্তি পাবে ২০২৮ সালের ২৬ মে।

পরিচালক ক্রিস স্যান্ডার্স ২০০২ সালের মূল অ্যানিমেটেড ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর চিত্রনাট্য লেখেন এবং যৌথভাবে পরিচালনা করেন। একই সঙ্গে স্টিচ চরিত্রের ডাবিং বা কণ্ঠ দিয়ে ভক্তদের হৃদয়ে জায়গা করে নেন তিনি।

শুধু লিলো অ্যান্ড স্টিচ নয়, ক্রিস স্যান্ডার্সের নাম জড়িয়ে আছে আরও অনেক জনপ্রিয় সিনেমার সঙ্গে। ‘হাউ টু ট্রেন ইয়োর ড্রাগন’, ‘দ্য ক্রুডস’, ‘দ্য কল অব দ্য ওয়াইল্ড’-এর মতো জনপ্রিয় সিনেমা পরিচালনা করেছেন তিনি। তাঁর পরিচালিত ২০২৪ সালের অ্যানিমেটেড সায়েন্স ফিকশন ‘দ্য ওয়াইল্ড রোবট’ অস্কারে মনোনয়ন পায়।

টনি অ্যাওয়ার্ডসে জন লিথগোর রেকর্ড

শন পেনের বড় সিদ্ধান্ত

প্রেমিকার ছেলের হাতে খুন হলেন অভিনেতা জেমস হ্যান্ডি

পরবর্তী স্পাইডার-ম্যানের পথপ্রদর্শক হতে চান টম হল্যান্ড

আসছে হাউস অব দ্য ড্রাগনের তৃতীয় সিজন, ট্রেলারে ধ্বংসযজ্ঞের আভাস

ম্যাথিউ পেরির মৃত্যুর ঘটনায় সহকারীর ৪১ মাসের কারাদণ্ড

হলিউডের ‘ব্ল্যাকলিস্ট’ সংস্কৃতির তীব্র সমালোচনা করলেন হাভিয়ের বারদেম

৭৯তম কান চলচ্চিত্র উৎসব: আকস্মিক পুরস্কার পেয়ে কাঁদলেন জন ট্রাভোল্টা

এবারের কান উৎসবে হলিউড কেন অনুপস্থিত

কারাবন্দী মায়েদের জন্য কিম কারদাশিয়ানের মানবিক উদ্যোগ