হোম > খেলা > ক্রিকেট

বুমরাকে পেটানো সূর্যবংশীর প্রশংসায় পঞ্চমুখ পান্ডিয়া

ক্রীড়া ডেস্ক    

বৈভব সূর্যবংশীর ঝোড়ো ব্যাটিংয়ে মুগ্ধ হার্দিক পান্ডিয়া। ছবি: সংগৃহীত

বৈভব সূর্যবংশীর কাছে প্রথম গিয়ার, দ্বিতীয় গিয়ার বলে আসলেই কিছু নেই। তিনি যেভাবে তাণ্ডব চালান, তা পঞ্চম-ষষ্ঠ গিয়ারে বাইক চালানোর মতোই। ভারতের বয়সভিত্তিক দল, আইপিএল, লিস্ট ‘এ’, টি-টোয়েন্টি—দল, সংস্করণ যা-ই হোক না কেন, তাঁর ব্যাটে ওঠে ঝড়। সূর্যবংশীর তাণ্ডব থেকে রেহাই পান না জসপ্রীত বুমরার মতো তারকা বোলাররাও।

গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির বাগড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স-রাজস্থান রয়্যালস ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ১১ ওভারে। টস হেরে আগে ব্যাটিং পাওয়া রাজস্থান ১১ ওভারে ৩ উইকেটে করে ১৫০ রান। ওপেনার যশস্বী জয়সওয়াল ইনিংস সর্বোচ্চ ৭৭ রান করলেও বড় স্কোরের ভিতটা গড়ে দেন সূর্যবংশী। ১৪ বলে ১ চার ও ৫ ছক্কায় সূর্যবংশী করেন ৩৯ রান। যার মধ্যে দুই ছক্কা মেরেছেন বুমরাকে। এমন তো নয় যে কখনো বুমরা ছক্কা হজম করেননি। কিন্তু গতির হেরফেরে বুমরা অন্যান্যদের বোকা বানাতে পারলেও সূর্যবংশীর কাছে এবার হার মেনেছেন।

১১ ওভারে নেমে আসা ম্যাচটি মুম্বাই হেরে যায় ২৭ রানে। ম্যাচ চলাকালীন বিস্ময় বালক সূর্যবংশীকে বারবার বাহবা দিয়েছেন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও সূর্যবংশীর প্রশংসায় পঞ্চমুখ পান্ডিয়া, ‘১৬-১৭ বছর বয়সী (১৫ বছর বয়সী) একটা ছেলেকে এভাবে খেলতে দেখলে সত্যিই অনেক ভালো লাগে। তার ব্যাটিংয়ের ধরন এবং যেভাবে ভয়ডরহীন ক্রিকেট খেলে, সেটা অসাধারণ। শুধু ভুলগুলো থেকে শিখতে হবে। তার ভবিষ্যতের জন্য শুভকামনা।’

টস হেরে আগে ব্যাটিং পাওয়া রাজস্থানের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও সূর্যবংশী শুরুতেই ওলটপালন করে দেন মুম্বাইকে। ৩০ বলে ৮০ রানের জুটি গড়েন জয়সওয়াল-সূর্যবংশী। ঝোড়ো ইনিংস খেলে সূর্যবংশী বিদায় নিলেও একপ্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত খেলেন জয়সওয়াল। ৩২ বলে ১০ চার ও ৪ ছক্কায় ৭৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন জয়সওয়াল।

সতীর্থ সূর্যবংশীর ঝোড়ো ব্যাটিং অনেক অনুপ্রাণিত করে বলে জানিয়েছেন জয়সওয়াল। রাজস্থানের ২৭ রানে জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জয়সওয়াল বলেন, ‘আসলেই বিস্ময়কর। সূর্যবংশী খেলাটা খুব দারুণ বোঝে। যাতে ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে, সেই বার্তা তাকে (সূর্যবংশী) দিই। তাকে দেখে আমি নিজেও অনুপ্রাণিত হই।’

১১ ওভারে ১৫১ রানের লক্ষ্যে নেমে পুরো ওভার ব্যাটিং করে ৯ উইকেটে ১২৩ রানে আটকে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে শীর্ষে রাজস্থান। সানরাইজার্স হায়দরাবাদ, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, মুম্বাই ইন্ডিয়ান্স—প্রত্যেকের পয়েন্ট ২ হলেও নেট রানরেটের কারণে অবস্থান ভিন্ন। পাঁচ, ছয় ও সাতে অবস্থান করছে হায়দরাবাদ, লক্ষ্ণৌ ও মুম্বাই। ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে পাঞ্জাব কিংস। তিন ও চারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস দুই দলেরই পয়েন্ট ৪।

বিদ্যুৎ বাঁচাতে নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ দিনে

বিসিবিতে তামিমের কমিটিতে কে কোন দায়িত্বে

পিএসএলে রানার অভিষেক, অপেক্ষায় তামিম

তিন গ্লাস ওয়াইন পান করে গাড়ি চালিয়ে বিপাকে ওয়ার্নার

বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড: সংসদে হাসনাত

তামিমকে অভিনন্দন জানালেন ভারতীয় বোর্ডের কর্মকর্তা

‘ভারতকে মনে করানোর দরকার ছিল, আমাদেরও মেরুদণ্ড আছে’

‘এখন বাংলাদেশে সবচেয়ে বড় সার্কাস চলছে ক্রিকেট বোর্ডে’

ভারতে আম্পায়ার খুনের অভিযোগে দর্শকের বিরুদ্ধে হত্যা মামলা

সরকার ক্রিকেটীয় স্বায়ত্তশাসনের গলায় ছুরি ধরেছে, আইসিসির হস্তক্ষেপ চেয়ে বুলবুল