হোম > খেলা > ফুটবল

শেষটা সুন্দর করতে চান কাবরেরা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

এটাই কি কাবরেরার শেষ ম্যাচ বাংলাদেশের হয়ে? ছবি: বাফুফে

কথায় আছে শেষ ভালো যার, সব ভালো তার। বাংলাদেশের অবশ্য সব ভালো হওয়ার উপায় নেই। এশিয়ান কাপ বাছাই থেকে মূলপর্বে যাওয়ার দরজা বন্ধ হয়েছে আগেই। কাল শেষ ম্যাচে মুখোমুখি হবে সিঙ্গাপুরের। তাই শেষটা সুন্দর করতে চান বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

চুক্তির দিক থেকে কাবরেরারও এটি বাংলাদেশের হয়ে শেষ ম্যাচ। ৩০ এপ্রিল বাফুফের সঙ্গে শেষ হচ্ছে তাঁর চুক্তি। নতুন করে আবারও তিনি ডাগআউটে থাকবেন কি না, তা হয়তো সময় বলে দেবে। তবে সম্ভাবনা নেই বললেই চলে। সমর্থকেরা তাঁর ওপর এতটাই বিরক্ত যে তাঁকে আর দেখতে চান না।

বিদায়বেলায় কাবরেরাও নিশ্চয় চাইবেন নিজের শেষটা সুন্দর করতে। আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটি এই এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ। এখানে আমরা খুব ভালো পারফরম্যান্স করেছি কিন্তু সম্ভবত আমরা যা আশা করেছিলাম তার চেয়ে কম পয়েন্ট পেয়েছি। তাই আমরা একটি ভালো সমাপ্তি চাই। আমরা আগামীকাল একটি শক্তিশালী পারফরম্যান্স দেখাতে চাই এবং ৩ পয়েন্টের জন্য লড়াই করতে চাই।’

আজকের ম্যাচে জয় পেলে বাছাইপর্ব শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়াবে ৬ ম্যাচে ৮ পয়েন্ট। অধিনায়ক জামাল ভূঁইয়া বিষয়টিকে দেখছেন ইতিহাস গড়ার সুযোগ হিসেবে। ম্যাচের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, ‘কোচ যেমনটা বললেন, আমরা যদি কাল ৩ পয়েন্ট পাই তবে ইতিহাস গড়তে পারব। বাংলাদেশ দলের জন্য ৮ পয়েন্ট পাওয়া হবে অত্যন্ত ইতিবাচক একটি বিষয়। আমরা খুব ভালো পারফর্ম করেছি এবং আগামীকাল আমাদের সামনে আরও একটি কাজ বাকি আছে। আমি মনে করি আমরা এর জন্য পুরোপুরি প্রস্তুত।’

সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের সমর্থন জামালদের জন্য বাড়তি অনুপ্রেরণা। ভক্তদের ভালোবাসা নিয়ে জামাল বলেন, ‘আমরা যেখানেই যাই, যেসব দেশে অনেক বাঙালি আছে, সেখানে আমরা প্রায়ই এই ধরনের ভিড় দেখি। প্রতিটি ম্যাচই একটি চ্যালেঞ্জ। যারা টিকিট পায়নি তারা যদি আমাদের খেলা দেখতে পারত তবে খুব ভালো হতো, কারণ জাতীয় দল তো আর প্রতিদিন সিঙ্গাপুরে আসে না। তারা অবশ্যই আমাদের হৃদয়ে থাকবে এবং আমরা তাদের জন্যও লড়াই করব।’

‘সি’ গ্রুপ থেকে এশিয়ান কাপের টিকিট কেটেছে সিঙ্গাপুরই। সর্বশেষ ১৯৮৪ সালে মূলপর্বে খেলেছিল তারা। গত বছরের জুনে প্রথম লেগে বাংলাদেশকে ঘরের মাঠে হারিয়েছিল ২–১ গোলে। সেই হার থেকে শিক্ষা নিয়েছেন কাবরেরা, ‘ওই ম্যাচে আমাদের শুরুটা খুব ভালো ছিল, কিন্তু আমরা শক্তি হারিয়ে ফেলি এবং ম্যাচের মাঝামাঝি সময়ে সিঙ্গাপুর সেই সুযোগগুলো খুব ভালোভাবে কাজে লাগায়। তবে শেষ ২০-৩০ মিনিটে আমাদের অন্তত এক পয়েন্ট পাওয়ার অনেক সুযোগ ছিল। তাই আমরা আগামীকাল একই মানের প্রতিদ্বন্দ্বিতা আশা করছি। ইতিবাচক দিক হলো দল নিশ্চিতভাবেই উন্নতির দিকে আছে।’

নেপালের বিপক্ষে স্পেশাল কিছু জমিয়ে রেখেছেন রোনান

কবে ফিরছেন রোনালদো

মাসে ১ লাখ টাকা সরকারি ভাতা পেয়ে খুশি খেলোয়াড়েরা

সেনেগাল-মরক্কোর শিরোপা বিতর্কের মধ্যেই ফেডারেশনের মহাসচিবের পদত্যাগ

সাফে আলোড়ন তোলা বাংলাদেশের প্রবাসী ফুটবলার রোনান যেখানে আলাদা

নেপালকে হারিয়ে ফাইনালে উঠতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

ইংল্যান্ড ফুটবল দল যেন এখন হাসপাতাল

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যুতে দর্শকের আকস্মিক মৃত্যু

আদালতের অপেক্ষা না করে সেনেগালের শিরোপা উৎসব

সিঙ্গাপুর ম্যাচের আগে সেট পিস নিয়ে চিন্তায় বাংলাদেশ