সম্প্রতি গণমাধ্যমে পাঁচ বছরের শিশু রাতুলের কাঁধে সংসারের বোঝা—এমন একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি নজরে এলে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশে আজ বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ের শান্তিপুর এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল রাতুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে। সংগঠনটির সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধিদলটি শিশুটির অসুস্থ বাবা মো. রাব্বির কাছে সহমর্মিতার বার্তা পৌঁছে দেয় এবং তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করে। একই সঙ্গে রাতুলের শিক্ষার পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
একই দিনে প্রতিনিধিদলটি রাজধানীর আগারগাঁও এলাকায় পানি বিক্রেতা বৃদ্ধ শাহানুর বেগমের সঙ্গেও সাক্ষাৎ করে এবং তাঁকে আর্থিক সহায়তা দেয়।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, সায়হাম সিকান্দার পাপ্পু, ইঞ্জিনিয়ার আবু হানিফ, মো. মেসবাউল আলম, মশিউর রহমান ও আব্দুল্লাহ আল মিসবাহসহ অন্যরা।